নেই জনবল ও পর্যাপ্ত ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ শয্যার দুটি কক্ষে কয়েকজন রোগী শয্যাশায়ী। মেঝেতে স্যাঁতসেঁতে ময়লা। তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে যন্ত্রপাতিসমৃদ্ধ অস্ত্রোপচার ও চিকিৎসকের কক্ষ। নতুন এক্স-রে যন্ত্র বারান্দায় এক দশক ধরে বাক্সবন্দী হয়ে পড়ে আছে। এই অবস্থার মধ্যে চলছে রাউজান পৌরসদরের সুলতানপুর ৩১ শয্যার হাসপাতালটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় এক যুগ আগে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালে প্রয়োজনীয় সব কিছু আছে। নেই সেবাদান করার মতো প্রয়োজনীয় জনবল, রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ ও খাদ্য।গত ২৯ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, হাসপাতাল ভবনের মূল ফটকে দুটি পৃথক উদ্বোধনী নামফলক। একটিতে উদ্বোধক হিসেবে জোট সরকারের আমলের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বর্তমান কারাবন্দী বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম, অপরটিতে তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ এস এম মতিয়ুর রহমানের নাম লেখা রয়েছে।হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা আবুল কাসেম বলেন, ‘যাঁদের নামফলক খোদাই করে রাখা হয়েছে, তাঁরা দুজনই উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছিলেন, দ্রুত জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ সেবাদানের উপযোগী করা হবে। কিন্তু এ পর্যন্ত তা করা হয়নি।’ ভবনের অভ্যন্তরে ঢুকতেই নজরে পড়ে মেঝেতে পড়ে আছে বাক্সন্দী এক্স-রে যন্ত্র। প্রয়োজনীয় জনবল না থাকায় যথাস্থানে বসানো হয়নি যন্ত্রটি। দ্বিতীয় তলার প্রবেশমুখে তালা ঝোলানো কক্ষটি অস্ত্রোপচারের। এ ছাড়া চিকিৎসা কর্মকর্তাদের বসার প্রায় সব কটি কক্ষ তালাবদ্ধ। সম্প্রতি নিয়োগ পাওয়া চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার নাথ জানান, কোনো কাজ না থাকায় অস্ত্রোপচার কক্ষটি খোলা হয় না। জনবল কাঠামো অনুসারে চিকিৎসক নিয়োগ না হওয়ায় কক্ষগুলো বন্ধ রয়েছে। জানা যায়, ৩১ শয্যার এই হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী চিকিৎসাসেবা নেয়। ভর্তি থাকে গড়ে নয়জন রোগী। এসব রোগী দেখার জন্য অসীম কুমার নাথ ছাড়া আছেন একজন স্বাস্থ্য সহকারী, একজন ফার্মাসিস্ট ও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। রোগীদের চাপ সামলানোর জন্য কর্তৃপক্ষ উপজেলার তিনটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে তিন চিকিৎসককে প্রেষণে নিয়োগ দিয়েছেন। প্রতিদিন গড়ে নয়জন করে রোগী হাসপাতালে ভর্তি থাকলেও নার্স আছেন মাত্র তিনজন। তাঁরাও নিয়োজিত আছেন প্রেষণে। হাসপাতালের অভ্যন্তরে ঘুরে দেখা গেছে, মেঝেতে ছোপ ছোপ ময়লা। ঝাড়ু দিতে আসা পূর্ণিমা জানান, তিনি পৌরসভার কর্মচারী। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে পৌর কর্তৃপক্ষ তাঁকে এ কাজে পাঠিয়েছে।বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা খতিজা খাতুন অভিযোগ করেন, এখানে রোগীদের ওষুধ দেওয়া হয় না। ব্যবস্থাপত্র নিতে হয় টাকা দিয়ে। অভিযোগ ভিত্তিহীন দাবি করেন চিকিৎসক অসীম কুমার নাথ। তিনি বলেন, ‘ব্যবস্থাপত্র দিতে টাকা দেওয়ার বিষয়টি ডাহা মিথ্যা। পর্যাপ্ত ওষুধ বরাদ্দ না থাকায় প্রত্যেক রোগীকে ওষুধ দেওয়া সম্ভব হয় না।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই হাসপাতালের জন্য বার্ষিক বরাদ্দ দেওয়া হয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সমান। এই বরাদ্দ দিয়ে সবকিছু সামাল দিতে হিমশিম খেতে হয়। চিকিৎসকেরা নিজেদের পকেটের টাকায় ধোয়া-মোছার কাজ করান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অধীর রঞ্জন দাশ সুলতানপুর হাসপাতালে প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল না থাকার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।