সঞ্জয় সরকার
একদিন এক নেকড়ে রেস্তোরাঁয় খাচ্ছিল। হঠাৎ খেয়াল করল, সেখানে এক ভেড়াশাবকও খাচ্ছে। ভেড়াশাবকটাকে সে চিনতে পারল। কদিন আগে এই ভেড়াশাবকটা নির্যাতনের শিকার হয়েছিল। অথচ এখন দিব্যি স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করছে। বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছে। এসব দেখে নেকড়ের সহ্য হলো না। মনে মনে ভাবল, ‘তুমি নির্যাতিত হইছ, সমাজ থেকে মুখ লুকায়া, রুমের দরজা বন্ধ করে কান্নাকাটি করবা। দরকার হলে আত্মসম্মান বজায় রাখতে বনবাসে যাবা! তা না করে দেখ, কী সুন্দর স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে! এ কেমন বিচার?’ এসব ভাবতে ভাবতে নেকড়ের মাথাটা হাতের স্মার্টফোনের থেকেও গরম হয়ে গেল। ভেড়াশাবককে সে আজ দেখেই ছাড়বে। আজ ভেড়াশাবকের দুর্দিন কি তার একদিন।
ফেসবুকে ৫০তম গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করতে করতে ভেড়াশাবকটির সামনে গিয়ে বসল সে। ৫১তম গার্লফ্রেন্ডের ছবিতে ‘থ্যাংকফুল’ রিঅ্যাকশন দিয়ে ভেড়াশাবকে বলল, ‘হোয়াস্সাপ বাডি? এত কিছুর পরও দেখি কুল আছ!’
: কুল না থেকে উপায় কী? কিছু মানুষরূপী (মানুষ যেমন বলে ‘পশুরূপী’, অন্য প্রাণীরা বলে ‘মানুষরূপী’) পশুর কর্মকাণ্ডের জন্য নিজের জীবনটা শেষ করে দেব?
: ঠিক তা না। আচ্ছা, তুমি নির্যাতিত হইছিলা কেন? একটা কারণ তো আছে, নাকি? যে নির্যাতন করছে, সে কি তোমার এক্স বয়ফ্রেন্ড?
: না। ও কোনোকালেই আমার প্রেমিক ছিল না।
: তোমার পোশাক-আশাকে সমস্যা ছিল নিশ্চয়ই?
: এখন যেমন ড্রেসআপ দেখছেন, তখনো এমনই ড্রেসআপ ছিল। আর সেদিন যে চার বছরের এক হরিণ নির্যাতিত হলো, সে-ও কি তাহলে পোশাকের জন্য নির্যাতিত হয়েছিল?
: বড় বড় কথা ছাড়ো। বড় বড় কথা ওই ফেসবুকেই মানায়, বাস্তবে না। নির্যাতনের শিকার হইছিলা তো রাতে, তাই না? হবেই তো! রাতবিরাতে ড্যাং ড্যাং করে ঘোরাফেরা করলে এ রকমই হয়।
: জি না। দুর্ঘটনাটা ঘটেছে দিনে।
: আচ্ছা, তুমি ওকে ট্র্যাপে ফালায়া টাকা খাওয়ার ধান্দা করতেছ না তো? আজকাল তো কিছু হইলেই স্ক্রিনশটের মামলায় ফালায় দেও তোমরা! হা হা হা! তোমার চালচালন তো সুবিধার মনে হয় না!
: সবাইকে নিজের মতো ভাববেন না। সবাই আপনার মতো দুষ্টবুদ্ধির নেকড়ে না।
: তাহলে সে কেন তোমাকে নির্যাতন করল? কিছু না কিছু দোষ তো তোমার অবশ্যই আছে। ‘পোক’ না করলে কি কেউ ‘পোকব্যাক’ করে?
: যে নির্যাতন করেছে, তাকে গিয়েই জিজ্ঞেস করছেন না কেন?
: বুঝছি। দোষ তোমার অবশ্যই আছে। হইতে পারে এটা তোমার পূর্বপুরুষের কারও কর্মফল। দোষ তো তোমাদের আছেই...
গল্পের মোদ্দাকথা: সমাজে কিছু চরিত্র আছে, যারা সব সময় নির্যাতিতের দোষই খুঁজে পায়। এদের প্রতিহত করুন।