আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নৌকাপ্রত্যাশী কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইউনুছ চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। ২ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, মগনামা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনজন নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. ইউনুছ চৌধুরী ও উপজেলা যুবলীগের সহসভাপতি মোজাম্মেল হক। এ তিন নেতার নাম উপজেলা হয়ে জেলা আওয়ামী লীগের কাছে যায়। জেলা আওয়ামী লীগ তিনজনের কাউকে একক প্রার্থী ঘোষণা দিতে না পারায় এই তিনজনের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠিয়ে দেয়। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড গত ২৭ ফেব্রুয়ারি খাইরুল এনামকে দলীয় একক প্রার্থী ঘোষণা করে।
জানতে চাইলে ইউনুছ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ আমার প্রতি অবিচার করেছে। তৃণমূলের সমর্থনকে তারা তোয়াক্কা করেনি। এ কারণে ৩১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি দিদারুল করিম বলেন, ‘ইউনুছ চৌধুরী লাঙ্গলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।’
এ ব্যাপারে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখব। এরপরও কেউ যদি অন্য দলের কিংবা বিদ্রোহী প্রার্থী হন তাহলে দল থেকে বহিষ্কার করা হবে।’