একজন ছাত্রের নেশা ও পেশা অবশ্যই বই পড়া হওয়া উচিত। বই পড়ায় আগ্রহ না থাকলে কারও পক্ষে কখনোই সফলতার শীর্ষে ওঠা সম্ভব নয়। বই পড়াকে নেশা হিসেবে নিয়েছিলেন বলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদুজ্জামান আজ দেখতে পেয়েছেন স্বপ্নচূড়া। বই পড়াটা নেশা এবং পেশা তো বটেই, এটাকে তাঁর পাগলামিও বলা যায়। বন্ধুদের কাছে তিনি রানা নামে পরিচিত। পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সম্মান চূড়ান্ত পরীক্ষায় ৭৪ দশমিক ৭৮ শতাংশ নম্বর পেয়ে হয়েছেন প্রথম শ্রেণীতে প্রথম। নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেকেই নোট-নির্ভর পড়াশোনা করে। আমি যখন প্রথম বর্ষে ভর্তি হলাম, তখন আমিও নোটের আশায় এর-ওর কাছে ছুটতাম। একদিন একটি নোটের আশায় ছুটে গেলাম এক বড় আপুর কাছে। তিনি আমাকে নোট দেননি। জেদ ধরে গেল আমার। আর কখনো কারও কাছে নোট চাইনি এবং এর পর থেকে সেই যে জেদ হলো, আর কখনো নিজে বুঝে নিয়ে নোট করা ছাড়া পড়িনি। হ্যাঁ, সেটাই আমার জীবনে শাপে বর হয়ে এসেছে, যা আজ আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এনে দিয়েছে।’ কুড়িগ্রামের উলিপুর থানার পান্ডুল ইউনিয়নের বামনীরপাড় নামের এক প্রত্যন্ত গ্রামে বাড়ি রানার। মা রওশনারা বেগম গৃহিণী আর বাবা মনসুর আলী একজন কৃষক হলেও স্বপ্ন তাঁদের নেহাত কম ছিল না। তাই তো কিছুতেই নষ্ট হয়ে যেতে দেননি রানার স্বপ্নগুলো। শত কষ্টের মধ্যেও জমি-জায়গা বিক্রি করে হলেও উৎসাহ আর অনুপ্রেরণা দিয়ে জিইয়ে রেখেছেন রানার স্বপ্নগুলোকে। বাবা-মায়ের সেই সব কষ্ট ও অনুপ্রেরণা চলার পথে আলো দেখায় রাশেদুজ্জামানকে। নিজের এগিয়ে যাওয়ার কথাগুলো বলতে গিয়ে বলেন, ‘আমি প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাইনি। খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু হাল ছেড়ে দিইনি। নতুন উদ্যমে পড়াশোনা শুরু করি। তা ছাড়া ইচ্ছে ছিল পদার্থবিজ্ঞানে পড়ার। তাই মন দিয়ে পড়াশোনা শুরু করি। দ্বিতীয়বারে সুযোগ পাই এবং প্রিয় বিষয় পদার্থবিজ্ঞানে ভর্তি হই।’২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুজ্জামান। শুরু থেকেই প্রতিটি বর্ষে প্রথম হয়ে আসছেন তিনি। কিন্তু স্বপ্নের কি আর শেষ আছে? তাই তো এখনো স্বপ্ন দেখেন আরও পড়াশোনা করার। নিজের এগিয়ে যাওয়ার কথাগুলো বলতে গিয়ে বলেন, ‘এসএসসির পর থেকেই পদার্থবিদ্যা ভালো লাগতে শুরু করে। ধীরে ধীরে এত দূর চলে এলাম। এখন ভাবনা শুধুই সামনের মাস্টার্স পরীক্ষা নিয়ে। সেখানেও ভালো করতে চাই। তারপর ইচ্ছা আছে পিএইচডি করার। বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। এ দেশের জন্যই আমি কিছু করতে চাই।’দেশের জন্য কিছু করার লক্ষ্যেই তিনি কাজ শুরু করেছেন সৌর ব্যবস্থাপনা নিয়ে। নতুনদের উদ্দেশে তিনি বলতে চান, ‘মুখস্থ করে পড়াশোনা করলে সাময়িক একটা ভালো ফল হয়তো আসবে, কিন্তু তা দেশের জন্য সার্বিক উন্নয়ন বয়ে আনবে না। সে জন্য চাই প্রচুর পড়াশোনা এবং তা বুঝে পড়া। তাহলেই তা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।’ মায়ের পাশাপাশি দেশমাতার স্বপ্ন পূরণেও তিনি কাজ করে যাচ্ছেন অবিরত।