নেই কোনো ছুটি
পঞ্চগড়ে গ্রীষ্মের এই সময়টা আগুন ঝরে। ঢাকার গরম সেই হিসেবে তেমন কিছু না। তবু একেকটা প্যাডেল মারে, আর মনির মিয়ার মনে হয় কলজেটা বের হয়ে যায় যায়। রিকশা যখন তীব্র যানজটে বসে থাকে, মাথার ওপরের গনগনে সূর্যটাকে জ্বলন্ত উনুনই বোধ হয়।
দিন তিনেক হয়েছে মাত্র। ঢাকার রাস্তাঘাট, ভাড়া এখনো ঠিকমতো মগজে বসেনি। শার্ট-প্যান্ট পরা ভদ্রলোকগুলোকে খুব সৎ আর বিশ্বস্ত মনে হয়। সেই বিশ্বাসেই মনির বলে ফেলে, ‘আপনার ইনসাফমতো দিলেই হইব।’ ভদ্রলোকটি অফিসপাড়া থেকে সদরঘাট যাবে। তা তিনি যদি পথ চিনিয়ে দেন, আর ‘ইনসাফ’ করেন, মনির তো যাবেই।
রাজধানীর পিচঢালা পথে রিকশা এগোয় শম্বুকগতিতে। ভদ্রলোকটি তাই গল্প জুড়ে দেন শহরের নতুন এই রিকশাওয়ালার সঙ্গে।
‘নতুন এসেছিস শহরে?’
‘হ, স্যার।’
‘তোদের মতো লোকদের জন্য ঢাকায় চলা যায় না। কেন, গ্রামে কাজ করা যায় না? ঢাকায় এসে শহরটাকে তোরা বসবাসের অযোগ্য করে ফেলেছিস।’
মনির ফ্যালফ্যাল করে তাকায় আর হাসে। সে তো আর গুছিয়ে বলতে পারে না, ‘স্যার, গ্রামে নিজের ভিটেমাটিটা ছাড়া আর কিছুই নাই। এই সময়টা খেতের কাজও থাকে না। গ্রামে দুই পয়সা রোজগার করা কষ্ট না, মাঝে মাঝে অসম্ভব হয়ে পড়ে। বউ, দুই মেয়েকে নিয়ে অনাহার করতে চাই না বলেই তো ঢাকায় আসা। ঢাকার বাতাসে টাকা ওড়ে। দুইটা পয়সা যদি জোটাতে পারি, এ জন্যই তো আগুন আগুন দুপুরে ঘাম ফেলি।’
‘রোববার মে দিবস, জানিস?’
মনির হাঁ করে তাকিয়ে থাকে।
‘ও, তোরা গেঁয়ো লোক এসব কি বুঝবি? যাক, বুঝে কাজ নেই। কেমন মিলিয়ে তিন দিনের ছুটি পেয়ে গেলাম। দেশের বাড়িতে ঘুরে আসি, কেমন।’
স্যার, আপনিও তাইলে এই শহরের আগন্তুক। কথাটা বলতে গিয়েও বলে না মনির। জ্যাম ছুটে গেছে। পাগলের মতো প্যাডেল মারছে এখন। ঘেমে-নেয়ে একাকার। কপালের রগগুলো টগবগ করছে। মাথাটা ঘুরছে। যেকোনো সময় হয়তো পড়ে যেত মনির। তবু হঠাৎ থামতে হয়। এই ব্যস্ত কোলাহলে ভরা জায়গাটাই নাকি সদরঘাট। মনিরের মনে হলো পুরো একটা দিন সে রিকশা চালিয়েছে আজ।
‘নে, বিশটা টাকা রাখ।’
‘স্যার, এত দূর আইসা মোটে কুড়ি টাকা?’
‘থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। পাঁচ মিনিটের রাস্তা। “ইনসাফ” করে দিয়েছি, রাখ! না হলে এক টাকাও দিব না।’
মনির টাকাটা নেয়। হয়তো এটাই ‘ইনসাফের’ ভাড়া। শহরের শার্ট-প্যান্ট পরা ভদ্রলোকেরা কি আর ফাঁকি দিতে পারে?
মনির আবার মাথা তুলে দাঁড়ায়। ছুটি কাটাতে কত লোক যে বাড়িতে যাবে, তাদের নামিয়ে দিতে হবে না? মে দিবস কী, সে জানে না। জানতে চায়ও না। শুধু জানে, মনিরদেরই কোনো দিবস নেই। নেই কোনো ছুটি।