নৌকায় অতিরিক্ত যাত্রীবোঝাই ঝুঁকি নিয়ে সাগর পাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিন চালিত নৌকাগুলো কুতুবদিয়া রুটে চলাচল করে। অন্য উপায় না থাকায় যাত্রীরাও চড়তে বাধ্য হন এসব নৌকায়। ছবিটি গত রোববার পেকুয়ার মগনামা জেটিঘাট থেকে তোলা l প্রথম আলো
এভাবে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিন চালিত নৌকাগুলো কুতুবদিয়া রুটে চলাচল করে। অন্য উপায় না থাকায় যাত্রীরাও চড়তে বাধ্য হন এসব নৌকায়। ছবিটি গত রোববার পেকুয়ার মগনামা জেটিঘাট থেকে তোলা l প্রথম আলো

নিরাপদ পারাপারের জন্য ২০১১ সালে কুতুবদিয়া-মগনামা সাগর চ্যানেলে চালু হয় ফেরি। কিন্তু ছয় মাস পরই ওই ফেরি সরিয়ে নেওয়া হয়। সাগর পাড়ি দিতে ভরসা এখন ইঞ্জিনচালিত নৌকা (স্পিড ও ডেনিস বোট)। তার ওপর এসব নৌকায় বহন করা হয় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী। ফলে ঝুঁকি নিয়ে সাড়ে চার কিলোমিটারের এই চ্যানেল পাড়ি দেন প্রায় দেড় লাখ মানুষ।
কুতুবদিয়ার বাসিন্দারা জানান, ঝড়-বৃষ্টি হলে অনেকটা প্রাণ হাতে নিয়ে চ্যানেল পাড়ি দিতে হয়। এ ছাড়া অন্য কোনো উপায়ও নেই। আবার সন্ধ্যার পর বন্ধ থাকে পারাপার। রাতে কেউ অসুস্থ হয়ে পড়লেও তাঁকে কক্সবাজার কিংবা চট্টগ্রাম আনা সম্ভব হয় না। নিয়তির ওপর ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।
গত রোববার সকালে পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে গিয়ে দেখা গেছে, যাত্রীরা দুই ধরনের নৌকায় সাগর পাড়ি দিচ্ছেন। এর মধ্যে ৪০ জন করে বোঝাই করা হচ্ছে বড় নৌকায়। অনেক সময় এর চেয়ে বেশি যাত্রীও নেওয়া হচ্ছে। অথচ এই নৌকার ধারণক্ষমতা ২০ জন। এটি স্থানীয় ভাষায় ডেনিস বোট নামে পরিচিত। অপরটি হলো স্পিডবোট। এতে ৮ জন বসা গেলেও নেওয়া হয় ১১ জন পর্যন্ত। ভারী বর্ষণেও যাত্রীরা এভাবে নৌকায় চড়ে কুতুবদিয়া যাচ্ছেন।
বড় নৌকার যাত্রী কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামের ব্যবসায়ী হুজাইফ মুহাম্মদ (৩৫) জানান, প্রায় সময় অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয় এসব নৌকায়। ঢেউয়ের ধাক্কায় নৌকা উল্টে যাওয়ার উপক্রম হয় অনেক সময়। এক একটি বড় নৌকায় বহন করা হয় ৬০ জন পর্যন্ত। ভাড়া দিতে হয়েছে মাথাপিছু ২০ টাকা। দুর্যোগের সময় এই ভাড়া হয় ৩০ টাকা। যাত্রীদের দেওয়া হয় না জীবন রক্ষার কোনো লাইফ জ্যাকেট। বিকল্প ব্যবস্থা নেই বলে ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হচ্ছে।
বড়ঘোপের লবণচাষি আহমদ আলী বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই ছাড়াও নৌকাগুলোতে পণ্যও বোঝাই করা হয়। এসব দেখার যেন কেউ নেই। সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত নৌচলাচল চালু থাকে। অন্য সময় দ্বীপের মানুষের কক্সবাজার অথবা চট্টগ্রাম যাতায়াতের কোনো সুযোগ নেই।
নৌকার এক চালক বলেন, এই চ্যানেলে লোক পারাপারে রয়েছে ১০টি ডেনিস ও ৩টি স্পিডবোট। স্পিডবোটে জনপ্রতি ভাড়া নেওয়া হয় ৭০ টাকা। সময় লাগে ১৫ মিনিট। সমুদ্র চ্যানেল উত্তাল থাকলে স্পিডবোট চলাচল বন্ধ থাকে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই জানান, এই উপজেলার ৮০ শতাংশ মানুষ কক্সবাজার ও চট্টগ্রামে যাতায়াত করার জন্য লেমশীখালী ও বড়ঘোপ জেটিঘাট দিয়ে নৌকায় চড়ে প্রথমে কক্সবাজারের পেকুয়া যান। তারপর পেকুয়া থেকে সড়কপথে কক্সবাজার-চট্টগ্রাম যাতায়াত করেন। কিন্তু আধুনিক নৌযান না থাকায় এই পেথ যাত্রী পারাপার বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষার সময় যাত্রী পারাপারে ঝুঁকি বাড়ে।
কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কুতুবদিয়া সফরে এলে স্থানীয় লোকজন ফেরি পুনরায় চালুর দাবি জানান। এ সময় মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে ফেরি চালুর আশ্বাস দিলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান বলেন, দুর্যোগের সময় এই সাগর চ্যানেল উত্তাল হয়ে পড়লে প্রশাসনের কর্মকর্তারা ঘাটে গিয়ে নৌচলাচল নজরদারি করেন। এ কারণে দুর্ঘটনার কবল থেকে যাত্রীরা রক্ষা পাচ্ছেন। তবে এই পথে ফেরি চালু জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাই ও হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে।