নোবেল জাদুঘরে একদিন

স্টকহোমের গ্যামলা স্তান এমনই একটা এলাকা, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। ইটের তৈরি রাস্তার অলিগলি পেরিয়ে নোবেল মিউজিয়াম। পাটকিলে রঙের বেশ কিছু দোকানে এই ডিসেম্বরে বসেছে ক্রিসমাস মেলা। তার সামনেই বিশাল জাদুঘরটি। কিন্তু মিউজিয়ামটাকে দূর থেকে যত বড় লাগে, ভেতরে ঢুকলে আর তা লাগে না। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। পুরো জাদুঘরে নোবেল বিজয়ীদের নিয়ে নানা আয়োজন।

বেশ কিছু মনিটর। প্রতিটির নিচে সুইচ। এক দশক করে সময় ধরে এক একটি মনিটরে নোবেল বিজয়ীদের তথ্য ও ছবি রয়েছে সেখানে। বছর জেনে নিয়ে সুইচে চাপ দিলেই ওই ১০ বছরে নোবেল পাওয়া যেকোনো মনীষীর পরিচয় পাওয়া যাবে সেখানে। স্বভাবতই আমার আগ্রহ ছিল ১৯১১-১৯২০, ১৯৯১-২০০০ আর ২০০১-২০১০ সালগুলোর দিকে। হ্যাঁ, এই দশকগুলোতেই তিন বাঙালি—রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন আর মুহাম্মদ ইউনূস—নোবেল পেয়েছিলেন। যখন স্ক্রিনে বড় করে তাঁদের ছবি দেখছিলাম, তখন গর্বে ভরে উঠছিল বুক।
নানা কিছু ছড়িয়ে আছে এই সংগ্রহশালায়। এ বছর নোবেল পেয়েছেন যাঁরা, তাঁদের স্বাক্ষরিত চেয়ারগুলো উল্টে রাখা হয়েছে। পদার্থবিজ্ঞানী তিনজনের স্বাক্ষর একটি চেয়ারে, তেমনি রসায়নের তিনজনেরও। অর্থনীতির দুজনেরও। খুঁজছিলাম বব ডিলানকে। পাওয়া গেল না। মিউজিয়ামের একজন গাইডকে জিজ্ঞেস করলাম, ‘ব্যাপার কী? তিনি কি স্বাক্ষর দেবেন না?’ রসিকতা করে তিনি বললেন, ‘বব ডিলান, কে সে?’ তারপর হেসে বললেন, ‘আপনি তো জানেনই, তিনি আসেননি। নিশ্চয়ই তিনি আসবেন। তখন অবশ্যই স্বাক্ষর দেবেন।’ তারপর বললেন একটা মজার কথা। ‘একবার এক নোবেল বিজয়ী বেড়াতে এসেছেন মিউজিয়ামে। এসে বললেন, “আমার স্বাক্ষর করা চেয়ারটা কই?” তখন তো সবাই মিলনায়তনে চেয়ার পেতে পর্দায় কিছু দেখছিল। আমরা থামিয়ে দিয়ে নোবেল বিজয়ীর নাম বলে ঘোষণা দিলাম, সবাই একটু চেয়ার উঠিয়ে দেখুন, কে সেই চেয়ারটায় বসেছেন। সবাই দাঁড়িয়ে চেয়ার উল্টে দেখে সেই চেয়ারটা বের করা হলো।’ উপস্থিত সবাই খুব আনন্দ পেল রসিক লোকটার গল্পে।

যে মিলনায়তনটিতে নোবেল বিজয়ীদের নিয়ে তৈরি ছোট ছোট চলচ্চিত্র দেখানো হচ্ছিল, তার পাশেই কাচের আড়ালে ছিল বেশ কজন নোবেল বিজয়ীর স্মারক। তেমনই কয়েকটি স্মারকের কথা বলব এখানে। ২০১০ সালে সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভারগাস ওসাঁর একটি জলহস্তীর ছোট্ট ভাস্কর্য রাখা আছে। তার কাছেই আছে ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেনের গণিতের পাঠ্যবই, ১৯০৯ সালে সাহিত্যে নোবেল বিজয়ী সেলমা লেগারলফের দুপাটি জুতা, ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা চিঠি, ২০০৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী শিরিন এবাদির একটা তোয়ালে।
নোবেল দিবসে, ১০ ডিসেম্বর সাজ সাজ রব পড়েছিল মিউজিয়ামে। সেখানে এক জায়গায় ছিল একটি সবুজ পর্দা। তার সামনে দাঁড়িয়ে একটি নোবেল পদক হাতে নিয়ে বিনে পয়সায় ছবি তুলছিল অনেকে। কম্পিউটারে তাদের ই–মেইল ঠিকানা রেখে দেওয়া হচ্ছিল। সময়মতো সবাই নিজের ঠিকানায় সে ছবি পেয়ে যাবে।
নোবেল জাদুঘরের ভিডিও দেখুন
www.prothom-alo.com–এ