নেশার টাকা জোগাড় করতে মানুষ খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর থানার টুমচর গ্রামের বেকার যুবক আলমগীর। বন্দরে ডকশ্রমিক হিসেবে চাকরির স্বপ্ন নিয়ে ছুটে আসেন চট্টগ্রামে। সঙ্গে নিয়ে আসেন খরচের জন্য দুই হাজার টাকা। ওই টাকাই তাঁর জন্য কাল হলো। হালিশহর বড়পোল এলকায় পড়েন ছিনতাইকারীর কবলে। ছিনতাইকারীর সঙ্গে অনেক ধস্তাধস্তির পরও নিজের শেষ সম্বলটুকু দিতে নারাজ আলমগীর। অন্যদিকে, নেশার টাকা জোগাড় করতে মরিয়া মাদকাসক্ত ছিনতাইকারীরা। তাঁরা ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করেন আলমগীরকে। শেষ পর্যন্ত প্রাণ গেল তাঁর। চাকরি নিতে আসা আলমগীর লাশ হয়ে ফিরল স্বজনদের কাছে।
গত ২৬ জুন গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী সোহাগ, সুজন, জহির ও শাহ আলম স্বীকার করেন, তাঁরা আলমগীরের বুক, ঘাড় ও বাঁ হাতের কবজির ওপর ছুরিকাঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে আলমগীরের পকেট থেকে দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে ওই টাকা ভাগাভাগি করে তাঁরা নেশা করেন। শুধু আলমগীর নন, মাদকাসক্ত ছিনতাইকারীদের হাতে গত চার মাসে প্রাণ হারায় আরও চারজন। আহত হয় অর্ধশতাধিক লোক। নেশার টাকার জন্য তাঁরা ছুরি চালাতে দ্বিধা করেন না।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান, ছিনতাইকারীদের বেশির ভাগই নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাড় করতেই তাঁরা ছিনতাইয়ে নেমে পড়েন। মাদককে সামাজিকভাবে প্রতিরোধ করতে পারলে মাদকাসক্ত ছিনতাইকারীদের সংখ্যা কমে যাবে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ‘কারাগারে আসা ছিনতাই মামলার বেশির ভাগ আসামি মাদকাসক্ত। নেশার জন্য তাঁরা কারাগারে পাগলের মতো আচরণ করে। কারাগারে কাউন্সেলিংয়ের ব্যবস্থা না থাকলেও কেস টেবিল বসিয়ে মাদকাসক্ত আসামিদের সুস্থ-স্বাভাবিক পথে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
হালিশহর থানার পুলিশ জানায়, গত ১৯ মে নগরের হালিশহর অ্যাক্সেস সড়কে ছিনতাইকারীরা আনজুমান আরা নামের এক নারীর ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়ার সময় গাড়ি থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মিজানুর রহমান ওরফে সাদ্দাম (২২), আবদুল কাদের (২৯) ও টিপু সুলতান (৩৫) নামের তিন ছিনতাইকারীকেক গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে টিপু সুলতান আদালতে গত ২৬ মে ঘটনার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাতে উল্লেখ করা হয়, ওই নারীর ভ্যানিটি ব্যাগ কেড়ে নিয়ে যে টাকা ও স্বর্ণালংকার পেয়েছিলেন, তা তাঁরা বিক্রি করে দেন। পরে ওই টাকায় নেশার আসর জমান। টাকা শেষ হওয়ার পর আবার ছিনতাইয়ে নেমে পড়েন। এদিকে গত ২৩ জুন দিবাগত রাত একটার দিকে দামপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় দুজন ছিনতাইকারী জসিম নামের এক যুবকের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে জসিমের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর পেটে ও পিঠে ছুরিকাঘাত করেন। ওই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ রানা নামের এক ছিনতাইকারীকে আটক করে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বলেন, আটক ছিনতাইকারী রানা মাদকাসক্ত।