নেপাল ভ্রমণে স্বাগতম!
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ নানা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নেপাল। আর এ কারণেই পর্যটকদের কাছে এ নামটি আজ আর নতুন কিছু নয়। প্রতিনিয়ত নেপালের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য সেখানে ভিড় করছে প্রকৃতিপ্রেমিকেরা। বাংলাদেশ থেকেও দিন দিন নেপাল ভ্রমণের জন্য যাওয়া পর্যটকদের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য সে দেশের সরকারেরও আন্তরিকতায় কোনো কমতি নেই। সম্প্রতি দেশের পর্যটনব্যবস্থাকে আরও সফল করার জন্য নেপাল সরকার ২০১১ সালকে পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে। নেপালে পর্যটনব্যবস্থায় যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য সে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল অঙ্গীকার করেছে, তারা এ বছর কোনো ধর্মঘট করবে না। পাশাপাশি ২০১১ সালে সে দেশে ১০ লাখ পর্যটক আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নেপাল সরকার। ৭ জুলাই রাজধানীর একটি হোটেলে নেপাল পর্যটন বোর্ড আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশিদের নেপাল ভ্রমণে উৎসাহিত করার জন্য এর আগে বাংলাদেশের বগুড়া ও রাজশাহীতে কর্মসূচি পরিচালনা করা হয় নেপাল পর্যটন বোর্ডের পক্ষ থেকে। ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পর্যটন প্রচারাভিযান শেষ হলো। অনুষ্ঠানে জানানো হয়, নেপালে পর্যটক সমাগমের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এখানে নেপালের রাজধানী কাঠমান্ডুর সঙ্গে ঢাকার প্রতিনিয়ত সরাসরি বিমান যোগাযোগ আছে বিমান বাংলাদেশ, জিএমজি এয়ার লাইন্স ও ইউনাইটেড এয়ারওয়েজের, যা নেপাল ভ্রমণকে আরও সহজ করে দিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। তিনি নেপালের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ করেন। পাশাপাশি সে দেশের পর্যটকদেরও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। বাংলাদেশের চলচ্চিত্রে নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ধারণকে উৎসাহিত করার জন্য নাট্যকার মামুনুর রশিদ, অনন্ত হীরা ও আউয়াল রেজাকে বিনা মূল্যে সে দেশে নিয়ে যাওয়ার ঘোষণা দেয় নেপাল পর্যটন বোর্ড। পাশাপাশি বাংলাদেশের পর্যটকদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে বক্তব্য দেন নেপাল পর্যটন বোর্ডের ডেপুটি চিফ অব মিশন কৃষ্ণচন্দ্র আরিয়ান, জনসংযোগ কর্মকর্তা সৈয়দ গোলাম কাদের ও প্রতিনিধি কৃষ্ণচন্দ্র রোকাসহ অনেকে।