দিনে দিনে পরিবর্তিত হচ্ছে পরিবারের কাঠামো। যৌথ পরিবার ভেঙে একক পরিবার। তা থেকে এখন হচ্ছে ‘ক্ষুদ্র একক’ পরিবার। কখনো সেই পরিবারে সন্তান মাত্র একজন। দ্রুত নগরায়ণের কারণে অ্যাপার্টমেন্টে বন্দী হয়ে যাচ্ছে শিশুটি। পরিবারের মধ্যে তো নয়ই, এমনকি আশপাশেও সে পাচ্ছে না সমবয়সী বন্ধু বা খেলার সাথি। তার বেড়ে ওঠার উপকরণের মধ্যে নেই ধুলামাখা মাঠ নেই, নেই ঘেমে একাকার হয়ে ১০টি শিশুর সঙ্গে খেলা। টিভির পর্দা, কম্পিউটারের মনিটর আর মাঝেমধ্যে ফাস্ট ফুডের রেস্তোরাঁয় মা-বাবার সঙ্গী হওয়াটাই তার গণ্ডিবদ্ধ জীবন। স্কুলের সময়টুকু ছাড়া বাকি সময়টায় সে একদম একা।এই একাকী বেড়ে ওঠার কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাদের মধ্যে মনোসামাজিক সমস্যা হওয়ার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। বেশির ভাগ সময় সে মা-বাবার ওপর নির্ভরশীল হয়ে থাকে। এ ছাড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, সামাজিক সম্পর্ক গড়ে ওঠে না এবং কমে যায় আত্মবিশ্বাস। কখনো সে তার নিঃসঙ্গতার শূন্যস্থান পূরণের জন্য বেছে নেয় ভুল বা অসম বয়সী বন্ধু, যা তৈরি করে আরেক সমস্যা।বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভাইবোন বা সমবয়সীদের সঙ্গে মিলেমিশে বেড়ে ওঠা শিশুদের তুলনায় একাকী বেড়ে ওঠা শিশুদের মধ্যে বিষণ্নতা, খিটখিটে বা আক্রমণাত্মক আচরণ, অমিশুকে স্বভাব, ব্যক্তিত্বের সমস্যা, আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজবিরোধী আচরণ করার হার অনেক বেশি। এসব সমস্যা থেকে রেহাই পেতে রাতারাতি একটি শিশুর জন্য অনেক বন্ধুবান্ধব, সমবয়সী খেলার সাথি বা ভাইবোন জোগাড় করা সম্ভব নয়। তাই মা-বাবা বা পরিবারের অন্য সদস্যদের কিছু দায়িত্ব পালন করতে হবে বা আচরণের পরিবর্তন করতে হবে, যাতে এ নিঃসঙ্গ-একাকী বেড়ে ওঠা শিশুরা তাদের বিকাশকে স্বাভাবিক রেখে মনোসামাজিক সমস্যা থেকে মুক্ত থাকতে পারে। নিঃসঙ্গ শিশুদের মা-বাবার জন্য এ রকম কয়েকটি পরামর্শ: শিশুকে বন্ধু তৈরি করার পর্যাপ্ত সুযোগ দিন। বিদ্যালয়ে বা বাসার আশপাশের সমবয়সীদের সঙ্গে মিশতে উৎসাহী করুন। তার দৈনন্দিন রুটিন শিথিল করুন, যাতে সে কিছুটা সময় নিজের জন্য বের করে নিতে পারে। বন্ধুদের সঙ্গে খেলতে বা তাদের সঙ্গে কোনো অনুষ্ঠানে যেতে চাইলে তাকে সে সুযোগ দিন। তার বন্ধুদের আপনার বাসায় আসতে উৎসাহী করুন। দল বেঁধে খেলা যায়, এমন খেলা খেলতে উৎসাহ দিন। শিশুটির শখকে প্রাধান্য দিন, আপনার পছন্দ-অপছন্দ তার ওপর চাপাবেন না। সে যে ‘একাকী’, ‘নিঃসঙ্গ’; সে যে অনেক শিশুর চেয়ে আলাদা, এসব কথা তাকে বলবেন না। সন্তানের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলুন, তাকে গুণগত সময় দিন। কখনো তার মন খারাপ হতে পারে, এ সময় অযথা তাকে প্রশ্ন করে বিব্রত করবেন না। তবে মন খারাপের কারণ খুঁজে পেলে তা দূর করার চেষ্টা করুন। শিশুকে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে সাহায্য করুন। খাবার টেবিলে সবাই একসঙ্গে খাবার গ্রহণ করুন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখুন, দাম্পত্য কলহের কারণে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে শিশুটিকে আরও নিঃসঙ্গ করবেন না।লেখক: মনোরোগ বিশেষজ্ঞ