আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধ, আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির কারণে গত সাড়ে ছয় মাসে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে ২৭ জন আদিবাসী খুন হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আঞ্চলিক দলগুলো পরস্পরকে দায়ী করেছে।
পার্বত্য চট্টগ্রামের বিবদমান তিন রাজনৈতিক দলের মধ্যে জনসংহতি সমিতির নেতৃত্ব দিচ্ছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, প্রসিত বিকাশ খীসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সুধাসিন্ধু খীসা ও রূপায়ন দেওয়ান সংস্কারপন্থী হিসেবে পরিচিত জনসংহতি সমিতির (এম এন লারমা) নেতৃত্ব দিচ্ছেন।
পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সাড়ে ছয় মাসে রাঙামাটিতে নয়জন এবং খাগড়াছড়িতে ১৮ জন খুন হয়েছেন। এর মধ্যে সন্তু লারমাপন্থী জনসংহতি সমিতির সাতজন, ইউপিডিএফের চারজন এবং এম এন লারমাপন্থী জনসংহতি সমিতির ১৬ জন খুন হন। এসব খুনোখুনির জন্য আঞ্চলিক রাজনৈতিক দলের নেতারা পরস্পরকে দায়ী করেছেন। একে অপরের বিরুদ্ধে সরকারের সহযোগিতা নেওয়ার অভিযোগ এনেছেন। তাঁরা পরস্পরের বিরুদ্ধে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির অভিযোগও আনেন।
পাহাড়ে যে নীরব চাঁদাবাজি চলছে তা প্রশাসনের কর্মকর্তারাও স্বীকার করেন। কিন্তু ভুক্তভোগীরা কখনো অভিযোগ নিয়ে পুলিশের কাছে যাওয়ার সাহস পাননি। এমনকি এ বিষয়ে কেউ মুখ খুলতেও রাজি নন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, বনজ, ফলদ ও কৃষিপণ্য উৎপাদন এবং পরিবহন হলে অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেন হলে তার একটা অংশ এলাকার প্রভাবশালী রাজনৈতিক পক্ষকে চাঁদা হিসেবে দিতে হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার আমেনা বেগম এ প্রসঙ্গে বলেন, ‘পাহাড়ে চাঁদাবাজির খবর আমরা নিয়মিত পাই। কিন্তু ভুক্তভোগীরা অভিযোগ দেন না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনখারাবি হচ্ছে বলে আমরা তদন্তে জানতে পেরেছি।’
খোঁজ নিয়ে জানা যায়, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো পাহাড়ে আধিপত্য বাড়ানোর জন্য মরিয়া। এলাকার নিয়ন্ত্রণ যাদের যত বেশি, তাদের চাঁদা আদায়ও তত বেশি হয় বলে জানা গেছে। খাগড়াছড়ি জেলার বেশির ভাগ এলাকা ইউপিডিএফের নিয়ন্ত্রণে রয়েছে। রাঙামাটির বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে জনসংহতি সমিতি। অপরদিকে খাগড়াছড়ির সদর ও দীঘিনালা এবং রাঙামাটির বাঘাইছড়ির কিছু অংশে এম এন লারমা-সমর্থিতদের শক্ত অবস্থান রয়েছে। তবে ইউপিডিএফের সঙ্গে এম এন লারমা সমর্থকদের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। জনসংহতি সমিতিকে (সন্তু লারমা) এই দুটি সংগঠন প্রতিপক্ষ মনে করে।
পাহাড়ে সংঘাত-হানাহানি বন্ধের উদ্দেশে ১৯৯৭ সালের ডিসেম্বরে সরকারের সঙ্গে জনসংহতি সমিতির পার্বত্যচুক্তি হয়। পরের বছর এই চুক্তির বিরোধিতা করে তৎকালীন ছাত্রনেতা প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে গঠিত হয় ইউপিডিএফ। তখন থেকেই জনসংহতি সমিতির সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সংঘাত শুরু হয়। আদর্শগত কারণে ২০০৯ সালে জনসংহতি থেকে বেরিয়ে এম এন লারমা-সমর্থিত আরেকটি জনসংহতি সমিতি নামের আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করেন।
জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা পাহাড়ে অশান্তি সৃষ্টির জন্য ইউপিডিএফকে দায়ী করেন। তিনি বলেন, ‘শান্তি চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টির উদ্দেশ্যে তারা পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আর তাদের মদদ দিচ্ছে রাষ্ট্রযন্ত্রের একটি অংশ।’
ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা পাহাড়ে অশান্তির জন্য সন্তু লারমাকে দায়ী করেন। তিনি বলেন, ‘সন্তু লারমার নির্দেশেই আমাদের নেতা-কর্মীদের খুন করা হচ্ছে।’
মাইকেল চাকমা আরও বলেন, ‘পাহাড়ে গরু-ছাগল বিক্রি কিংবা গাছ-বাঁশ ও বনের ফলমূল পরিবহন করার আগেই জনসংহতির লোকদের চাঁদা দিতে হয়।’
এদিকে, এম এন লারমা-সমর্থিত জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা নিজ সংগঠনের ১৬ জন কর্মী খুনের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেন।