নোটিশ বোর্ড
রুয়েটে রোবোট উৎসব
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হবে আন্তবিশ্ববিদ্যালয় রোবোটিকস উৎসব। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগ ও রোবোটিক সোসাইটির আয়োজনে এই উৎসবে যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আগামী ২১ থেকে ২২ এপ্রিল অনুষ্ঠেয় উৎসবের নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেন ফেসবুক ইভেন্ট পেজে: https://goo.gl/IDprmm
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে রিলিজ স্লিপে ভর্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২১ মার্চ বিকেল চারটা থেকে শুরু হবে। চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। এই কার্যক্রমে চার ধরনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মেধা তালিকায় স্থান পাননি, স্থান পেয়েও ভর্তি হননি, ভর্তি বাতিল করেছেন এবং দ্বিতীয় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছেন এমন শিক্ষার্থীরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা’র পরামর্শ
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহীদের জন্য সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিপ্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে জানাতে ইএমকে সেন্টারে আয়োজন করা হয়েছে পরামর্শ সভা। রাজধানীর পুরোনো ২৭ নম্বর রোডে অবস্থিত মাইডাস সেন্টারে প্রত্যেক রবি ও মঙ্গলবার বেলা তিনটা ৩০ মিনিট থেকে এক ঘণ্টা চলে এই সভা।