নেকড়ে টানা গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালে বরফের ওপর ঘোড়ায় চলতে খুবই অসুবিধা। তার চেয়ে ঘোড়াচালিত স্লেজে চলাই উত্তম। তাই আমি একটি ভালো স্লেজ গাড়ি কিনে বরফের ওপর তীরবেগে ছুটতে লাগলাম।সন্ধ্যার দিকে চলতে চলতে এক বনে প্রবেশ করলাম। আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম—কিন্তু হঠাৎ শুনতে পেলাম ঘোড়ার ভীত-সন্ত্রস্ত ডাক। পেছন ফিরে দেখি, ধারালো দাঁতযুক্ত মুখ হাঁ করে এক ভয়ংকর নেকড়ে আমার স্লেজের পেছনে ছুটছে। বাঁচার কোনো আশাই ছিল না। আমি স্লেজের মেঝেতে শুয়ে ভয়ে চোখ বন্ধ করলাম। আমার ঘোড়াটি পাগলের মতো স্লেজ টেনে ছুটে যাচ্ছিল। আমি ঠিক আমার কানের কাছে নেকড়ের গর্জন শুনতে পেলাম। কিন্তু কী ভাগ্যের ব্যাপার, নেকড়েটি আমাকে খেয়ালই করল না। সে লাফ দিয়ে আমার ঘোড়ার ওপর চড়াও হলো। নিমেষে ঘোড়ার পেছনের অর্ধেক অংশ তার ক্ষুধার্ত পেটে অদৃশ্য হয়ে গেল। সামনের অংশটি তখনো আতঙ্ক এবং ব্যথায় ছুটছিল। নেকড়েটি ক্রমেই সামনের অংশটিকে খেয়ে ফেলতে লাগল। আমার বোধোদয় হতেই আমি মুহূর্ত সময় নষ্ট না করে ছোঁ মেরে চাবুকটি তুলে নিয়ে জন্তুটাকে চাবকাতে আরম্ভ করলাম। সে ব্যথায় অস্থির হয়ে সামনে লাফ দিল। ঠিক তখনই ঘোড়ার সামনের অংশটি লাগাম থেকে খসে পড়ে গেল এবং মজার ব্যাপার কি জানেন? নেকড়েটি লাগামের মধ্যে ঢুকে পড়ল। এই লাগাম থেকে মুক্ত হওয়ার কোনো উপায় তার ছিল না। আমি তাকে অনবরত চাবকাতে থাকলাম। সে বাধ্য হয়ে আমার স্লেজটিকে তীরবেগে টেনে চলল। আমরা এত দ্রুত ছুটছিলাম যে মাত্র তিন ঘণ্টা পর সেন্ট পিটার্সবার্গে প্রবেশ করলাম। এরূপ অদ্ভুত দৃশ্য দেখে পিটার্সবার্গের মানুষ মুগ্ধ হয়ে দল বেঁধে রাস্তায় নেমেছিল ভয়ংকর নেকড়েকে কাবু করা বীরকে দেখতে। অনুবাদ: মৃধা সাবির শহীদুল্লাহ্