নোটিশ বোর্ড

আন্তর্জাতিক বুনন উৎসব ২০১৬
শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বুনন উৎসব ২০১৬। ১৭ থেকে ১৯ নভেম্বর রাজধানীর সামরিক জাদুঘর মাঠে চলবে এই উৎসব। বাংলাদেশ ছাড়াও প্রদর্শনীতে অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নেপালের ডিজাইনাররা। ইন্টারন্যাশনাল উইভারস ফেস্টিভ্যাল ২০১৬-এর আয়োজন করছে টিএস ইভেন্ট। এ উপলক্ষে ৮ নভেম্বর গুলশান ক্লাবে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। এখানে জামদানি, বেনারসি, মসলিন, গামছা ও খাদি কাপড়ের বিভিন্ন দিক তুলে ধরা হবে। প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শকদের সামনে বুননপদ্ধতি তুলে ধরবেন তাঁতিরা। সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় দর্শনার্থীরা সহজ ডটকমের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন সম্পূর্ণ বিনা মূল্যে।
শিশুর শীত পোশাক
ফ্যাশন হাউস সমীকরণ শিশুদের জন্য বাজারে এনেছে আরামদায়ক গরম কাপড়। এর মধ্যে আছে ফুলহাতা হুডি টি-শার্ট, ফুলহাতা পোলো শার্ট, ম্যাগি হুডি ইত্যাদি। শিশুদের পোশাকের পাশাপাশি বড়দের শীত পোশাকও মিলবে এখানে। যোগাযোগ: ৬২-৬৩ আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেট (তৃতীয় তলা), ঢাকা।
আলোকচিত্র প্রশিক্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) দুই মাসব্যাপী বেসিক আলোকচিত্র প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। কর্মশালার জন্য নিবন্ধন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। কর্মশালা শুরু হবে ১৮ নভেম্বর থেকে। যোগাযোগ: ডিইউপিএস অফিস, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিয়ের সাজে ছাড়
শরৎ উপলক্ষে ওমেনস ওয়ার্ল্ড বউসাজে দিচ্ছে বিশেষ সুবিধা। প্রি ব্রাইডাল প্যাকেজ হিসেবে থাকছে ফেসিয়াল, চুল কাটা, মেহেদি, ম্যানিকিওর-পেডিকিউর, স্পা ইত্যাদি। এ ছাড়া রূপ পরামর্শক ফারনাজ আলমের কাছে বউ সাজলে নিয়মিত মূল্যের চেয়ে কম টাকা নিচ্ছে তারা। এই সুবিধা পাওয়া যাবে নভেম্বর মাসজুড়ে।
বিয়ে উৎসব ২০১৬
১৭ থেকে ১৯ নভেম্বর রাজধানীর শুটিং ক্লাবে আয়োজন করা হবে ডব্লিউপিপিবি ব্রাইডাল ফেস্টিভ্যাল ২০১৬। অরা বিউটি লাউঞ্জের সৌজন্যে বিয়ের এই উৎসব দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ (ডব্লিউপিপিবি)। উৎসব উপলক্ষে ১২ নভেম্বর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডব্লিউপিপিবির প্রেসিডেন্ট প্রীত রেজা, সেক্রেটারি জেনারেল সজীব পাল, অরা বিউটি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মাহদীন তারিক, স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট রফিকুল ইসলাম, রূপবিশেষজ্ঞ নিশাত আদনান তারিক প্রমুখ। সেখানে জানানো হয়, এবারের উৎসবে মোট ৫৬টি প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে প্রতিদিন থাকবে বিয়ের ফ্যাশন শো। উৎসবে সেলফি তুলে থাকছে বিদেশভ্রমণের সুযোগ। উদ্বোধন হবে ১৭ নভেম্বর বেলা তিনটায়। বাকি দুই দিন উৎসব চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।