‘দেশে জাহাজভাঙা শিল্পের উপযোগী সৈকত আছে চট্টগ্রামেই। এটা চট্টগ্রামের জন্য প্রকৃতির দান। এ শিল্প দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। পরিবেশদূষণ ও শ্রমিকের নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা থাকলেও সরকার, বেসরকারি সংগঠন ও শিল্পের মালিকদের সমন্বিত উদ্যোগে এসব সমস্যার সমাধান কঠিন কিছু নয়। কিন্তু নেতিবাচক প্রচারণার কারণে এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই জাহাজভাঙা শিল্প রক্ষায় বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক গবেষণার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।’জাহাজভাঙা শিল্পবিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গত সোমবার নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত কর্মশালায় আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষক, শিল্পপতি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ‘শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ অ্যান্ড এইচ কে সি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ এনাম চৌধুরী। এতে বিশেষজ্ঞ-মতামত উপস্থাপন করেন জাপানের রিউককু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাতু, রিটসু মেকানের অধ্যাপক ইশিহারা, অধ্যাপক মরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। অধ্যাপক সাতু বলেন, ‘আমরা বিভিন্ন শিপ ইয়ার্ড পরিদর্শন করেছি। আমাদের মতামত গবেষণা প্রতিবেদনে তুলে ধরব। জাহাজভাঙা শিল্প যেমন রক্ষা করতে হবে, তেমনি ঠেকাতে হবে পরিবেশদূষণ, বাঁচাতে হবে শ্রমিকদের জীবন।’ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘পতেঙ্গা থেকে সীতাকুণ্ড পর্যন্ত সমুদ্রসৈকত চট্টগ্রামের জন্য প্রকৃতির আশীর্বাদ। চাইলেই চট্টগ্রামের বাইরে জাহাজভাঙা শিল্প স্থানান্তর করা যাবে না, কারণ অন্য কোথাও শিপ ইয়ার্ড স্থাপনের মতো সুবিধা নেই। এ শিল্পের সমস্যা চিহ্নিত করতে হবে আগে এবং দেশের বিশেষজ্ঞদেরই সমাধানের জন্য এগিয়ে আসতে হবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘জাহাজভাঙা শিল্পের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণা চলছে। কোনো কোনো সংবাদপত্র আমাদের হেয় করে সংবাদ করছে। কিন্তু আমরা ব্যবসা করে বিরাট অঙ্কের রাজস্ব দিচ্ছি সরকারকে। এ শিল্পের স্বার্থ সবাইকে দেখতে হবে।’