নো ব্যাচেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের মতো বউ দেখেছ, ষাট দশকের মুভি?
গল্পে-গানে আর অ্যাক্টিংয়ে ফেমাস ছিল খুবই!
নকল বধূ হরহামেশাই দেখছি সিনেমাতে
বাস্তবেও চাই তা এখন বুঝছি হাতেনাতে!
বউ যদি না সঙ্গে থাকে কেউ দেবে না বাড়ি
বাড়ির মালিক আগেই দেখি দিচ্ছে বলে আড়ি!
বাড়িওয়ালা বাড়ি দেবেন দেখে বউয়ের খোমা
এটাই এখন নিয়ম তুমি জানতে না তা, ও মা!
কাবিননামা চাইতে পারেন সেটাও রেখো রেডি
নীলক্ষেতে যাও ওটাও তুমি পাচ্ছ রেডিমেডই!
নকল বধূর হাঙ্গামাতে না চাও যদি যেতে
ইচ্ছে হলে বসতে পার বিয়ের পিঁড়ি পেতে!
বিএ-র আগেই এবার তবে যাক না হয়ে বিয়ে
বাড়ুক জনসংখ্যা না হয় ভাবছে কে তা নিয়ে?
বিয়ের বয়স একুশ থেকে করুক এবার ষোল
আজ ব্যাচেলর তকমাটাকে ভোলার সময় হলো!
এই ব্যাচেলর বিপজ্জনক জঙ্গি সবাই তারা
মেয়ের বিয়ে এবার তবে হোক ব্যাচেলর ছাড়া!