নেই বলতে কিছুই নেই ভরাচরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটি একটি গ্রাম, সেখানে হাজার পাঁচেকের মতো মানুষের বাস। ভোটারসংখ্যা ৭৮৪। ভোট এলে তাদের দাম বাড়ে তোলায় তোলায়। কিন্তু ভোট চলে গেলেই যেই লাউ সেই কদু। অবহেলিত এ গ্রামটির নাম ভরাচর। আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামে নেই বলতে কিছুই নেই। এখানকার মানুষ কোনো রকমে বেঁচে আছে প্রকৃতির দয়ায়। সরেজমিনে চোখে পড়ে, উপজেলার বরুমচড়া ইউনিয়নের সর্বদক্ষিণের গ্রামটি ভরাচর। ছোট একটি খালের কারণে এটি বিচ্ছিন্ন বরুমচড়া ও খুরুস্কুল থেকে। খুরুস্কুল হলো পার্শ্ববর্তী জুঁইদণ্ডী ইউনিয়নের একটি গ্রাম। ভরাচরে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এখানকার শিক্ষার্থীদের বরুমচড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হয়। তা ছাড়া এখনো তাদের জন্য পাকা কিংবা পিচঢালা কোনো রাস্তা তৈরি হয়নি। তারা যাতায়াত করে বেড়িবাঁধ এবং দুই থেকে তিনটি বাঁশের সাঁকো দিয়ে। এলাকায় নেই কোনো বাজার। আছে দু-একটি দোকান। আর তাতে মেলে না সব সওদা। তা ছাড়া গ্রামের মাঝখান দিয়ে একটিমাত্র পুল দিয়ে গ্রামবাসী পাশের গ্রামে যায়। তবে বর্ষা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এখন পর্যন্ত একটিও ইট পড়েনি গ্রামটিতে। আর বিদ্যুৎ এখনো সোনার হরিণ। একটি দোকানে সৌরবিদ্যুৎ দিয়ে কাজকর্ম চলে।জানা গেছে, বর্ষাকালে সাঁকো পার হয়ে বিদ্যালয় বা দোকানে যেতে কম বয়সীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। দুই মাস আগে একটি সাঁকো পার হয়ে দোকানে বাজার করতে গিয়ে খালে পড়ে মারা যায় আট বছরের সাকিব নামের এক শিশু।এলাকা ঘুরে জানা গেছে, স্বাধীনতার এত বছর পরও এখনো ভরাচরের উন্নয়নে কেউ কাজ করেনি। ভোট এলে তাদের কদর বাড়ে, তবে ভোট চলে গেলে আর কেউ খোঁজখবর নেয় না। জাতীয় আর স্থানীয় নির্বাচন, যা-ই হোক না কেন, নির্বাচনী বৈতরণী পার হলেই শেষ।স্থানীয় ছৈয়দ নুর সওদাগর বলেন, ‘নির্বাচন এলে প্রার্থীরা আমাদের পাকা সড়ক ও বিদ্যুতের ব্যবস্থা করে দেবেন বলে ভোট নিয়ে চলে যান, আর খবর নেন না। এ অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে।’একই ধরনের মন্তব্য ভরাচরের আবদুল হাকিম, ইছমাইলসহ অনেকের। তাঁদের দাবি, অন্তত তাঁদের চলাচলের সুবিধার্থে বেড়িবাঁধে হলেও কিছুটা ইট বসানো হোক।মাওলানা আইয়ুব খান বলেন, ‘আমরা জানি না, আর কতকাল এভাবে অবহেলিত থাকব।’স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনছার প্রথম আলোকে বলেন, ‘ভরাচরের উন্নয়নে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে। আশা করছি, আর অবহেলিত থাকবে না গ্রামটি।’