যে দেশে অনেকগুলো অফিশিয়াল ভাষা, সেখানে প্রয়োজনের তাগিদেই ইশারা ভাষার প্রচলন হয়ে যায় বেশি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে ঘুরতে গেলে আপনি এ রকম অনেক দৃশ্য দেখবেন ট্যাক্সি ভাড়া করার ক্ষেত্রে। কেউ যদি তাঁর ডান হাতের তর্জনী আকাশের দিকে তুলে ধরে, তাহলে ট্যাক্সি ড্রাইভার বুঝতে পারে তিনি জোহানেসবার্গের মূল শহরে যেতে চান। কেউ যদি আকাশে বৃত্ত আঁকে, তাহলে তাঁর গন্তব্য ‘ডাউন টাউন’। এসবই আমরা শুনছিলাম, যখন আমরা যাচ্ছিলাম সোয়েটোতে। আমরা মানে, ১৯টি দেশের ৪০ জন এপিসি সদস্য। জলবায়ু পরিবর্তন এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি কর্মশালায় অংশ নিতে আমরা জড়ো হয়েছি দক্ষিণ আফ্রিকায়। আর একমাত্র ছুটির দিনে দেখতে ছুটেছি নেলসন ম্যান্ডেলার বাড়ি!জোহানেসবার্গের যেখানে আমরা ছিলাম, সেখান থেকে সোয়েটো যেতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। ভ্যানে বসে আমরা শুনছিলাম আমাদের গাইড রোজার বর্ণনা। রোজা বলছিলেন, এখনো দক্ষিণ আফ্রিকায় কোনো পরিবার পাওয়া যাবে না, যারা বর্ণবাদের শিকার হয়নি! রোজার বাবা ১৩ বছর গৃহবন্দী ছিলেন।আমাদের প্রথম যাত্রাবিরতি হয় সোয়োটোর স্বাধীনতা চত্ব্বরে। বর্ণবাদবিরোধী সংগ্রাম যখন ক্রমাগত এগিয়ে যাচ্ছে, তখন ১৯৫৫ সালের ২৬ জুন বিভিন্ন বর্ণগোষ্ঠীর প্রায় ৩০ হাজার নরনারী, জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ক্লিপটাউনে জড়ো হয়। তাদের উদ্দেশ্য ছিল, বর্ণবাদবিরোধী, স্বাধীনতা ও সাম্যের একটি সনদ তৈরি করা। দ্বিতীয় দিন পুলিশ তাদের ছত্রভঙ্গ করার আগেই ১০টি মূলধারাবিশিষ্ট সনদে স্বাক্ষর করে সবাই। এ সনদই দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-উত্তর নতুন সংবিধানের ভিত্তি। স্থাপত্যের বর্ণনা আমি খুব একটা দিতে পারি না। এখন সেখানে আছে একটি শিখা অনির্বাণ। ২০০৫ সালে এই শিখা প্রজ্জ্বলন করা হয়েছে। সৌধের ওপরটা খোলা, ফলে রোদ সব সময় একধরনের আলোছায়া তৈরি করে। আমাদের দেখে এগিয়ে এলেন একজন আফ্রিকান। আফ্রিকায় এত বেশি জাতিসত্তা যে তিনি কোন জাতিসত্তার সদস্য, সেটি বোঝা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তিনি নাক দিয়ে বাঁশি বাজালেন। দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত এবং অন্য একটি সুর। উদ্দেশ্য সাহায্য চাওয়া। বর্ণবাদ বিলুপ্তির পর, দক্ষিণ আফ্রিকায় কালোদের অবস্থার উন্নতি হচ্ছে বটে, তবে একটি সামাজিক সাম্য প্রতিষ্ঠায় আরও অনেক দিন লাগবে। চত্বরে কিছু হস্তশিল্পসামগ্রী বিকিকিনির হাট।স্বাধীনতা চত্বর থেকে আমরা হেক্টর (দক্ষিণ আফ্রিকার মতিয়র) মিউজিয়াম হয়ে চলে এলাম একটি আবাসিক পল্লিতে, পশ্চিম অর্লেন্দো। যেখানে আমরা নামলাম, সেখানেই বিশপ ডেসমন্ড টুটুর বাড়ি। বাইরে থেকে দেখে খুব একটা সুবিধা করা গেল না, কারণ দেয়াল যথেষ্ট উঁচু। