নেপাল থেকে ফিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাড়া পাহাড়ের চূড়া থেকে প্রচণ্ড বেগে নামা বরফগলা পানিটা আকার নিয়েছে ঝরনার। যেখানটায় এ ঝরনার শেষবিন্দু, সেখানটা খুব বেশি চওড়া নয়, তিন কি চার ফুট হবে। ধবল ফেনীল জল থেকে অবিরত উঠছিল ধোঁয়া। তাকিয়ে ছিলাম তন্ময় হয়ে। হঠাৎ চঞ্চলদার কথায় ধ্যান ভাঙল। ‘ফারহানা, এই হলো আমাদের বুড়িগঙ্গার উৎপত্তিস্থল।’ চোখ দুটো বড় করে বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়েছিলাম—এ কী করে সম্ভব, কোথায় বুড়িগঙ্গার কালো জল আর কোথায় এই স্বচ্ছ জলধারা।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রী ফারহানা ইয়াসমিন এভাবেই বর্ণনা করছিলেন তাঁদের নেপাল ভ্রমণের বিস্ময়কর স্মৃতিকথা।নেপাল ট্যুরিজম বোর্ডের আমন্ত্রণে ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ২৬ জনের দলটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দুই প্রতিনিধির মধ্যে একজন ছিলেন তিনি। এ দলের আরেকজন ছিলেন চারুকলা অনুষদেরই ছাত্র চঞ্চল কর্মকার। পর্যটন নিয়ে আগ্রহ ও গণমাধ্যমে বাংলাদেশের পর্যটনশিল্প নিয়ে করা অনুষ্ঠানের কারণে হাতের মুঠোয় এল নেপাল ভ্রমণের এ সুযোগ। ‘আমাদের ভ্রমণটার মূল উদ্দেশ্য কিন্তু ছিল অন্য রকম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজনসহ ২৬ জনের এ দলটি নেপালে গিয়েছিলাম সুন্দরবনের জন্য ভোট চাইতে, পাশাপাশি নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগটাও রয়েছে।’ গল্পে গল্পে চঞ্চল কর্মকারের কাছে জানা গেল তাঁদের নেপাল ভ্রমণের মূল কারণটির কথা। ভ্রমণের প্রথম দিনই তাঁরা নেপাল ট্যুরিজম বোর্ড আয়োজিত একটি সেমিনারে অংশ নেন। সেখানেই আলোচনা হয় একে একে পৃথিবীখ্যাত রয়েল বেঙ্গল টাইগার আর পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবনের কথা। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য’ স্থান ঘোষণার জন্য নেপালি ও নেপালে আগত পর্যটকদের মধ্যে চাওয়া হয় ভোট। দক্ষিণ এশিয়ার ঐতিহ্য স্থান হিসেবে সুন্দরবনকে ঘোষণার প্রতি একমত হন সেখানকার সবাই। ‘সেমিনার শেষে নেপাল ট্যুরিজম বোর্ডের প্রমোদ দা আর রাজা মামাকে নিয়ে শুরু হয় আমাদের ঘোরাঘুরি। রাজা মামা খুব অদ্ভুত চরিত্রের এক মানুষ। আধা বাঙালি আধা নেপালি গোছের। ছোট-বড় সবাই তাঁকে মামা বলেই ডাকে।’ বেশ হাসতে হাসতে বলেন ফারহানা বরফ-ঢাকা হিমালয় আর ইস্টার্ন রক দেখে দেখে তাঁদের পুরো সকালটা কেটেছে। পোখরায় ঘুরতে যাওয়া হলো তারপর। পোখরায় রয়েছে তিনটি লেক। সেখানে নাকি প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করে গড়ে তোলা হয়েছে রিসোর্ট আর পাঁচতারা হোটেল। ফারহানার তখন রাঙামাটির কথা মনে হয়েছে খুব। ‘আমাদের রাঙামাটি আর কাপ্তাই লেকের সৌন্দর্য এর চেয়ে কোনো অংশেই কম নয়।’ এটা মনে হয়েছে চঞ্চল কর্মকারেরও। পর্বতের গুহার ভেতরের শিব মন্দিরেও তাঁদের ঘোরা হয় একসময়। কাঠমান্ডুতে গিয়ে নাগপুর যাওয়া না হলেও ভক্তপুর গিয়েছিলেন তাঁরা। ভক্তপুর হচ্ছে নেপালের সবচেয়ে পুরোনো শহর; অদ্ভুত প্রাচীন মন্দির আর প্রত্ন স্থাপনায় ঘেরা এক শহর। বলেন চঞ্চল।তাঁদের সঙ্গে নেপালের একটি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের কয়েকজন ছাত্রছাত্রীও ছিলেন। বুদ্ধের সঙ্গে তো বেশ বন্ধুত্বই হয়ে গেল তাঁদের। শেষ দিন তাঁরা গেলেন ১৪০ বছরের পুরোনো একটি নেপালি ঐতিহ্যের খাবারের রেস্তোরাঁয়। ‘ভোজন গৃহ’ রেস্তোরাঁটা দেখতে যতটা সুন্দর, তার চেয়ে বেশি চমৎকার ছিল এর ভেতরের পরিবেশ। পানি পাতা, নেপালি পাটি। সামনে ছোট লম্বাটে কাঠের টুল। তাতে পরিবেশন করা হচ্ছে ২৪ রকম খাবার। কারুকাজময় পাত্র থেকে ঢালা হচ্ছে নেপালি সুরা। এখানেই শেষ নয়, খাওয়ার চেয়েও বেশি উপভোগ্য ছিল নেপালের বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যময় নাচ ও গানের সুমধুর আওয়াজ। সবাই যেন ফিরে গিয়েছিলাম ১৪০ বছর পুরোনো অচিন এক নগরে।’ জানান ফারহানা। আমাদের দেশীয় সংস্কৃতিও এভাবেই মুগ্ধ করবে ভিনদেশিদের আর সুন্দরবন হবে এক নম্বর বিশ্ব ঐতিহ্য স্থান—১০ আগস্ট দেশেফিরে এ স্বপ্ন নিয়েই বিভোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই তরুণ পর্যটক।