
নেপালের কাঠমান্ডুর ঐতিহাসিক পাঠান জাদুঘরের আশপাশে এখনো ধ্বংসস্তূপ। পড়ে আছে শক্তিশালী ভূমিকম্পে গুঁড়িয়ে যাওয়া মন্দির ও বিভিন্ন স্থাপনা। কোনোটি একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। আবার অর্ধভগ্ন অবস্থায় কোনোটি এখনো জানান দিচ্ছে নিজেদের অস্তিত্ব। তবে ভূমিকম্পে অক্ষত পাঠান জাদুঘর। এই স্থানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একমাত্র ভবন এটি। এই জাদুঘরে গত ২৪ ও ২৫ ডিসেম্বর হয়ে গেল চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিকদের দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী।
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) ‘মাই সয়েল, মাই সোল’ শীর্ষক আন্তর্জাতিক এই চিত্র প্রদর্শনীতে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের জীবনযাত্রা, ঐতিহাসিক স্থান এবং স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য উঠে আসে। ছিল পার্বত্য চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত ছবিও, যা পাহাড়–পর্বতঘেরা নেপালের সঙ্গে মিলে যায়।
প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফী বিনতে শামসও ঠিক এই কথাটিই বললেন। তিনি বলেন, চট্টগ্রামের সঙ্গে নেপালিদের জীবনযাত্রার অনেকটা মিল রয়েছে। এই ছবিগুলো দেখে নেপালিরা স্বাচ্ছন্দ্যবোধ করবে। ছবির মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের দুই ফার্স্ট সেক্রেটারি শামীমা চৌধুরী ও খান মো. মঈনুল হোসেন।
প্রদর্শনীতে চট্টগ্রামের ২২ আলোকচিত্রীর ৪৪টি ছবি স্থান পায়। নেপালি ছাড়াও বিভিন্ন দেশের পর্যটকেরা পাঠান মিউজিয়ামে প্রদর্শনীটি দেখতে যান বলে জানান সিপিজেএর প্রদর্শনী সম্পাদক অনুরূপ দাশ। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বৃহত্তর চট্টগ্রামকে তুলে ধরার জন্য আমরা এই আয়োজন করেছি।’
প্রদর্শনীর মন্তব্য খাতায় ছবি নিয়ে উৎসাহব্যঞ্জক বিভিন্ন মন্তব্য করেছেন আগত দর্শনার্থীরা। ধ্বংস হয়ে যাওয়া ঐতিহাসিক মন্দির এবং স্থাপনা দেখতে যাওয়া নর–নারীরা প্রদর্শনীতে ঢুঁ মেরে তাঁদের ভারাক্রান্ত মনকে কিছুটা সতেজ করার চেষ্টা করেছেন।
এর আগে একই শিরোনামে এই চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। এরপর ভারতের আগরতলায় দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।