ভারতের মুম্বাইয়ে শাস্ত্রীয় নাচের প্রতিযোগিতা হবে। প্রতিযোগীরা এখানে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নিজেদের প্রস্তুত করেন। আর বিচারকের আসনে থাকেন ভারতের খ্যাতিমান নৃত্যগুরুরা। পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, এই গুরুদের সামনে নৃত্য পরিবেশন করাটাই অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামিনা হোসেন (প্রেমা) আর ওয়ার্দা রিহাব তখন কলকাতার মণিপুরি নর্তনালয়ের ছাত্রী। গুরু কলাবতী দেবীর কাছে মণিপুরি নাচ শিখছেন। কলাবতী দেবী তাঁর সব শিক্ষার্থীর মধ্য থেকে প্রেমা ও ওয়ার্দাকে এই প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সময়টা ছিল ২০০৯ সালের মে মাস। ওয়ার্দা বলছিলেন, ‘এই প্রতিযোগিতা নিয়ে সবার মনেই একটা আতঙ্ক কাজ করে। পুরোপুরি শাস্ত্রীয় নৃত্যশিল্পী হতে পারলেই কেবল এখানে অংশ নেওয়া সম্ভব।’ আর প্রেমা বললেন, ‘কলকাতার মতো জায়গায় থেকে আমরা দুজন বাংলাদেশি মেয়ে এই প্রতিযোগিতায় সুযোগ পেয়েছি, আর কলাবতী দেবী আমাদের নির্বাচিত করেছেন, এটাই ছিল অনেক বড় পাওয়া।’ প্রতিযোগিতার অন্যরা পরিবেশন করলেন উড়িশি, কথাকলি ও ভরত নাট্যম। আর মণিপুরি নাচ করলেন প্রেমা ও ওয়ার্দা। তাঁদের নাচ দেখে সবাই সেদিন মুগ্ধ হয়েছিল। দর্শকদের মধ্য থেকে কেউ কেউ এসে তাঁদের নাচের প্রশংসা করে বললেন, ‘মুম্বাইতে অনেক দিন এত ভালো মণিপুরি নাচ দেখিনি। এ শুধু গুরু বিপিন সিং ঘরানার মণিপুরি নাচ বলেই হয়তো এত ভালো লেগেছে।’বিচারকদেরও ভালো লেগেছিল। তাই প্রতিযোগিতা শেষে শৃঙ্গারমনি পুরস্কারের জন্য তাঁরা মনোনীত করেছিলেন প্রেমা ও ওয়ার্দাকে। এ শুধু প্রেমা আর ওয়ার্দা কিংবা কলাবতী দেবী এবং গুরু বিপিন সিং ঘরানার মণিপুরি নাচের জয় নয়, সেদিন মুম্বাইয়ের সেই শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়েদের নাচের উন্নতির কথাও সবাই জানতে পেরেছিল। বাংলাদেশেও এখন তরুণ সম্ভাবনাময় নৃত্যশিল্পীদের কথা উঠলে প্রেমা ও ওয়ার্দার নাম আসে আগে।প্রেমা ও ওয়ার্দা দুজনই ছিলেন ছায়ানটের শিক্ষার্থী। এমনিতে প্রেমা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিষয়ে। আর ওয়ার্দা বিবিএ ও এমবিএ করেছেন। প্রেমা এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে মণিপুরি নাচের ওপর স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। ওয়ার্দা এই বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে মণিপুরি নাচের ওপর স্নাতক করেছেন। জানালেন, গত বছর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড নম্বর পেয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। তাঁর এই ফলাফল দেখে তখন সেখানে হইচই পড়েছিল। গত বছর এপ্রিলে কলকাতার আরেকটি বড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ওয়ার্দা। মণিপুরি নাচের ওপর লিখিত ও ব্যবহারিক পরীক্ষা হয় এখানে। আর এই প্রতিযোগিতায় তিনি জিতেছিলেন ‘সংগীত বিভাকর পুরস্কার’। বাংলাদেশে তাঁরা নাচ শিখেছিলেন শর্মিলা বন্দোপাধ্যায়, তামান্না রহমান ও বেলায়েতের কাছে। এই নৃত্যশিক্ষকদের কথা বারবারই এসেছে তাঁদের আলোচনায়। এসেছে সাধনার লুবনা মরিয়মের কথাও। এখন তাঁর সহযোগিতায় বিভিন্ন নৃত্যনাট্য তৈরি করছেন প্রেমা ও ওয়ার্দা। আর তা পরিবেশন করছেন দেশে ও দেশের বাইরে। এরই মধ্যে রবীন্দ্রনাথের ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে ওয়ার্দা তৈরি করেছেন নৃত্যনাট্য ‘হে অনন্ত পুণ্য’। এখন চর্যাপদ থেকে সায়মন জাকারিয়ার লেখা নাটক নিয়ে ‘বোধিদ্রুম’ নৃত্যনাট্যে রূপ দিচ্ছেন তিনি। বললেন, ‘বাংলার প্রাচীন নৃত্যরীতিটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রাচীন অনেক দেয়ালের টেরাকোটায় বিভিন্ন নাচের ভঙ্গি দেখি। কিন্তু এগুলো নিয়ে তেমন কোনো কাজ হয়নি। আমি সেগুলোকে এই নৃত্যনাট্যে যুক্ত করছি।’প্রেমা জানান, সাধনার হয়ে এরই মধ্যে রবীন্দ্রনাথের ‘ভানুসিংহের পদাবলী’ নিয়ে গীতি নৃত্যনাট্য করেছেন তিনি। বললেন, ‘আমার মনের মধ্যে অনেক দিন ধরে লোকনৃত্য খেলছিল। লোকনাচ নিয়ে অনেক কাজ হয়েছে, সেগুলো অবশ্যই সুন্দর। কিন্তু একটা পরিবর্তন আনার কথা ভাবছিলাম। সৈয়দ শামসুল হকের চম্পাবতীকে আমি বেছে নিয়েছিলাম।’ জানালেন, লাঠিনাচ নিয়েও তিনি কাজ করছেন।তাঁরা দুজন এরই মধ্যে প্রতিষ্ঠা করেছেন নাচের স্কুল। প্রেমা বললেন, ‘ ধানমন্ডির ৭ নম্বর সড়কে গড়েছি ভাবনা। পাশাপাশি সানিডেল স্কুলেও শিক্ষকতা করছি।’আর এলিফ্যান্ট রোডের নিজের বাসায়ই নাচ শেখাচ্ছেন ওয়ার্দা। তাঁর এই প্রতিষ্ঠানের নাম ধৃতি। ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে প্রেমা বললেন, ‘এখন ভাবনাকে নিয়েই আমরা যত ভাবনা।’ আর ওয়ার্দা বললেন, ‘ধৃতির প্রচার ও প্রসারের জন্য কাজ করে যাব।’