রাঙ্গুনিয়া পৌরসভায় শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় নেতা-কর্মীদের নিয়েই মাঠে নেমেছেন বড় দুই দলের মেয়র পদপ্রার্থীরা। তাঁরা বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে শান্তি ও উন্নয়নের জন্য নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন। ভোটাররাও খুশি মনে প্রার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন।সরেজমিনে দেখা যায়, গত শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী (দোয়াত-কলম) সৈয়দবাড়ী, ইছামতি ও ঘাটচেক এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। ওয়ার্ডের দায়িত্বশীল নেতা-কর্মীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে আমি পৌরসভায় মেয়র পদপ্রার্থী হয়েছি।’ তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে কারও কথায় প্রভাবিত না হয়ে দলের স্বার্থে দোয়াত-কলম প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরীও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘ক্ষমতাসীন ব্যক্তির প্রভাবে আমাদের মনোনয়নপত্র সুপ্রিম কোর্টে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা দলের নেতা-কর্মীরা মেনে নিতে পারেননি।’ তিনি পরবর্তী পরিস্থিতির জন্য ভোটারদের প্রস্তুত থাকার আহ্বান জানান। এদিকে, মনোনয়নপত্র স্থগিতের প্রতিবাদে ১২ জানুয়ারি চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দলীয় নেতা-কর্মীরা প্রতিবন্ধক (ব্যারিকেড) দেওয়ার সময় পুলিশের লাঠিচার্জে মেয়র পদপ্রার্থী শাজাহান সিকদার আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় প্রচারণায় অংশ নিতে পারছেন না বলে জানান তাঁর সমর্থকেরা। পৌরসভা বিএনপির নেতা-কর্মীরা জানান, পৌরসভা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইমদাদুল ইসলাম (আনারস) শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার ১ ও ২ নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে ভোট চান। বিএনপির ওই ওয়ার্ডের নেতা-কর্মীরা এ সময় তাঁকে সহযোগিতা করেন। ইমদাদুল ইসলাম বলেন, বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আনারস প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকেরা বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। স্বতন্ত্র প্রার্থী বিজয় কেতন বড়ুয়াও (দেয়ালঘড়ি) সমর্থকদের নিয়ে প্রচারণা চালান। ভোটাররা জানান, আচরণবিধি লঙ্ঘনের ভয়ে নির্বাচনী প্রচারণায় উচ্ছৃঙ্খলতা নেই। দলীয় চাপও নেই। শান্তিপূর্ণভাবে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। দক্ষিণ নোয়াগাঁও পৌর ওয়ার্ডের ভোটার কামাল হোসেন (৩৯) জানান, দলীয় বিবেচনার বাইরে তিনি প্রার্থীর সততা ও শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেবেন। ঘাটচেক পৌর ওয়ার্ডের ভোটার ফারহানা শেলী (২৪) জানান, জনকল্যাণে প্রার্থীর অতীত কর্মকাণ্ড বিবেচনা করে ভোট দেবেন তিনি।