নেপালের নিয়তি ইতিহাসের পুনরাবৃত্তি
আশি বছর আগে এক ভূমিকম্পে কাঠমান্ডুর চার ভাগের এক ভাগই ধুলায় মিশে গিয়েছিল। সেবার নেপাল জুড়ে ১৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। ভূতত্ত্ববিদেরা বলছেন, এক শতকের কাছাকাছি ব্যবধানে দুটো প্রলয়ংকরী ভূমিকম্পের ঘটনা নেপালে আগেও ঘটেছে। সেটা এখন থেকে প্রায় সাত শ বছর আগে। মাত্র কয়েক সপ্তাহ আগেই ফরাসি বিজ্ঞানীরা দেশটিতে ভূমিকম্পের এই জোড়া ধারার বিষয়টি চিহ্নিত করতে সক্ষম হন। এ নিয়ে বিস্তারিত জানিয়েছে বিবিসি।

নেপালে মাঠ পর্যায়ে গবেষণা চালাতে গিয়ে এ অঞ্চলের ভূমিকম্প সম্পর্কে বিজ্ঞানীরা বেশ কিছু বিষয় শনাক্ত করেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো প্রায় শত বছরের ব্যবধানে পর পর দুটো প্রলয়ংকরী ভূমিকম্পের ধারা এবং কাঠমান্ডু ও পোখারা শহরের মধ্যবর্তী স্থানের চ্যুতি রেখায় ভূমিকম্পের আসন্ন ঝুঁকি।
ভূমিকম্পের খাত তদন্ত
দুঃখজনক হলেও সত্য যে, ফরাসি বিজ্ঞানীরা ঠিক যে খাতে ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছিলেন শনিবার ঠিক সেই খাতেই ভূমিকম্প হয়। ফ্রান্সের বিকল্প জ্বালানি ও আণবিক জ্বালানি কমিশন ‘সিইএ’-এর গবেষক লরেন বলিঙ্গার ও তাঁর সহকর্মীরা গত মাসে নেপালের জিওলজিকাল সোসাইটিকে ওই আশঙ্কার কথা জানিয়েছিলেন।
নেপালের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ১ হাজার কিলোমিটারেরও বেশি দূর বিস্তৃত একটি ভূমিকম্প চ্যুতি রেখা রয়েছে। এটিই দেশটির প্রধান ভূমিকম্প চ্যুতি রেখা। দেশটির মধ্যাঞ্চলের দক্ষিণ দিকের গভীর জঙ্গলে ভূ-অভ্যন্তরের এই চ্যুতি রেখা ভূ-পৃষ্ঠে এসে মিলেছে। ফরাসি বিশেষজ্ঞ দলটি ওই জঙ্গল এলাকায় চ্যুতি রেখা নিয়ে গবেষণা করছিলেন। তাঁরা ভূ-পৃষ্ঠের ওই খাতে জমে থাকা চারকোলের কার্বন পরীক্ষা করে দেখতে চেয়েছেন যে, শেষ কবে এই খাতটিতে ভূমিকম্প হয়েছিল।

কাঠমান্ডু-পোখারা খাত
প্রাচীন অনেক গ্রন্থে এ অঞ্চলে অনেক বড় বড় ভূমিকম্পের কথা উল্লেখ থাকলেও কালের আবর্তে ভূ-পৃষ্ঠে সেসব ভূমিকম্পের চ্যুতি রেখা বা খাতগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। বৃষ্টির পানির সঙ্গে মাটি ও ভূমিধস এবং গভীর অরণ্যে সেসব হারিয়ে যেতে পারে।
বলিঙ্গারের নেতৃত্বে গবেষক দলটি কাঠমান্ডু ও পোখারার মধ্যবর্তী স্থানের খাতটিকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এই গবেষক বলেন,‘আমরা দেখিয়েছি যে, এই খাতটি ১৫০৫ ও ১৮৩৩ সালের মহা ভূমিকম্পের জন্য দায়ী নয়। সর্বশেষে এই খাতে ভূমিকম্প হয়েছিল ১৩৪৪ সালে।’
এর আগে, গবেষক দলটি কাঠমান্ডুর পূর্ব দিকের আরেকটি খাত নিয়ে গবেষণা করেন এবং দেখতে পান যে, ওই খাতে ১২৫৫ সালে এবং সর্বশেষ ১৯৩৪ সালে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল।
ফরাসি গবেষক দলটির আরেক সদস্য সিঙ্গাপুরের আর্থ অবজারভেটরির গল তাপোনিয়ের বলেন,‘আমরা দেখতে পাচ্ছিলাম যে, কাঠমান্ডু ও পোখারা দুটোই সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকিতে আছে। নগর দুটির কাছাকাছি ওই মূল চ্যুতি রেখায় শেষ ভূমিকম্প হয়েছে ১৬৪৪ সালে।’

চাপ বাড়তে বাড়তে ভূমিকম্প
বিজ্ঞানীরা জানান, একটা বড়সড় ভূমিকম্পের পর নানা চ্যুতি রেখার ওপর আরও চাপ বাড়তে থাকে। কাঠমান্ডু-পোখারার মধ্যবর্তী এই চ্যুতি রেখাতে ১২৫৫ সালের ভূমিকম্পের পরও তা-ই ঘটেছিল। পরবর্তী ৮৯ বছর ধরে ওই চ্যুতির পশ্চিম অংশে চাপ বাড়তে থাকে। অবশেষে ১৩৪৪ সালে সেটা চাপ সামলাতে না পেরে ভেঙে পড়ে।
এবারও এভাবেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। ১৯৩৪ সালে কাঠমান্ডুর পূর্ব দিকে চ্যুতি রেখায় যে প্রলয়ংকরী ভূমিকম্প হয়েছিল তাতে কাঠমান্ডু-পোখারার মধ্যবর্তী এলাকায় চ্যুতি রেখায় চাপ বাড়তে শুরু করে। চ্যুতি রেখা ধরে পশ্চিম দিকে এই চাপ বাড়তে বাড়তে ৮১ বছরের মাথায় শনিবার এই ভূমিকম্প হলো।
উদ্বেগের বিষয় হলো ওই গবেষকেরা বলছেন, এই ভূমিকম্পের ফলে এই অঞ্চলে আরও বড়সড় ভূমিকম্পের আশঙ্কা বেড়ে যেতে পারে। ফরাসি গবেষক লরেন বলিঙ্গার বলেন,‘প্রাথমিক হিসাব-নিকেশে মনে হচ্ছে শনিবারের ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প হয়তো চ্যুতি রেখায় জমে থাকা প্রচণ্ড চাপের সবটুকু শক্তি নির্গত করতে পারেনি। সম্ভবত এই চ্যুতি রেখার পশ্চিম ও দক্ষিণ দিকে আরেকটি বড়সড় ভূমিকম্পের জন্য আমাদের অপেক্ষা করতে হতে পারে। আর তা হয়তো আগামী কয়েক দশকের মধ্যেই ঘটতে পারে।’