নেওয়া হচ্ছে ৪৭৫ জন সহকারী শিক্ষা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় ৪৭৫ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় কর্মকর্তাদের নিয়োগ করা হবে। কাজটা যেমন: সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার মূল কাজ হলো উপজেলায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করা। মাগুরা সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. আমান উল্লাহ বলেন, সরকারি-বেসরকারি প্রাথমিক স্কুলগুলোর শিক্ষক এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজ দেখাশোনা করেন একজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা।যেমন, মাগুরা জেলার সরকারি-বেসরকারি মিলিয়ে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা ১৭৩টি এবং এখানে সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার মোট ছয়টি পদ রয়েছে। বেতন-ভাতা: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের বেতনকাঠামো হলো ৮,০০০-৪৫০–৭-১১,১৫০-ইবি-৪৯০–১১-১৬,৫৪০ টাকা।এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা রয়েছে। বয়স: এ পদের ক্ষেত্রে আবেদনের জন্য ১ আগস্ট ২০১০ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত।বিভাগীয় প্রার্থী হলেন প্রাথমিক বিদ্যালয়ের যেকোনো শিক্ষক বা শিক্ষিকা।শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।কোটা: এসব পদে নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ পদ বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে বিভাগীয় কোটার পদগুলোর জন্য যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই পদগুলো সাধারণ প্রার্থী দিয়ে পূরণ করা হবে।আবেদন পদ্ধতি: প্রার্থীরা সচিব, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অনুকূলে নন-ক্যাডার পরীক্ষার ফি বাবদ ১০০ টাকার ট্রেজারি চালান অথবা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযোজন করতে হবে। ট্রেজারি চালান-১/০৮০১/০০০০/২০৩১ কোড নম্বরে করতে হবে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় সোনালী ব্যাংকের শাখা থেকে পে-অর্ডার করা যাবে এবং ঢাকা সিটি এলাকার বাইরে অবস্থিত সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট করতে হবে। বিশেষ তথ্য: এ পদের বিপরীতে যদি দুই হাজারের বেশিআবেদনপত্র জমা পড়ে, সে ক্ষেত্রে লিখিত পরীক্ষার আগে ১০০ নম্বরের বাছাই (এমসিকিউ) পরীক্ষা গ্রহণ করা হবে। কোথায় জমা দেবেন: আবেদনপত্র পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়, পুরাতন বিমানবন্দর ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫। এ ছাড়া সরকারি কর্মকমিশনের ছয়টি বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়া যাবে। পরীক্ষা: সহকারী শিক্ষা কর্মকর্তা পদের জন্য প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা নিয়ে প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য বাংলা (৭৫), ইংরেজি (৭৫), সাধারণ জ্ঞান (২৫) ও গণিতের (২৫) ওপর মোট ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সময় থাকবে তিন ঘণ্টা এবং পাস নম্বর ৫০ শতাংশ। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা জন্য ডাকা হবে। প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার মোট নম্বর ৫০ এবং এর জন্য পাস নম্বর ৪০ শতাংশ। প্রস্তুতি: বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য রচনা, ব্যাকরণ, পত্রলিখন, সারমর্ম এবং বিভিন্ন বিষয়ের ওপর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন বলে মত দেন মো. আমান উল্লাহ। ইংরেজিতে সাধারণত রচনা, পত্রলিখন, কম্প্রিহেনশন এবং গ্রামার থেকে প্রশ্ন এসে থাকে। সে ক্ষেত্রে প্রার্থীরা যদি ইংরেজিতে ভালো করতে চান, তাঁকে ইংরেজি পত্রপত্রিকা, ব্যাকরণের জন্য ভালো বই এবং ইংরেজি গল্পের বই পড়তে হবে। গণিতে সাধারণ জ্যামিতি, বীজগণিত ও পাটিগণিত থেকে প্রশ্ন আসে। সে ক্ষেত্রে এসএসসি পর্যায়ের গণিত বারবার চর্চা করা উচিত বলে জানান মো. আমান উল্লাহ। সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি এবং বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন আসে। এ বিষয়ে মো. আমান উল্লাহ বলেন, প্রার্থীরা যদি প্রতিনিয়ত সংবাদপত্র, টেলিভিশন সংবাদ এবং রেডিও সংবাদ শুনে থাকেন, তাহলে তাঁদের প্রস্তুতি এগিয়ে থাকবে। এ চাকরির জন্য আবেদন করতে হবে ৩১ আগস্টের মধ্যে। তাই এখন চাই জোর প্রস্তুতি।