নৃত্যের তালে তালে
বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা কানায় কানায় পূর্ণ। এমনকি মিলনায়তনের শেষ সারি ছাপিয়ে দর্শকেরা দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছেন। প্রতিটি নাচের শেষে দর্শকদের করতালিতে বোঝা যায়, কতটা উচ্ছ্বসিত তাঁরা। নাচের তালে তালে ফুটে উঠছে প্রেম, বিরহ ও মানুষের যান্ত্রিক বাস্তবতা। সেই সঙ্গে আলোর নাচন যেন যুক্ত করেছে এক ভিন্নমাত্রা।১৪ মার্চ সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মুগ্ধকর এ পরিবেশ তৈরি করে যুক্তরাষ্ট্র থেকে আসা ‘স্পেকট্রাম ড্যান্স থিয়েটার’। ঢাকার দর্শকদের জন্য ভিন্ন ধারার এ নৃত্য প্রদর্শনীর আয়োজন করে আমেরিকান সেন্টার। স্পেকট্রাম ড্যান্স থিয়েটার ‘স্কর্চড’, ‘ইউক্লিডিয়ান স্পেস’, ‘সোপবক্স’, ‘সেন্টিমেন্টাল ক্যানিবালিজম’ ও ‘কন্টে ফান্টাস্টিক’ শিরোনামের পাঁচটি নৃত্য পরিবেশন করে।এসব নৃত্য পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের নৃত্য পরিচালক ডোনাল্ড বার্ড। এতে নৃত্য পরিবেশন করেন টাই আলেকজান্ডার চেঞ্জ, ভিনসেন্ট মাইকেল লোপেজ, ডেরেক ক্রেসেন্টি, জেড সলোমন কার্টিস, ডোনাল্ড জোন্স, শ্যাডু মিনট্রন, কেট মন্টি ও স্টেসি উইলিয়ামস।আলোকসজ্জা ও সাজসজ্জায় ছিলেন জ্যাক মেহলার, টমস্টার্জ, ডরিস ব্ল্যাক, ক্রিস্টন জোলি ও জেসিকা মার্কেউইচভ।