নেই পর্যাপ্ত শিক্ষক, ফাটল বিদ্যালয় ভবনে

৪০০ শিক্ষার্থীর জন্য ১০ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন চারজন। শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক কম হওয়ায় প্রতিদিন অতিরিক্ত ক্লাস নিতে হয় শিক্ষকদের। পাশাপাশি ভবন না থাকায় মেয়াদোত্তীর্ণ ভবনে চলে পাঠদান। এমন চিত্র ফটিকছড়ির উত্তর সুন্দরপুর এ গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা প্রভা বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকার কথা। সেই হিসাবে আমাদের ৪০০ জন শিক্ষার্থীর জন্য অন্তত ১০ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু এখানে শিক্ষকের পদ আছে পাঁচটি। এর মধ্যে কর্মরত আছেন চারজন। অন্যদিকে ২০১৩ সালে পাইলট প্রকল্প হিসেবে বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা হয়। কিন্তু ভবন না থাকায় পুরোনো মেয়াদোত্তীর্ণ ভবনে পাঠদান করতে হয়। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে।’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে নারায়ণহাট ইউনিয়নের দুর্গম এলাকা উত্তর সুন্দরপুর গ্রামে ৪০ শতক জায়গার ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই এখানে শিক্ষার্থী ভর্তির হার ছিল সন্তোষজনক। বর্তমানে শিশু শ্রেণিতে ৩৫ জন, প্রথম শ্রেণিতে ৬৫ জন, দ্বিতীয় শ্রেণিতে ৫২ জন, তৃতীয় শ্রেণিতে ৭১ জন, চতুর্থ শ্রেণিতে ৬৭ জন, পঞ্চম শ্রেণিতে ৪৫, ষষ্ঠ শ্রেণিতে ৪৭ জন এবং সপ্তম শ্রেণিতে ২২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ২০৪ এবং ছাত্রী ২০০ জন।
বিদ্যালয়ের সূচনালগ্নে নির্মিত টিনের ছাউনি দেওয়া তিন কক্ষের ভবনটি বর্তমানে জরাজীর্ণ। সেখানে একটি কক্ষ পরিত্যক্ত হয়ে পড়েছে। ২০১০-১১ অর্থবছরে তিন কক্ষের আরেকটি ভবন নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেখানে চালানো হচ্ছে শিক্ষা কার্যক্রম। এদিকে, ২০১৩ সাল থেকে পাইলট প্রকল্প হিসেবে বিদ্যালয়টিকে অষ্টম শ্রেণিতে উন্নীত করে সরকার। কিন্তু এ জন্য আলাদা কোনো ভবন নির্মাণ করা হয়নি, কিংবা শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, পুরোনো জীর্ণ ভবনে চলছে পাঠদান। ভবনে রয়েছে অসংখ্য ফাটল। বিমগুলোর ভেতরের লোহা রড বেরিয়ে পড়েছে। এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা আসা–যাওয়া করছে। বিদ্যালয়ে নেই কোনো সীমানাপ্রাচীর। খোলা যে মাঠটি রয়েছে, তা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও শিক্ষাবিদ মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হলেও নতুন কোনো ভবন না থাকায় কক্ষ–সংকটে পড়েছে বিদ্যালয়টি। বিষয়টি একাধিকবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিদ্যালয়ে দ্রুত নতুন ভবন এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।
বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ সাজেদুল করিম বলেন, ‘দুই পালার এ বিদ্যালয়ে সকাল সোয়া নয়টা থেকে ক্লাস শুরু করে বিকেল সোয়া চারটা পর্যন্ত একটানা ক্লাস চালিয়ে যেতে হয়। শিক্ষকস্বল্পতার কারণে এমনটি হলেও আমাদের বিদ্যালয়ের ফলাফল যথারীতি ভালো। শিক্ষার মানোন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সেখানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা তদবির করে অন্যত্র বদলি হয়ে যান।
এ ছাড়া নতুন পদ সৃষ্টির বিষয়টি সময়সাপেক্ষ। বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।