নৃত্যে সমসাময়িক জীবনচিত্র
ইউরোপীয় সমসাময়িক নৃত্য, হিপহপ ও ধ্রুপদী বাঙালি নৃত্য এই তিনের সম্মিলনে গত শনিবার সন্ধ্যায় মুসলিম ইনস্টিটিউট হলে হয়ে গেল এক ভিন্নধর্মী নৃত্যানুষ্ঠান। আলিয়ঁস ফ্রঁসেস ও গ্যটে ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই নৃত্যানুষ্ঠানে ঢাকা-চট্টগ্রামের মোট ১৬ জন তরুণ শিল্পী অংশ নিয়েছেন। অনুষ্ঠানের কোরিওগ্রাফার ও নৃত্য পরিচালনায় ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যপরিচালক সামির আকিকা, জার্মান নৃত্যশিল্পী অ্যান্ডি জনডাগ।এক ঘণ্টার এই অনুষ্ঠানে শিল্পীরা নান্দনিক ভঙ্গিমায়, অপরূপ মুদ্রায় পূর্ব আর পশ্চিমের সংস্কৃতির এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন। পশ্চিমা সংগীতের ঝংকারে, বাংলা সিনেমার জনপ্রিয় গানের ছন্দে নেচে নেচে তাঁরা দর্শকদের আনন্দে ভরিয়ে দিয়েছেন। নাচের সঙ্গে সঙ্গে শিল্পীদের কথোপকথন, স্মৃতি রোমন্থন, অভিনয়ের মতো নানা পরিবেশনা দর্শকদের জন্য বাড়তি বিনোদনের খোরাক হয়েছে।অনুষ্ঠানের আঙ্গিকের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দেন আলিয়ঁস ফ্রঁসেস, চট্টগ্রাম শাখার পরিচালক স্যামুয়েল বার্থে এবং ঢাকার সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাধনার প্রধান লুবনা মরিয়ম।স্যামুয়েল বার্থে ও লুবনা মরিয়ম বলেন, বাংলাদেশের নবীনদের নিয়ে এক প্রাণবন্ত উপস্থাপনার জন্য ফ্রান্স ও জার্মানির যৌথ তহবিলে আলিয়ঁস ফ্রঁসেস ও গ্যটে ইনস্টিটিউট এ উদ্যোগটি হাতে নিয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল সিটি ব্যাংক। নিউইয়র্কের কৃষ্ণাঙ্গদের শ্রেণীবৈষম্যের বিরুদ্ধে অবস্থানের কারণে উদ্ভব এই হিপহপ সংস্কৃতি। হিপহপ হচ্ছে সড়ক থেকে উঠে আসা প্রতিবাদের একটি ভাষা। সমাজের উচ্চ শ্রেণীকে সচেতন করতে, বিভিন্ন বিষয়ে তাদের টনক নড়ানোর জন্যই এর উৎপত্তি। এই নৃত্যানুষ্ঠানেও সড়কে থাকা প্রান্তিক মানুষের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্রেক্ষাপটে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা হয়েছে মূলত নৃত্যের মাধ্যমে।বক্তব্যের পরই হলভর্তি দর্শক-শ্রোতাদের সামনে শুরুতেই এক তরুণের ছেলেবেলায় লুঙ্গি পরার হাস্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন ঢাকার এক শিল্পী। তার পরই রং-বেরঙের পশ্চিমা পোশাকে ১৬ জন তরুণ-তরুণীর ধুমধাড়াক্কা নাচ। এরপর বান্দরবানের শিল্পী মং মারমা বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে ফ্যাশন সম্পর্কে খানিকটা ধারণা দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া পথের ভিক্ষুক, ধোঁয়ার কষ্ট, প্রেমিক-প্রেমিকার আচার-আচরণ—এসবই তুলে ধরা হয় শিল্পীদের অভিনয় ও নৃত্যে। শোনানো হয় মজাদার কৌতুক।পুরো অনুষ্ঠানেই শিল্পীদের জীবনাচরণের খণ্ড খণ্ড চিত্র তুলে ধরা হয়। অনেকটা ১৬ শিল্পীর জীবনের রিমিক্স করা গানের নাচ। বাংলা সিনেমার ‘বাহির বলে দূরে থাকুক/ভেতর বলে আসুক না’ গানটির সঙ্গে আট তরুণ জুটির নৃত্যের সময় দর্শক-শ্রোতাদের মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনি বেজে উঠছিল বারবার। সব শেষে শিল্পীরা নিজের অভিব্যক্তি তুলে ধরেন। তাঁরা সামাজিক বৈষম্য, ইভ টিজিংয়ের বিরুদ্ধে অবস্থান দৃঢ় করার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানান।প্রসঙ্গত, নৃত্যানুষ্ঠানে ১৬ জন অংশগ্রহণকারী শিল্পী সমকালীন নৃত্যের ওপর গত ২৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ঢাকায় শিল্পকলা একাডেমীতে নয় দিনব্যাপী একটি কর্মশালায় অংশগ্রহণ করেন।