নেতাদের মুখে ঐক্যের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের নেতাদের বৈঠকের পর নগরের বিবদমান নেতারা ঐক্যের সুরে কথা বলছেন। সামনের দিনগুলোতে বিরোধী দলের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ অনুভব করছেন তাঁরা। সাধারণ কর্মী-সমর্থকেরাও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। গত বৃহস্পতিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে চট্টগ্রাম নগরের তৃণমূলের নেতাদের এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্র জানায়, গণভবনের বৈঠকে তৃণমূলের নেতারা নগর আওয়ামী লীগের নেতাদের বিভেদের চিত্র তুলে ধরেন। তবে কেউ প্রতিপক্ষ নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেননি। তাঁরা চট্টগ্রামে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ দেখতে চান, যে ব্যাপারে শেখ হাসিনার হস্তক্ষেপ চাওয়া হয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আরেক পক্ষে আছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রী আফছারুল আমীন। বৈঠকে বিবদমান সব পক্ষের নেতা ও অনুসারী উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘আমাদের সভানেত্রী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন। নগর আওয়ামী লীগের কমিটিও তিনি করে দেবেন বলে বলেছেন। সামনে যে কঠিন সময় আসছে, তাতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। নইলে বিএনপি-জামায়াতের আন্দোলন কর্মসূচি মোকাবিলা করা কঠিন হবে।’উল্লেখ্য, কমিটি গঠনের ব্যাপারে শেখ হাসিনা বৈঠকে বলেছেন, ‘আমি সবার কাছ থেকে তালিকা নিচ্ছি। আলোচনা ও পর্যালোচনা করছি। অল্প সময়ের মধ্যে কমিটি করে দেওয়া হবে।’বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা জানান, কমিটির বর্তমান কাঠামো ঠিক রেখে শূন্য পদগুলো পূরণ করা হতে পারে। অথবা মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি রেখে কমিটি পুনর্গঠিত হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার ওপর। নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কমিটি পুনর্গঠনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের গঠনতন্ত্র এই পন্থাকে সমর্থন দেয় না। তবে অপূর্ণাঙ্গ কমিটির শূন্যপদ পূরণ করা যেতে পারে। এ ছাড়া আমাদের সভানেত্রী গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দিতে পারেন। অথবা বর্তমান কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি ঘোষণা করা হলে অনেক নতুন মুখের আগমন ঘটতে পারে।’সুজন আরও বলেন, বৈঠকে তৃণমূলের পর্যায়ের কর্মী-সমর্থকেরা জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনো বিভেদ নেই, নেতাদের মধ্যে যে বিভেদ আছে তা মিটিয়ে ফেলতে হবে। প্রধানমন্ত্রী তাঁদের এসব বক্তব্য আমলে নিয়েছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও তাগিদ দেন। দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের ১৬ জুন মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হক দানুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে মৌখিকভাবে জ্যেষ্ঠ আরও ২৩ নেতাকে অন্তর্ভুক্ত করে কমিটির সদস্য সংখ্যা ২৫ জনে উন্নীত হয়। সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এর মধ্যে তিন নেতা এম এ মান্নান, আবু তালেব চৌধুরী ও খালেকুজ্জামান মারা গেছেন।