নেতা হতে চাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নারীবিষয়ক অঙ্গ সংগঠন ‘ইউএন উইমেন’-এর নির্বাহী পরিচালক মিশেল ব্যাশেলের জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৫১ সালে। তিনি মার্চ ২০০৬ থেকে মার্চ ২০১০ সাল পর্যন্ত চিলির রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০১২ সালের ২৪ মে ফ্রান্সের প্যারিসে এই বক্তব্য দেন।শুভ সকাল।শিক্ষাজীবনের সমাবর্তনের এই দিন আমাদের দুটি দিক চিহ্নিত করে দেয়। আজকে তোমরা প্রচলিত শিক্ষাব্যবস্থার সর্বশেষ ধাপ অতিক্রম করে ডিগ্রি অর্জন করেত যাচ্ছ। আজকের দিন কিন্তু তোমাদের আগামী দিনের সূচনা বলে স্বীকৃতি দিচ্ছে। আমিও কিন্তু তোমাদের মতোই একদিন এই রকম বিশেষ দিনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম।এই পৃথিবীতে আমি ও তোমরা এক পরিবর্তিত সময়ের মধ্যে বাস করছি। সময় এখন আগের থেকেও দ্রুত চলে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সাড়া দিতে গিয়ে আমরা বেশ হিমশিম খাই। এখনই সময়, তোমাদের নেতৃত্ব গ্রহণ করার। এখনকার সময়ে অনিশ্চয়তাই হলো নিশ্চয়তা। সময় একই সঙ্গে তোমাকে সুযোগ করে দেয় আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে।আমরা সমস্যার জালে আটকে আছি। গণমাধ্যম প্রতিনিয়ত আমাদের বেকারত্ব, অর্থনৈতিক অক্ষমতা, দারিদ্র্যের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারি এসব সমস্যা আলোচনায়। কিন্তু বিপরীতভাবে বলা যায়, এসব সমস্যার জন্যই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। সত্যি করে বলতে গেলে, সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেই সমাধান পাওয়া যায়। আমি বাস্তববাদী এবং তোমাদের নিয়ে আশাবাদী। আমি মানুষের সৃজনশীলতা, শক্তি এবং ভবিষ্যৎকে বিশ্বাস করি। তোমাদের বলতে চাই, পৃথিবীতে এখনো অনেক বড় উদ্যোগ বিকাশ লাভ করেনি। তোমরা ফুটপাতে দাঁড়িয়ে সমস্যা নিয়ে তর্ক-বিতর্ক করো না। রাস্তায় নেমে সমস্যা সমাধানে কাজ শুরু করে দাও।বিশ্ব অর্থনৈতিক মন্দা এখন বিশ্বে চাকরির বাজারে ধাক্কা দিয়েছে। তরুণেরাই কিন্তু এই ধাক্কার শিকার হয়েছে সবচেয়ে বেশি। এই সমস্যা সমাধানে আমাদের যোগ্য নেতৃত্ব খুঁজতে হবে, যে নেতৃত্ব এই সমস্যা সমাধানে মাথা তুলে দাঁড়াবে। স্বল্পপরিসরে সুযোগ সৃষ্টি না করে আগামী দিনের জন্য বৈষম্যহীনতার পথ তৈরি করা একজন নেতার কাজ। এটা বাস্তবায়ন করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কিন্তু মানুষের স্বপ্ন বাস্তবায়নের চেয়ে মহৎ কাজ আর একটিও নেই। এই কাজ বাস্তবায়নে আমি তোমাদের সাতটি পরামর্শ দিতে চাই। সাত সংখ্যাটিকে কিন্তু অনেকই সৌভাগ্যের সংখ্যা মানে। এক সপ্তাহে দিনের সংখ্যা সাত, আমাদের বাস সাত মহাদেশে সাত মহাসাগরের পাড়ে। গণিতবিদ পিথাগোরাস পারফেক্ট সংখ্যা বলতেন তিন ও চারকে। কারণ, ত্রিভুজের বাহু তিন, চতুর্ভুজের চার।আমার প্রথম পরামর্শ হলো, তোমাদের সাধারণ মানুষের কথা শুনতে হবে, তাঁদের জিজ্ঞাসার জবাব দিতে হবে। সাধারণ মানুষের কথা শোনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা নিতে হবে। তোমাকে ঘরে আটকে থাকলে চলবে না। আমার দ্বিতীয় পরামর্শ হলো, আগের মতো প্রাসাদে না থেকে তোমাকে এখন প্রকাশ্যে আসতে হবে। সবকিছুতে তোমার অংশগ্রহণ বাড়াতে হবে। নেতা হতে হলে তোমাকে সমতা প্রতিষ্ঠা করতে হবে। তোমাকে সর্বজনীন গুণাবলি অর্জন করতে হবে। মানুষের কী প্রয়োজন তা জানতে হবে। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে। আমার চতুর্থ পরামর্শ হবে, সমাজের নানা শ্রেণীর, নানা বর্ণের, নানা ভাষার মানুষ সম্পর্কে তোমার জানাশোনা থাকতে হবে। কাদের কী সমস্যা, তা তোমার জানতে হবে।তোমাকে সত্যিকারের নেতা হতে হলে সামাজিক মূল্যবোধ ও মানুষকে বুঝতে হবে। এ জন্য তোমাকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম নীতি হিসেবে মানবিকতা, নিজের ও অন্যের ওপর আস্থা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর দৃঢ় বিশ্বাস থাকতে হবে।আমি আমার জীবনজুড়ে সাধারণ মানুষের সেবায় উৎসর্গ করার চেষ্টা করেছি। প্রথমে আমি আমার দেশ চিলিতে গণতান্ত্রিক মূল্যবোধ অর্জনে কাজ করতাম। তারপরে কাজ করেছি সমতা ও ন্যায়বিচার নিয়ে। সেই ধারাবাহিকতায় আমি এখন ‘ইউএন উইমেন’-এর মাধ্যমে সারা বিশ্বে নারীদের জন্য কাজ করছি। আমার কাছে নেতৃত্ব হলো এক রোমাঞ্চকর মহাযাত্রা, যেখানে তোমাকে সব সময় সামনের দিকে তাকাতে হবে। তোমরা যেখানেই যাও, সব সময় তুমি তোমার মন যা চায় তা-ই করবে। ক্ষুদ্র জীবনকে সর্বোচ্চ কাজে লাগাও।আমি তোমাদের সর্বময় মঙ্গল কামনা করি।ধন্যবাদ সবাইকে। সূত্র: www.unwomen.org, ইংরেজি থেকে অনুবাদ: জাহিদ হোসাইন খান