বাজারের স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মাধ্যমে নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তগুলোকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারির জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন তিনি। তবে এসব বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করার জন্য তিনি বিনিয়োগকারীদের পক্ষ থেকে মন্ত্রী, উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান। স্থিতিশীল পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিনিয়োগকারীদের পক্ষ থেকে মানববন্ধন পালনকালে এসব কথা বলেন তিনি।প্রসঙ্গত, গত সপ্তাহের প্রথম চার দিনে বিনিয়োগকারীদের টানা বিক্ষোভের মুখে বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন)। এতে বাজার স্থিতিশীলতার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।এরপরই বাজার ঊর্ধ্বমুখী হতে থাকে। তবে এতেও বিনিয়োগকারীরা খুব স্বস্তি পাচ্ছেন না। সংশ্লিষ্ট অনেকের মতে, দুই-চার দিনের জন্য বাজার ঊর্ধ্বমুখী হয়ে আবার যদি পতনের মুখে পড়ে, তাহলে সেটা খুব খুশির হবে না। তাঁরা একটি স্থিতিশীল বাজার প্রত্যাশা করেন।বাজার-পরিস্থিতি: সিএসইতে বৃহস্পতিবার সার্বিক মূল্যসূচক ৫১৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়ায়। ওইদিন সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১২টির। অপরিবর্তিত ছিল একটি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬২ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় পাঁচ কোটি ৯০ লাখ ৪৫ হাজার টাকা বেশি।