নৌপথে বাড়ছে ইয়াবার চোরাচালান
স্থলপথে কড়াকড়ির কারণে মাছ ধরার নৌকায় করে দেশের অভ্যন্তরে ইয়াবা পাচার বেড়েছে। টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাশাপাশি এখন ইয়াবার বড় চালান পাচার হচ্ছে খুলনা, সুন্দরবন, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌ-রুট দিয়ে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, স্থলপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় পাচারকারীরা সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে ইয়াবা পাচার বাড়িয়ে দিয়েছে। বৈরী পরিবেশে সমুদ্র উত্তাল থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাগরে নামতে পারছে না। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে চোরাকারবারিরা।
জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ছয় মাসে (জানুয়ারি থেকে জুন পর্যন্ত) বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও পুলিশ শুধু টেকনাফে পাচারকালে প্রায় ১০৮ কোটি টাকার দামের ৩৫ লাখ ৭৫ হাজার ৬৪১টি ইয়াবা বড়ি উদ্ধার করেন। এর মধ্যে নাফ নদী থেকে উদ্ধার হয় ১১ লাখ ৯৩ হাজার ৬২৩টি ইয়াবা বড়ি। এ সময় মিয়ানমারের পাঁচজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, ইয়াবা চোরাচালানের জন্য পাচারকারীরা নাফ নদী ও সমুদ্রপথ ব্যবহার করছেন। মাছ ধরার নৌকা ও ট্রলারে লুকিয়ে ইয়াবা পাচারের হার কয়েক গুণ বেড়ে গেছে। ইয়াবা চোরাচালান বন্ধে ট্রলারের নিবন্ধন ও জেলেদের পরিচয়পত্র দেওয়ার কাজ চলছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তারা জানান, সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে ইয়াবা চালান পাচারের তথ্য তাঁরা পাচ্ছেন। কিন্তু ঝড়–বৃষ্টি উপেক্ষা করে উত্তাল সাগরে নেমে তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের পরিচালক মেজর মহিউদ্দিন জানান, গত ১৩ জুলাই বঙ্গোপসাগরের কলাতলী উপকূলে অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা একটি মাছ ধরার ট্রলারসহ প্রায় ১১ কোটি টাকা দামের ২ লাখ ৭০ হাজারটি ইয়াবা বড়ি জব্দ করেছেন। এ সময় ট্রলারের পাঁচ জেলেকে আটক করা হয়। র্যাবের দাবি, মিয়ানমার থেকে আনা এই ইয়াবার চালানটি সেন্ট মার্টিন উপকূল থেকে ট্রলারবোঝাই করে চট্টগ্রামের আনোয়ারায় নেওয়া হচ্ছিল। এর আগে ১ জুন বিকেলে উখিয়া সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা প্রায় ১৮ কোটি টাকা দামের সাড়ে চার লাখ ইয়াবা বড়িসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেন। এ সময় পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়। এই ইয়াবার চালানটিও চট্টগ্রামের পটিয়া যাচ্ছিল বলে র্যাব কর্মকর্তারা দাবি করেন।
এদিকে ইয়াবা পাচারে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদী দিয়ে ইয়াবা পাচারে সরাসরি জড়িত সেখানকার রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা। বিভিন্ন সময় ইয়াবাসহ ধরা পড়া মিয়ানমারের পাচারকারীরা এ কথা স্বীকার করেন। তা ছাড়া মিয়ানমারের স্থাপিত ইয়াবা কারখানা বন্ধ করতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিপিকে অনুরোধ করা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।