নেপথ্যের নিঃস্বার্থ পরোপকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃস্বার্থ ও পরোপকারী কারা, এটা জিজ্ঞাসা করলে মা-বাবা থেকে শুরু করে কেউ কেউ এলাকার এমপি-মন্ত্রীর নামও বলবেন। কিন্তু তাঁরা আমাদের আলোচ্য বিষয় নন। কারণ, তাঁরা সবার দৃষ্টিসীমার মধ্যেই থাকেন। এখানে আলোকপাত করা হবে সেই সব মহান ব্যক্তিত্বের ওপর, যাঁদের কথা উপকারভোগীরা পর্যন্ত মনে রাখে না! তাঁদের মহান অবদানের প্রতি কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে লিখেছেন জাহিদ হাসান, এঁকেছেন শিখা

ব্যাগ/পলিথিনের ছিদ্র শনাক্তকারী
ধরুন, ব্যাগভর্তি বাজার নিয়ে একমনে হেঁটে আসছেন। ঠিক তখনই মনোযোগ ভেঙে দিল এক আর্তনাদ, ‘ও–ও–ও ভাই, ব্যাগের ফুটা দিয়া সব মুড়ি পইড়া গেল গা!’ হ্যাঁ, এঁরাই সেই মানুষ, যাঁরা নিজের খেয়ে অন্যের খাবারও বাঁচান।

.
.

বাইসাইকেল/মোটরসাইকেলের স্ট্যান্ড সম্পর্কে সতর্ককারী
দাঁড় করানো বাইসাইকেল অথবা মোটরসাইকেলের স্ট্যান্ড ব্যস্ততার কারণে না উঠিয়েই ফুল স্পিডে ছোটার ঘটনা হরহামেশা ঘটে। একশ্রেণির পরোপকারী আছেন, যাঁরা চলতি পথে এ বিষয়ে চালককে সতর্ক করার ব্যাপারে বদ্ধপরিকর।

.
.

জ্ঞান বিতরণকারী পাড়াতো মুরুব্বি
অবসরে থাকা এসব প্রবীণ পাড়ার তরুণ-যুবকদের আলোকিত মানুষ করার গুরুদায়িত্ব নিজ হাতে তুলে নেন। মোড়ের চায়ের দোকান, গাছতলার বেঞ্চে চেকপোস্ট বসিয়ে প্রতিদিনই দু-চারজনকে আটক করে তাঁদের জীবনদর্শন বয়ান করেন, বিনা মূল্যে।

.
.

পাড়ার বিখ্যাত তথ্যসেবাদাতা আন্টি
যুগশ্রেষ্ঠ গোয়েন্দাদের তালিকা করতে বললে অধিকাংশ লোকের তালিকায় উঠে আসবে পাড়ার কিংবদন্তি একজন আন্টির নামও। তিনি সেই মহামানবী, যিনি বিনা মূল্যে ঘরে ঘরে গোপন তথ্যসেবা পৌঁছে দেন নিজের কোনো স্বার্থ ছাড়াই।

.
.

রস বিতরণকারী লেখক, কার্টুনিস্ট ও সম্পাদক
রস+আলোর সম্পাদক, কার্টুনিস্ট আর লেখকেরা রস বিতরণের বিনিময়ে টাকা পান। এই অর্থ অন্য কিছু করলেও পেতেন বটে। আসলে তাঁরা রস+আলো করছেন শুধু পাঠকসমাজের মুখের দিকে চেয়ে। এর চেয়ে বড় নিঃস্বার্থ সেবা আর কী হতে পারে?

.
.