নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে মিথিলা রাজ্যের অধিবাসী উজ্জ্বল ঠাকুর। প্রকৌশল শিক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুনাম শুনে সাড়ে তিন বছর আগে নেপাল থেকে পড়তে আসেন এখানে। তাঁর মতো আনন্দ মণ্ডল, মো. ওয়াজি আলমসহ অনেক নেপালি শিক্ষার্থীর কাছে পছন্দের প্রকৌশল শিক্ষার বিদ্যাপীঠ হয়ে উঠেছিল চুয়েট। বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোটা থাকায় প্রতিবছরই দু-তিনজন নেপালি শিক্ষার্থী এখানে ভর্তি হচ্ছিলেন। কিন্তু ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ফি বাড়ানোর পর থেকে কমতে শুরু করে নেপালি শিক্ষার্থীর সংখ্যা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নেপালি শিক্ষার্থীরা আগে বাংলাদেশি শিক্ষার্থীদের সমপরিমাণ ফি দিয়ে চুয়েটে পড়তে পারতেন। কিন্তু ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকে সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টার ফি ৫০০ মার্কিন ডলার (প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা) এবং অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য এক হাজার মার্কিন ডলার (প্রায় ৭০ হাজার টাকা) করা হয়েছে। এর পর থেকে চুয়েটে নেপালি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমে গেছে। গত দুই বছরে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। চলতি শিক্ষাবর্ষে দুইজন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করলেও সেমিস্টার ফি বেশি হওয়ায় তাদের ভর্তি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। নেপালি শিক্ষার্থীরা জানিয়েছেন, সেমিস্টার ফি বেড়ে যাওয়ায় চুয়েটে নেপালসহ বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী আসা কমে গেছে। তাঁরা জানান, নেপালে একটিমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধীনে কয়েকেটি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউট রয়েছে। কিন্তু সেখানে প্রকৌশল শিক্ষা অত্যন্ত ব্যয়বহুল। এ জন্য নেপালে প্রকৌশলী হতে আগ্রহী শিক্ষার্থীদের অনেকেই দেশের বাইরে গিয়ে প্রকৌশল শিক্ষা নেন। এ ক্ষেত্রে পছন্দের তালিকায় শীর্ষ অবস্থানে আছে ভারতের আইআইইটি এবং বাংলাদেশের বুয়েট ও চুয়েট। তিন-চার বছর আগেও এসব জায়গায় পড়াশোনার খরচ তুলনামূলক অনেক কম ছিল। কিন্তু বতৃানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও খরচ অনেক বেড়ে গেছে। এ কারণে দিন দিন কমছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। নেপালি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় চুয়েটকে রাখার কারণ জানতে চাইলে তাঁরা জানান, নেপালে চুয়েট থেকে ডিগ্রি নেওয়া বেশ কিছু প্রকৌশলীর কর্মক্ষেত্রে সাফল্য অন্যদের অনুপ্রাণিত করেছে। চুয়েট থেকে পাস করা প্রকৌশলীদের মধ্যে বিজয় ইয়াদব, চৈতন্য, সায়েম, ভূপেন্দ্র ও চৈতানী নেপাল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন। তাঁদের বর্ণাঢ্য কর্মজীবন দেখে অনেকের মধ্যে চুয়েটে পড়াশোনার মানের ব্যাপারে বিশেষ আস্থা জন্মে। এ জন্যই সুদূর নেপাল থেকে চুয়েটে আসা।জানা যায়, সুষ্ঠু শিক্ষাব্যবস্থার পাশাপাশি চুয়েটের মনোরম প্রাকৃতিক পরিবেশও নেপালি শিক্ষার্থীদের আকর্ষণ করে। তবে এখানে আসার পর এখানকার পথঘাট চেনা এবং ভাষা ও খাওয়া-দাওয়ার মতো বেশকিছু বিষয়ে সমস্যায় পড়তে হয়েছে তাঁদের। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আয়ত্ত করতে হয়েছে বাংলা ভাষা। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আনন্দ মণ্ডল বলেন, ‘নেপালের দক্ষিণে মিথিলা রাজ্যে আমার বাড়ি। সেখানকার আঞ্চলিক ভাষার সঙ্গে বাংলা ভাষার অনেক মিল থাকায় আমার সুবিধাই হয়েছে। তবে নতুন ধরনের খাবারের (বাংলাদেশি) সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিকে সমস্যা হলেও এখন এসব খাবারে অভ্যস্ত হয়ে গিয়েছি।’ বাংলাদেশিদের আতিথেয়তায়ও মুগ্ধ নেপালি শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে শিক্ষার্থী মো. ওয়াজি আলম বলেন, ‘নেপাল থেকে এসে আমরা কল্পনাতীত আতিথেয়তা পেয়েছি। এখানে আমার অনেক বন্ধু হয়েছে। এরা অনেক মিশুক। কিন্তু ফি বেড়ে যাওয়ায় আমাদের দেশের শিক্ষার্থীদের আসা কঠিন হয়ে গেল।’ এ প্রসঙ্গে চুয়েটের নিবন্ধক মো. সফিকুল ইসলাম বলেন, ‘ফি বেশি হওয়ায় শিক্ষার্থী আসছে না, এটা আমি মনে করছি না। কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে কতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি করা হবে, তা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা হয়।’