নেই থেকে নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল নামের গ্রামের অতিসাধারণ সেই ছেলেটি কীভাবে বনে গেলেন সিনেমার নায়ক? পড়ুন এক তরুণের ব্যতিক্রমী জীবনসংগ্রামের গল্প

রোমিও রাসেল
রোমিও রাসেল

মোটে দুই কামরার একটা ঘর। দেয়ালগুলো ইটের। কিন্তু তাতে অর্থাভাবে আর প্লাস্টার করা হয়নি। লাগেনি নতুন দরজা-জানালাও। টাকা-পয়সার টানাটানি লেগেই ছিল সংসারে। কিন্তু তাই বলে ছেলেকে পড়ালেখা করাবেন, ছেলের নামডাক হবে এই স্বপ্ন দেখা ছাড়েননি বাবা সাইফুল মোল্লা। তাই বহু কষ্ট মেনে নিয়ে ছেলেকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন। ছেলেকে ঢাকায় পাঠাতে গিয়ে বন্ধক রাখতে হয়েছিল জমি-জিরাতও। তিনি পিছপা হননি কিছুতেই। কৃষক বাবার স্বপ্ন ছিল ঢাকায় গিয়ে ছেলে বড় হবে, কিন্তু স্বপ্নেও ভাবেননি তাঁর আদরের রাসেল সিনেমার ‘নায়ক’ হয়ে চমকে দেবে সবাইকে। 
গেল জুন মাসের কথা। ঢাকায় এসেছেন রাসেলের দূরসম্পর্কের এক নানা। মিরপুর টেকনিক্যাল মোড়ের কাছে বাস থেকে নামতেই তাঁর চোখে পড়ল একটা সিনেমার পোস্টার। ভালোভাবে খেয়াল করে দেখে তাঁর চোখ তো ছানাবড়া। কারণ, সিনেমার নায়ককে তাঁর চেনা চেনা লাগছে। ঠিক যেন তাঁর নাতি রাসেলের ছবি। তিনি সঙ্গে সঙ্গে রাসেলকে ফোন করেন। নানাকে অবাক করে দিয়ে রাসেল জানালেন, ‘হ্যাঁ নানা আমি ছবি করেছি। আপনি সিনেমাটি দেখেন।’
নানা সেদিন সিনেমা হলে না ঢুকলেও এলাকায় এসে খবর ছড়িয়ে দিলেন চারদিকে। তাঁর নাতি রাসেল এখন সিনেমার হিরো। ছবির নাম দুটি মনের পাগলামী। উত্তরাঞ্চলে পাবনার রূপকথা সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়ার পর সেখানে ছবি দেখতে ছুটে যান রাসেলের মা রাশিদা খাতুন ও বাবা সাইফুল মোল্লা। রাসেলকে প্রায় ‘রাতারাতি’ নায়ক বনে যেতে দেখে তাজ্জব হয়ে গিয়েছিল এলাকার মানুষ। ব্যাপারটা ‘তাজ্জব’ ঠেকছিল রাসেলের নিজের কাছেও।

রোমিও রাসেল
রোমিও রাসেল

জিরো থেকে হিরো
পুরো নাম রাসেল মাহমুদ। সিনেমা-দুনিয়ায় তাঁর নাম রোমিও রাসেল। বাড়ি নাটোরের লালপুর উপজেলার মোল্লাপাড়া গ্রামে। ২০১১ সালের কথা। পড়ালেখা করতে রাসেল চলে আসেন ঢাকায়। ঢাকায় যাওয়ার পর তিনি নিয়মিত একটি ব্যায়ামাগারে যাতায়াত করতেন। সেখানেই মেকআপম্যান সালমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। সালমান তাঁকে আরেক মেকআপম্যান ফটিকের কাছে নিয়ে যান। তিনি তাঁকে নাচ ও ফাইটিং শেখার পরামর্শ দেন। তাঁর পরামর্শে আজিজ রেজা, মুসলিম বিল্লাহর মতো নৃত্য পরিচালকদের কাছে নাচ শেখেন রাসেল। শেখেন ফাইটিংও।

