নেপাল থেকে বাংলাদেশে
‘নেপালের সঙ্গে যে এত মিল বাংলাদেশের তা আমরা কখনো উপলব্ধি করিনি। কয়েক বছর এখানে কাটানোর পর মনে হচ্ছে নেপাল থেকে বাংলাদেশে নয়, যেন নিজ দেশেই রয়েছি।’ কথাগুলো বললেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এমএসের শিক্ষার্থী অভিষেক সিং। ২২ এপ্রিল অঙ্কুর সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে আসা বাংলাদেশের নেপালি স্টুডেন্টস ইউনিয়নের (এনএসইউ) প্রধান উপদেষ্টা মিতেশ লাল কার্ন বলেন, ‘আমি এখানে এসে সত্যিই বিস্মিত!’ সন্ধ্যা সাতটার দিকে দুই দেশের জাতীয় সংগীত শুরুর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনভর্তি প্রায় হাজার খানেক দেশি-বিদেশি দর্শক। এরপর শুরু হলো দুই দেশের জনগণের জীবনধারা, সাহিত্য, জীববৈচিত্র্য, শিল্প-সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দৃশ্যাবলি নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এরপর শুরু হলো নৃত্য-গান আর মজার মজার সব ইভেন্ট। ‘নেপাল আর বাংলাদেশ পরস্পরের শুধু প্রতিবেশী দেশই না, বরং একটি পরিবারেরই অংশ।’ এভাবেই নিজের একান্ত অভিমত জানালেন সদ্য বাকৃবির ভেটেরিনারি অনুষদ থেকে এমএস করা নেপালি শিক্ষার্থী অজিত কুমার ঝা। ‘তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে পৃথিবী রক্ষা করো’ স্লোগানে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল হিমালয় থেকে বঙ্গোপসাগরের জলবায়ুর ধারাবাহিক পরিবর্তনবিষয়ক একটি সেমিনার। বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক মোস্তাফিজুর রহমান কক্সবাজার, সুন্দরবন, বান্দরবান, রাঙামাটির বিভিন্ন জীববৈচিত্র্য ও তাদের ক্রমবিকাশসহ কুমিল্লা, ময়নামতি, বাগেরহাট, পাহাড়পুরসহ বাংলাদেশের বিভিন্ন নিদর্শনের একটি বর্ণনা দেন। প্রধান অতিথি অধ্যাপক আলী আকবর জলবায়ুর ক্ষতিকর দিকসমূহের ওপর তথ্যসমৃদ্ধ বক্তব্যে নেপাল ও বাংলাদেশকে তাপমাত্রা নিয়ন্ত্রণে এক হওয়ার আহ্বান জানান। ‘নেপালের সঙ্গে বাংলাদেশের যৌথ উদ্যোগে এ ধরনের অনুষ্ঠান এটাই প্রথম।’ বললেন অঙ্কুর সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ সরকার ফাগুন।আয়োজক কমিটির আহ্বায়ক এ কে এম জাকির হোসেন বলেন, ‘দিন দিন বিদেশ থেকে এ দেশে পড়তে আসা শিক্ষার্থীদের আগ্রহ হ্রাস পাচ্ছে। এ এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসাহ জোগান দেওয়ার প্রয়াস নিয়েই ব্যতিক্রমী এ আয়োজন করেছি। পরে আমরা সার্কভুক্ত বাকি দেশগুলোর সঙ্গেও এ ধরনের আয়োজনের চিন্তাভাবনা করছি।