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ৮১১৫ নম্বর নাকানে স্ট্রিটে। ওইটি ম্যান্ডেলার বাড়ি। ১৯৪৬ সালে প্রথম স্ত্রী ইভলিন টকোকে নিয়ে ওই বাড়িতে ওঠেন আফ্রিকার কালমানুষের নেতা। ১৯৫৭ সালে টকো তাকে ছেড়ে যান। ১৯৫৮ সালে বিয়ের পর উইনি ওই বাড়িতে উঠে আসেন।কর্নার প্লট। এখন এটি একটি জাদুঘর। আশপাশের বাড়িগুলোর মতো একতলা, ছোট বাড়ি। চারপাশে লোহার বেড়া। মূল ভবনে ঢোকার আগে একটি টিকিটঘর আর রেস্টরুম। তবে এগুলো পরে করা হয়েছে। মূল ভবনটি খুবই ছোট। আমার আন্দাজে ৭০০ থেকে ৮০০ বর্গফুট হবে। কিচেন ছাড়া তিনটি রুম। রুমগুলো খুবই ছোট। খাট বসানোর পর সামান্য জায়গা। মাঝখানে খাবার ঘর হয়ে সব রুমে যাওয়া যায়। সবগুলো ঘরের দেয়ালে এখন বিভিন্ন ছবি আছে। ম্যান্ডেলার পারিবারিক ছবি। বেশ কিছু দুর্লভ ছবিও আছে। আছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানসূচক ডিগ্রির সার্টিফিকেট। দেয়ালের কয়েকটি স্থান ফাঁকা। ভালোমতো দেখলে বোঝা যায়, সেগুলো গুলির দাগ। কয়েকটি দাগ দেখে আমার গুলির দাগ মনে হলেও গাইড বললেন, সেগুলো ককটেল মলোটোভের দাগ। মাঝখানের রুমে (যেটিকে আমি খাবার ঘর বলছি) একটি দেয়াল তুলেছিলেন ম্যান্ডেলা। পুলিশ আর সাদাদের গুলিবর্ষণের সময় দেয়ালের পেছনে আশ্রয় নিত সবাই। তবে এটি তাঁর ঘর হলেও ম্যান্ডেলাকে প্রায় পালিয়ে বেড়াতে হতো, পুলিশের ভয়ে। ১৯৬২ সালে গ্রেপ্তার হওয়ার আগে তাই খুব বেশি দিন তাঁর থাকা হয়নি এখানে। ম্যান্ডেলা জেলে থাকার সময় দুই মেয়ে জেনি আর জিনদিকে নিয়ে থাকতেন উইনি। সে সময় সাদা এবং পুলিশ একাধিকবার বাড়িটি জ্বালিয়ে দেয়। পরে আরেকটু দূরে উইনি আরেকটি ঘর তৈরি করেন।ম্যান্ডেলার উপস্থিতি বা অনুপস্থিতি উভয় ক্ষেত্রে এ বাড়িটিই ছিল দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের আশাভরসার স্থল। ১৯৯৬ সালের ছাত্র বিক্ষোভ আর তরুণ আফ্রিকানদের আলাপ-আলোচনার স্থান। ১৯৯০ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর ম্যান্ডেলা এ বাড়িতেই আসেন এবং ১১ দিন অবস্থান করেন। ১৯৯৭ সালে জাদুঘর করার জন্য তিনি বাড়িটি সোয়েটো হেরিটেজ ট্রাস্টকে দিয়ে দেন।১৯৯০ সালের দিনটির কথা তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘সেদিন রাতে আমি উইনিকে নিয়ে ৮১১৫ পশ্চিম অর্লেন্দোতে পৌঁছায়। এরপর বিশ্বাস করি যে আমি কারাগার থেকে বের হয়েছি। আমার জন্য ৮১১৫ হলো আমার পৃথিবীর কেন্দ্রবিন্দু, আমার মানসিক ভূগোলের এক্স চিহ্নিত বিন্দু।’ফেরার সময় এক চমৎকার অনুভূতি নিয়ে ফিরেছি। দেশকে কত গভীরভাবে ভালোবাসলে মাত্র ৮০০ বর্গফুটের একটি বাড়িতে থেকে দেশকে বদলে দেওয়া যায়! নেলসন ম্যান্ডেলা, তোমাকে সালাম।ছবি: ফারজানা আখতার