নেড়া পাহাড়ে বনাঞ্চল তৈরির উদ্যোগ
কক্সবাজার সদর থেকে সড়কপথে দক্ষিণে ৯৫ কিলোমিটার দূরে টেকনাফ যাওয়ার পথে নজরে পড়ে উঁচু-নিচু অনেক পাহাড়। একসময় এসব পাহাড় ভরপুর ছিল আকাশছোঁয়া গর্জন, সেগুনসহ নানা জাতের সবুজ গাছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব পাহাড়ের প্রায় গাছ কেটে নিয়েছে চোরের দল। সম্প্রতি কিছু পাহাড়ে সামাজিক বনায়নের গাছ লাগানো হলেও অধিকাংশ পাহাড় রয়েছে নেড়া অবস্থায়। ফলে এ এলাকার জীববৈচিত্র্য ধ্বংসসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই ক্ষতিকর প্রভাব মোকাবিলার লক্ষ্যে নেড়া পাহাড়গুলোতে পাঁচ কোটি টাকা ব্যয়ে সবুজ বনাঞ্চল সৃজনের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গত শনিবার দুপুরে টেকনাফ-কক্সবাজার সড়কের পানেরছড়া, কোটবাজার, উখিয়া, থাইংখালী, পালংখালী, নীলা, রঙিখালী, জাদিমুরাসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, বিশাল বিশাল পাহাড় গাছশূন্য। এসব পাহাড়ে বন্য প্রাণী ও পশুপাখির বিচরণ নেই বললেই চলে। আর এ জন্য সংশ্লিষ্ট অনেকে দায়ী করছেন রোহিঙ্গাদের। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, মিয়ানমারের চার লাখের বেশি রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের কয়েক হাজার একর সংরক্ষিত পাহাড় দখল করে একাধিক বস্তি তৈরি করেছে। জীবন-জীবিকার জন্য এসব রোহিঙ্গা বনের গাছ কেটে সাবাড় করছে। এতে স্থানীয় প্রভাবশালীদেরও ইন্ধন রয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে নেড়া পাহাড়গুলোতে সবুজ বনাঞ্চল সৃজন জরুরি বলে তিনি মন্তব্য করেন। খোঁজ নিয়ে জানা গেছে, বন বিভাগ এরই মধ্যে নেড়া পাহাড় বনায়নের উদ্যোগ নিয়েছে। কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের আওতায় এ বছর জেলার প্রায় তিন হাজার একর নেড়া পাহাড়ে গর্জনসহ সবুজ বনাঞ্চল সৃজন করা হবে। বিশেষ করে সদর উপজেলার আদর্শগ্রাম, হিমছড়ি, উখিয়ার ইনানী, শীলখালী, টেকনাফের বাহারছড়া, বড়ডেইল, নীলা, জাদিমুরা, হাজামপাড়া এবং রামুর পানেরছড়া এলাকার পাহাড়ে বন সৃজন করা হচ্ছে।কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুলকৃষ্ণ দাশ জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ-প্রতিবেশ রক্ষা, স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলার লক্ষ্যে এই বনাঞ্চল সৃজন করা হচ্ছে। আগামী মে মাসে বৃষ্টির সময় বনায়ন শুরু করা হবে। ২৭ নার্সারিতে ৩০ লাখ চারা: বন বিভাগ সূত্র জানায়, পাহাড়ে রোপণের জন্য জেলার ২৭টি নার্সারিতে বর্তমানে বিভিন্ন জাতের প্রায় ৩০ লাখ চারা উৎপাদন করা হচ্ছে। উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন একটি নার্সারি ঘুরে দেখা গেছে, গর্জন, চাপালিশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, চম্পা, বট, কড়ই, জামসহ প্রায় ৩০ প্রজাতির গাছের হাজারো চারায় ভর্তি পুরো নার্সারি। চারাগুলো এরই মধ্যে প্রায় দুই ফুট উঁচু হয়েছে। ছোয়ানখালী, বাইলাখালী, রূপবতী ও রেজু এলাকার নার্সারিগুলোতে দেখা গেছে একই দৃশ্য। ইনানী বন বিট কর্মকর্তা সুনীল কুমার দেবরায় বলেন, ‘আমাদের ১০টি নার্সারিতে ছয় লাখ গর্জনসহ প্রায় আট লাখ চারা উৎপাদিত হচ্ছে।’ একইভাবে কক্সবাজার সদরের আটটিতে পাঁচ লাখ, রামুর সাতটিতে ১০ লাখ, উখিয়ার ছয়টিতে সাত লাখ এবং টেকনাফের ছয়টি নার্সারিতে আট লাখ চারা উৎপাদন হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩০ লাখ চারা উৎপাদন, রোপণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় হবে পাঁচ কোটি টাকা। এর মধ্যে ৮০ ভাগ অর্থ সরকার এবং ২০ ভাগ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি জোগান দেবে।