বাবা-মায়ের সঙ্গে রোমিও রাসেল
বাবা-মায়ের সঙ্গে রোমিও রাসেল

সবই রাসেল করেছেন চুপিচুপি। মা-বাবাকে জানতে দেননি কিছুই। এরপর রাসেলের পরিচয় হয় জুলহাস চৌধুরীর সঙ্গে। তিনিও তাঁকে দেখে পছন্দ করেন। পরের দিন কয়েকটি ছবি নিয়ে প্রযোজক সবুজ খানের বাসায় যেতে বলেন। সবুজ খান দুটি মনের পাগলামী ছবির জন্য তাঁকে নিতে আগ্রহ দেখান। এ বছরের গোড়ার দিকে ছবির শুটিং শুরু হয়। গত ১৩ জুন ছবিটি একসঙ্গে দেশের ৭০টি হলে মুক্তি পায়।
রাসেল তাঁর মা-বাবার একমাত্র সন্তান। তিনি ইতিমধ্যে বিবিএ শেষ করেছেন। এখন বয়স ২৪। গত মাসে রাসেলদের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর বাবা সাইফুল মোল্লার সঙ্গে।
সাইফুল মোল্লা বলছিলেন, ‘একমাত্র ছেলেকে যেকোনোভাবে পড়াশোনা করাতে চেয়েছি। যেখান থেকে যেভাবে পেরেছি খরচ জোগাড় করেছি। ছেলে সিনেমার নায়ক হবে, এই ভেবে ছেলেকে ঢাকা শহরে পাঠাইনি। ছেলের এখন ভাগ্যে ছিল হয়ে গেছে। আপনারা সবাই আমার রাসেলের জন্য দোয়া করবেন।’
পাশেই ছিলেন রাসেলের মা। তিনি শুধু হাসছিলেন।
রাসেল বলেন, ‘ছোটবেলায় গ্রামে কত দুষ্টুমি করছি। পুকুরে দাপাইতাম। আম পাড়তাম। গাছে চড়তাম। কত মজা ছিল। এখন অবশ্য এসব করা হয় না। ’
এখন সেই গ্রামের দুরন্ত ছেলেটির জীবন বদলে গেছে বেমালুম। ঢাকায় তাঁর সময় কাটে ‘লাইট-ক্যামেরা অ্যাকশন’ এর দুনিয়ায়। আর গ্রামে গেলেই দূর-দূরান্ত থেকে মানুষ আসে সিনেমার ‘হিরো’ রোমিও রাসেলকে দেখতে।

দুটি মনের পাগলামী ছবির পোস্টার
দুটি মনের পাগলামী ছবির পোস্টার

সামনে আসছে আরও ছবি
‘রোমান্টিক একটা ছবি বানানোর পরিকল্পনা করছিলাম আমি। ছবিটি শুরু করার আগে রোমিও রাসেলের সঙ্গে পরিচয় হয়। ও অভিনয়ের আগ্রহ জানায়। ওই মুহূর্তে আমি আমার নতুন ছবির জন্য নায়ক খুঁজছিলাম। আমার কাছে মনে হয়েছে যেমন নায়ক খুঁজছি রোমিও রাসেল ঠিকঠাক ওই চরিত্রের সঙ্গে মানিয়ে যায়। পরে ওর সঙ্গে কথা বলে সিনেমার কাজ শুরু করলাম। বাকিটা তো পর্দায় দর্শক দেখেছেন।’ রোমিও রাসেল সম্পর্কে এভাবেই বলছিলেন পরিচালক জুলহাস চৌধুরী পলাশ। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি মনের পাগলামী ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় রোমিও রাসেলের। নতুন ছবি নিয়ে প্রত্যাশা ছিল ঢের। রোমিও রাসেল বললেন, ‘আমি আশানুরূপ সাড়া পেয়েছি। এখন অনেকে আমাকে চেনেন। আমার সঙ্গে ছবি তোলেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’ রাসেল নিয়মিত কাজ করতে চান বড়পর্দায়। তবে অভিনেত্রী শাবনূরের সঙ্গে কাজ করার ইচ্ছে তাঁর। দুটি মনের পাগলামী
ছবিতে রাসেলের বিপরীতে আছেন নবাগত নূপুর। আরও অভিনয় করেছেন
এটিএম শামসুজ্জামান, রেহানা জলি, কাবিলা প্রমুখ।
রোমিও রাসেল কাজ করছেন শেখ দুলালের কাবিনের পর তালাক ছবিতে। এ ছাড়া আবু সুফিয়ানের প্রেমের কেন ফাঁসি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আরও কয়েকটি ছবিতে কাজের ব্যাপারে কথাবার্তা চলছে।
—মো. রুবেল