নেওয়া হচ্ছে বাংলাদেশ বিমানের ক্যাডেট পাইলট
ছোটবেলায় অনেকেরই স্বপ্ন থাকে জীবনে বড় হয়ে পাইলট হওয়ার। স্বপ্ন পূরণের সময় এসেছে এখন। হতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাডেট পাইলট। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ ক্যাডেট পাইলট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ার লাইনসের ব্যবস্থাপক (নিয়োগ) এ এইচ এম শফিউল বারী বলেন, ‘একজন পাইলটের যেমন রয়েছে সামাজিক অবস্থান, তেমনি রয়েছে আকর্ষণীয় বেতন-ভাতা। সে ক্ষেত্রে এই পেশার বিষয়ে বাড়িয়ে বলার কিছুই নেই বলে আমি মনে করি।’বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ক্যাডেট পাইলট হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। যেসব প্রার্থী বিমান বাংলাদেশে ক্যাডেট পাইলট হিসেবে নিয়োগ পেতে চান, তাঁদের অবশ্যই এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ বা বি-গ্রেড বা জিপিএ-৩ নিয়ে গণিত ও পদার্থবিজ্ঞানে পাস নম্বর অথবা সমমান নিয়ে পাস করতে হবে। ‘এ’ লেভেল পাস করা প্রার্থীদের জিসিএসই ২.৪ থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো বাংলাদেশি নাগরিকের এই যোগ্যতা না থাকলে তিনি বাংলাদেশ বিমানের ক্যাডেট পাইলট হিসেবে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না। ক্যাডেট পাইলটদের যোগ্যতার বিষয়ে বিস্তারিত কথা বলেন বিমান বাংলাদেশ এয়ার লাইনসের মানবসম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মারুফ বিল্লাহ্। তিনি বলেন, ‘যদিও আমরা ক্যাডেট পাইলটদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করেছি এইচএসসি পাস, কিন্তু ক্যাডেট পাইলট পদের একজন প্রার্থীর আরও অনেক যোগ্যতার প্রয়োজন হয়। সেটি হলো তার সিএএবি লাইসেন্স।’ এটিই মূলত ক্যাডেট পাইলটদের নিয়োগের ক্ষেত্রে মূল মানদণ্ড।তা ছাড়া আবেদনকারী প্রার্থীর সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)-এর বাণিজ্যিক লাইসেন্স (সিপিএল) থাকতে হবে। লাইসেন্সের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। দেশি-বিদেশি যেকোনো ফ্লাইং একাডেমি থেকে বিমান চালনা শেখার পর সিএএবিতে পরীক্ষা দিয়ে এই সিপিএল অর্জন করতে হয়। এবার ক্যাডেট পাইলট পদে আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪০ বছর।তবে যাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, তাঁদের ২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনকারী প্রার্থীদের বয়স ৩২ বছর হলেও তিনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে ৩২-৪০ বছরের মধ্যের প্রার্থীদের ২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স নিরূপণের জন্য কোনো রকম এফিডেভিট প্রযোজ্য হবে না। মারুফ বিল্লাহ্ বলেন, যেহেতু সিএএবি লাইসেন্স প্রতিনিয়ত নবায়ন করতে হয়, সে ক্ষেত্রে মেয়াদহীন লাইসেন্সধারীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন না।প্রার্থীকে সিএএবি কর্তৃক প্রথম শ্রেণীর মেডিকেল ক্যাটাগরি হতে হবে। আর যেসব প্রার্থী বিদেশি ডিগ্রিধারী, তাঁরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ডিগ্রি বা সনদের সমমান নির্ণয় করে আবেদনপত্র জমা দেবেন। যেসব প্রার্থী বর্তমানে কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংগঠনে কর্মরত আছেন, তাঁদের অবশ্যই তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের সিভি, তাঁদের লাইসেন্সের যাবতীয় তথ্য এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় সব কাগজপত্র দিতে হবে।আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় মূলত বিমানসংশ্লিষ্ট টেকনিক্যাল প্রশ্ন দেওয়া থাকে। আর এ ধরনের টেকনিক্যাল প্রশ্নের সঙ্গে কিছু আইকিউ ও গণিত বিষয়ের প্রশ্নও দেওয়া থাকে বলে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি সূত্র আমাদের জানিয়েছে। আর মৌখিক পরীক্ষায় প্রার্থীদের সব ধরনের প্রশ্নই জিজ্ঞেস করা হতে পারে। এসব পরীক্ষা বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে থাকে। প্রার্থীদের পরীক্ষার খরচ বাবদ কোনো অর্থ দেওয়া হয় না।নির্বাচিত এসব প্রার্থীকে বাংলাদেশ এয়ার লাইসেন্স ট্রেনিং সেন্টার এবং দেশে ও দেশের বাইরের বিভিন্ন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। প্রার্থীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যেমন—গ্রাউন্ড ট্রেনিং, ক্লাসরুম ট্রেনিং, সিমুলেশন ট্রেনিংসহ প্রয়োজনীয় সব প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মেয়াদ এক বছর। এক বছরের প্রশিক্ষণ শেষ করার পর একজন ক্যাডেট পাইলটকে বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং তাঁদের ট্রেনিং শেষ হওয়ার পর পরবর্তী পাঁচ বছর বাংলাদেশ বিমানে চাকরি করতে হবে মর্মে বন্ড সই করতে হবে। পরবর্তী সময় এ চুক্তি নবায়ন করা যাবে বিমান বাংলাদেশ এবং সংশ্লিষ্ট পাইলটের সম্মতিতে। প্রশিক্ষণ চলাকালে একজন ক্যাডেট পাইলটকে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালে এর বাইরে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হবে না এবং প্রশিক্ষণ শেষে ক্যাডেট পাইলট পূর্ণাঙ্গ পাইলট হিসেবে নিয়োগ পেলে তাঁকে একজন পাইলটের সব সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা প্রদান করা হবে। এটি খুবই আকর্ষণীয়। এ বিষয়ে এ এইচ এম শফিউল বারী বলেন, এ ধরনের ট্রেনিং সমাপ্ত করতে কর্তৃপক্ষের প্রচুর অর্থ খরচ হয়, এ কারণে তাঁদের চুক্তির আওতায় আনা হয়।প্রার্থীদের আবেদনপত্রে প্রয়োজনীয় কোনো তথ্যের স্বল্পতা বা কোনো প্রয়োজনীয় নথির অপর্যাপ্ততা থাকলে তাঁর আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র ৩১ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।