কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হামজারডেইল সড়কটি পরিচ্ছন্ন। দুই পাশের গাছগুলোর আশপাশেও কোনো আগাছা নেই। কারণ, নেপালী সরকার। তিনি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়কটি পাহারা দেন। সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি পরিচর্যা করেন পাশে লাগানো গাছের। নেপালী সরকার (৩০) বলেন, ‘সড়ক রক্ষণাবেক্ষণ ও গাছ পরিচর্যার বিপরীতে দৈনিক ৯০ টাকা বেতন পাই। তা থেকে ৪০ শতাংশ (৩৬ টাকা) সোনালী ব্যাংকে জমা রাখি। এখন একসঙ্গে পাঁচ বছরের সঞ্চয়ী প্রায় ৬৫ হাজার টাকা পেয়েছি। খুব আনন্দ লাগছে। এই টাকায় ঘরে হাঁস-মুরগির একটি খামার করব।’ এ কাজে নেপালী একা নন, আছেন আরও ৯৬ জন নারী শ্রমিক। উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যানপাড়ার বিধবা মনোয়ারা বেগম (৪৫) ও রাবারড্যাম এলাকার ছেনোয়ারা বেগম (২৬) জানান, এই চাকরি না হলে তাঁদের ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যেত। খাবার জুটত না দুই বেলা। ২১ আগস্ট সদর উপজেলার ১০টি ইউনিয়নের সড়ক রক্ষণাবেক্ষণ ও গাছ পরিচর্যাকারী ৯৬ জন নারী শ্রমিকের মধ্যে সঞ্চয়ী ভাতার প্রায় ৬৫ লাখ টাকা বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে তাঁদের চেক ও সনদ প্রদান করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমগীর। রুরাল এমপ্ললয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেন্যান্স কর্মসূচি (আরইআরএমপি) প্রকল্পের আওতায় এই অর্থ প্রদান করা হয়।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছিমা আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এলজিইডি উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. শহীদুল্লাহসহ ফরিদুল আলম, আবদুর রহিম, আমান উল্লাহ, নুরুল হক প্রমুখ।মোস্তাফিজুর রহমান বলেন, ২০০৮-০৯ অর্থবছরে সড়ক রক্ষণাবেক্ষণ ও গাছ পরিচর্যার জন্য ১০টি ইউনিয়নে ৯৬ জন দুস্থ নারীকে নিয়োগ দেওয়া হয়। মাসিক বেতন দেওয়া হতো দুই হাজার ৭০০ টাকা। এর মধ্যে মাসিক সঞ্চয় হতো এক হাজার ৮০ টাকা, যা গত পাঁচ বছরে প্রায় ৬৫ হাজার টাকা হয়েছে।