নেপালে বাংলাদেশের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ঘেরা নেপালে এবার উপস্থাপন করা হলো বাংলাদেশের পোশাক। ২১ সেপ্টেম্বর নেপালে হয়ে গেল ‘নেপাল ফ্যাশন উইক’। এতে বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের পোশাক উপস্থাপন করা হয়। তাঁর পক্ষে ফ্যাশন উইকে অংশ নেন তাঁর স্ত্রী দীপ্তি হক। তাঁর সংগ্রহের মূল বিষয় ছিল ‘ট্রাইবাল অব বাংলাদেশ’। মোট বিশটি পোশাকের মধ্যে দশটি ছিল আধুনিক পোশাক, পাঁচটি শাড়ি ও পাঁচটি ছেলেদের পোশাক। নেপাল ফ্যাশন উইক সম্পর্কে এমদাদ হক জানান, ‘নেপালে এটাই আমার প্রথম শো। এর আগে করাচি ও কলম্বো ফ্যাশন উইকে অংশ নিয়েছি। এবারের নেপাল কালেকশনে আদিবাসী কাপড় ব্যবহার করে পোশাক তৈরি করা হয়েছে। মারমা, চাকমা, বম, লুসাই, মণিপুরি কাপড়ের সঙ্গে সিল্ক, এন্ডি সুতির সংযোজন হয়েছে। কাফতান কাটের ঢিলেঢালা টপ, সালোয়ারের ভিন্ন কাট, কামিজে ত্রিকোনা কাট প্রভৃতি ব্যবহার করা হয়েছে। কালো, হলুদ, ম্যাজেন্টা, বেগুনি, সবুজ রঙের ব্যবহার ছিল উল্লেখযোগ্য।’সজীবের সংগীতায়োজনে পাহাড়ি গানের সুরে র‌্যাম্পে হাঁটেন মডেলরা। দীপ্তি হক জানান, নেপালে বাংলাদেশের কাপড়ের চাহিদা বেশ। বিশেষ করে, আদিবাসী কাপড়ের। চার দিনের এই ফ্যাশন উইকে অংশ নেন ২৮ জন ডিজাইনার। এতে মিস ইন্ডিয়া ২০১১ ও মিস নেপালও অংশ নেন।