নেভাল বিচের আনন্দধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলীর উজান ঠেলে ছুটছে জলগাড়ি। সাত সাগর তের নদী পাড়ি দিয়ে আসা দৈত্যর মতো জাহাজগুলো দেখতে দেখতে ঢুকে পড়ছে বন্দরের অন্দরে। পশ্চিমে তাকালে সাগর-নদীর মিতালি রং ছড়ায় মনে। নদীর পারে উদাসী পথিকের গানে যেন কান পাতে উদাসী কর্ণফুলী। দিনে দিনে আনন্দনগর হয়ে উঠছে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটসংলগ্ন নেভাল বিচ। প্রতিদিন সকাল থেকে বিকেল, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শত শত বিনোদনপ্রেমীর আগমনী গানে মুখর থাকে এলাকাটি। কর্ণফুলীর কলরোল আর কাছের সাগরের সুরের আনন্দধারায় ভেসে যান দর্শকেরা। নদীর সীমানাঘেঁষে তৈরি দেয়ালে বসে পেঁয়াজু-কাঁকড়া ভাজা আর সিদ্ধ ডিমের তাপে সকাল-বিকেল-রাতে জমে ওঠে আড্ডা। পরিবার, বন্ধুরা দলবেঁধে ছুটে যান ১৫ নম্বরের আনন্দনগরে। বিমানবন্দর সড়ক পেরোতেই কানে এল কিছু কিছু শব্দ—‘কাঁকড়া ভাজা’, ‘কাঁকড়া ভাজা’...। পূর্ব থেকে পশ্চিম লম্বা সড়কে গাড়ির মেলা। সড়কের উত্তর পাশে ছোট ছোট দোকান, সেখানে ভাজা হয় পেঁয়াজু। প্রতিটি দোকানের সামনে বসানো থাকে একটি টুল (বেঞ্চ)। অনেকে ভ্যানে করে ডাবও বিক্রি করেন। এখন যোগ হয়েছে তরমুজ-ফ্রুটি। ব্যাংকার সৈয়দ মুবিনুল হক বলেন, ‘পতেঙ্গা সৈকতে বেড়ে যাওয়া কোলাহলের কারণে কেউ কেউ একটু নিরিবিলি জায়গা খোঁজেন। ১৫ নম্বর তেমনই একটি সুন্দর জায়গা। হাঁটতে হাঁটতে যেমন পথ তৈরি হয়, তেমনি দুই-চারজন আসা-যাওয়া করতে করতে নেভাল বিচ এখন গমগম করে লোকজনের আড্ডায়।’ বাদাম, ঝালমুড়ি হাতে প্রশস্ত দেয়ালে পা ঝুলিয়ে বসে গল্প করছিলেন এক জুটি। ঘণ্টা চুক্তিতে সিএনজিঅটোরিকশা ভাড়া করে তাঁরা এসেছেন। নতুন জুটি বুঝি? এমন প্রশ্ন করলে সাইফুদ্দীনের মুখটা লাল হয়ে যায়। কিন্তু পরক্ষণে বেশ কাব্যিক উত্তর দেন—‘ভালোবাসার নাও ভাসাতে নদীর তীরে এসেছি।’নেভাল বিচের বিশেষ মুখরোচক খাবার হচ্ছে বুটের ডালের পেঁয়াজু ভাজা। ইচ্ছেমতো বসলেও টুল বরাবর থাকা বিপরীত দিকের দোকানটিই আপ্যায়নের দায়িত্ব পায়। খাবারের তালিকায় রয়েছে পেঁয়াজু, প্রতিপ্লেট ২০ টাকা। ফুচকা ২০-৩০ টাকা, কোমল পানীয় যা মোটেও ঠান্ডা নয় আধা লিটার ৩৫ টাকা। দাম অনেক বেশি কিন্তু আনন্দযাত্রায় এ নিয়ে তেমন মাথা ঘামান না কেউ। চিপস, ডালভাজা, খাবার পানির বোতলের দামও একটু চড়া। তবে দোকানে চা পাওয়া যায় না। চা বিক্রি হয় ভ্রাম্যমাণ বড় ফ্লাক্সে করে। গত রোববার বিকেলে চান্দগাঁওয়ের মোহাম্মদ রাশেদ পরিবার নিয়ে পতেঙ্গা সৈকতে গিয়েছিলেন। সৈকতে কিছুক্ষণ বসে তিনি চলে আসেন ১৫ নম্বরে। রাশেদ বলেন, ‘আমাদের শহরেই এত সুন্দর জায়গা আছে তা অনেকেই জানেন না। এ জায়গাকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়।’কয়েকটা পিচ্চি ছেলে সারাক্ষণ ঘুরঘুর করে বসা লোকজনের পাশে। তাদেরই একজন জালাল উদ্দিন জানাল সন্ধ্যার পর বন্ধুদের আড্ডায় চলে বিয়ারের সঙ্গে কাঁকড়া ভাজা খাওয়ার ধুম। চার কাঁকড়ায় এক প্লেট, দাম ৩০ টাকা। বিয়ারের ক্যান বিক্রি হয় ৩০০-৫০০ টাকায়, তবে এসব চলে চুপি চুপি। রাত ১২টার পর আর বিয়ার পাওয়া যায় না।দোকানদার জহুর আলম জানান, সকাল ১০টা-১১টায় স্কুলপালানো ছেলেমেয়ের আড্ডা বসে। বিকেলে তিনটার পর থেকে শুরু হয় লোকজনের আনাগোনা। আড্ডা চলে সাত-আটটা পর্যন্ত। আটটার পর আর মেয়েরা থাকেন না। প্রতিদিন ২০০-৩০০ টাকার মতো রোজগার হয় তাঁর। নেভি সংরক্ষিত এলাকাসংলগ্ন হওয়ায় নেভাল বিচের নিরাপত্তাব্যবস্থা ভালো। অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায় না তেমন।