নেতৃত্বে মিলি বিশ্বাস

‘সরকারি চাকরি করব, সে বিষয়ে নিশ্চিত ছিলাম। বিসিএসে পছন্দ হিসেবেও “পুলিশ” দিয়েছিলাম। তবে যখন পুলিশ ক্যাডারে হলো, তখন অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আমার মা সাহস দিলেন। তারপর থেকে যোগ্যতা ও দক্ষতার সঙ্গেই আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি ব্যর্থ হয়েছি, তা কখনো মনে হয়নি।’ গত মাসে ঢাকায় বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে নিজের কার্যালয়ে বসে কথাগুলো বলছিলেন মিলি বিশ্বাস। দক্ষতার সঙ্গে যে কাজ করছেন, তা তাঁর কাজের পরিধি দেখলেই বোঝা যায়। মিলি বিশ্বাস এখন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (অর্থ)। পাশাপাশি তিনি নেতৃত্ব দিচ্ছেন এশিয়ার ১৪টি দেশের নারী পুলিশের।
খোলাসা করে বলা যাক মিলি বিশ্বাসের নতুন কাজের কথা। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের ১০০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যে আয়োজিত সম্মেলনে ৭২টি দেশের ৭০০ নারী পুলিশ সদস্য অংশ নেন। গত ২৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে নির্বাচনে জয়ী হয়ে আগামী তিন বছরের জন্য আঞ্চলিক সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মিলি বিশ্বাস। এদিকে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) সভাপতিও হয়েছেন দ্বিতীয়বারের মতো। আর এবারই বিপিডব্লিউএন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের সদস্যভুক্ত হয়েছে।
আন্তর্জাতিক এই সংগঠন যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এখন থেকে বিপিডব্লিউএনের মতামত নেবে। মিলি বিশ্বাস বলেন, এটি বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া।
আলাপচারিতায় জানালেন, ভারত, নেপাল, মালদ্বীপসহ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নারী পুলিশের সংখ্যা বেশি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই একমাত্র নারী পুলিশ নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে।
১৯৭৪ সালে ১৪ জন নারী পুলিশ নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে নারীদের যাত্রা শুরু। বর্তমানে নারী পুলিশের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজারের বেশি। এ ছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে বিপিডব্লিউএন আন্তর্জাতিক সংগঠনের সদস্যভুক্ত প্রথম ও একমাত্র দেশ। মিলি বিশ্বাস জানান, যুক্তরাজ্যে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের নারী পুলিশের অগ্রযাত্রাকে মডেল হিসেবে তুলে ধরা হয়েছে।

ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রোগ্রামের সহযোগিতায় ২০০৮ সালে গঠিত হয় বিপিডব্লিউএন। মিলি বিশ্বাস বলেন, কনস্টেবল বা পুলিশের এ ধরনের পদে যে নারীরা ঢুকছেন, তাঁদের যেকোনো সমস্যার কথা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছাতে অনেক ধাপ পার হতে হয়। তাঁরা যাতে তাঁদের কথাগুলো একটি প্ল্যাটফর্মে বলতে পারেন, সে জন্যই নেটওয়ার্কের যাত্রা শুরু হয়। নারী পুলিশের দক্ষতা বাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নারীরা যাতে নেতৃত্ব দিতে পারেন, সে উদ্দেশ্য নিয়ে এই নেটওয়ার্ক কাজ করছে।
১৯৮৮ সালে বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে মিলি বিশ্বাস বাংলাদেশ পুলিশে দ্বিতীয় নারী কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০০০ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রথম নারী পুলিশ হিসেবে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে পূর্ব তিমুরে এক বছর দায়িত্ব পালন করেন তিনি।
সাত ভাইবোনের মধ্যে সবার ছোট মিলি বিশ্বাস পারিবারিকভাবে কখনোই কোনো বাধার সম্মুখীন হননি। বাবা মোয়াজ্জেম হোসেন বিশ্বাস মারা গেছেন। মা সাবেরা বিশ্বাস একজন সমাজসেবক। ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু এ এন এম হারুনের সঙ্গে মিলি বিশ্বাস সংসারজীবনে প্রবেশ করেন। তাঁদের দুই ছেলে শিস স্বাপ্নিক ও শিপি শরণ্য। একজন চাকরি করছেন, আরেকজন পড়ছেন বিশ্ববিদ্যালয়ে।
চাকরির কারণে মিলি বিশ্বাসকে একেক সময় একেক জায়গায় থাকতে হয়েছে। জাতিসংঘের মিশনে যখন যান, তখন ছোট ছেলের বয়স মাত্র চার বছর। ‘আমি যখন মিশনে গিয়েছিলাম ,তখন আমার ছেলেদেরকে বড় করেছেন আমার স্বামী। কোনো সময় কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ করেননি। অনেক সময় রাত তিন-চারটায় ডিউটি করে বাড়ি ফিরতে হয়েছে। স্বামী এক দিনের জন্যও এ নিয়ে কোনো কথা বলেননি। বরং অনুপ্রেরণা দিয়েছেন।’ বলেন মিলি বিশ্বাস। জানালেন, ছেলেরাও মাকে নিয়ে গর্ব করেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সাহসী নারী পদক পাওয়া মিলি বিশ্বাস মনে করেন, নতুন যাঁরা পুলিশ হতে চান, তাঁদের প্রথমেই লক্ষ্য ঠিক করতে হবে। একে অন্যান্য চাকরির সঙ্গে মেলালে চলবে না। এ পেশায় সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। অনেকেরই ধারণা, নারী পুলিশ সদস্যরা ঠিকমতো সংসারে দায়িত্ব পালন করেন না। মিলি বিশ্বাস বলেন, কথাটি একেবারেই ঠিক নয়। নারী পুলিশ সদস্যরা একই সঙ্গে চাকরি এবং সংসার দুটোই সামলাচ্ছেন।