নোঙর ফেলতেই পারেন খানাঘাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্বাদু স্যান্ডউইচ আর কফির স্বাদ নিতে তরুণেরা ভিড় জমান খানাঘাটে। এখানকার খাবারের দামও তুলনামূলক সস্তা l প্রথম আলো
সুস্বাদু স্যান্ডউইচ আর কফির স্বাদ নিতে তরুণেরা ভিড় জমান খানাঘাটে। এখানকার খাবারের দামও তুলনামূলক সস্তা l প্রথম আলো

চট্টগ্রামে যেকোনো খাদ্য উৎসবের কথা উঠলেই ভোজনরসিকদের চোখে একটি দৃশ্য ভেসে ওঠে তা হলো, ছোট একটি স্টলের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই। দেদারসে বিক্রি হচ্ছে সাব স্যান্ডউইচ আর কোল্ড কফি। এই স্টলটির নাম খানাঘাট। চট্টগ্রামের চকবাজারের গুলজার মোড় এলাকার চট্টেশ্বরী সড়কে পাশ ঘেঁষে এই দোকানের অবস্থান। ‘খানাঘাট’ রেস্তোরাঁ ইতিমধ্যেই চট্টগ্রামের বিভিন্ন খাদ্য উৎসবে ভোজনরসিকদের প্রশংসা কুড়িয়েছে।

সাব স্যান্ডউইচ ও কোল্ড কফি এই রেস্তারাঁর বিশেষ পদ, যাকে সিগনেচার আইটেমও বলা যায়। প্রতি পিস সাব স্যান্ডউইচ কিনতে গুনতে হবে ১০০ টাকা। প্রতি গ্লাস চকলেট কোল্ড কফি মিলবে ৬০ টাকায়। এ ছাড়া ৬০ টাকা খরচ করে রেগুলার হট কফি ও লাচ্ছি পাওয়া যাবে। প্রতি গ্লাস মিন্ট লেমনের দাম পড়বে ৪০ টাকা। ৪ পিস ছোট আকারের বারবিকিউ চিকেন, গ্রিন চিলি টপিংস ও এগ ফ্রায়েড রাইস দিয়ে তৈরি ‘বার-বি-কিউ রাইস বোল’ নামের খাবারের পদটিও বেশ জনপ্রিয় হয়েছে ভোজনরসিকদের কাছে। এটি খেতে চাইলে গুনতে হবে ১৪০ টাকা। এই পদের পাশাপাশি এই রেস্তোরাঁয় মিলবে ‘ক্রিসপি চিকেন রাইস বোল’ ও ‘বার-বি-কিউ চিকেন পরোটা’ নামের দুটি খাবারের পদ। এ রেস্তোরাঁয় দুই পিস অন্থনসহ চিকেন থাই স্যুপ মিলবে ১২০ টাকায়। এক পিস পরোটাসহ চিকেন ঝাল ফ্রাই পাওয়া যাবে ১২০ টাকায়। একই দামে পাওয়া যাবে ‘ক্রিসপি চিকেন উইথ ফ্রেঞ্চ ফ্রাই’ নামের পদটিও। মাত্র ৬০ টাকা খরচ করে শুধু ফ্রেঞ্চ ফ্রাইও এ রেস্তোরাঁয় খেতে পারবেন। এ ছাড়া প্রতি প্লেট এগ ফ্রায়েড রাইস ৭০ টাকায়, ৪ পিস অন্থন প্ল্যাটার ৭০ টাকায়, ৮ পিস অন্থন প্ল্যাটার ১৪০ টাকায় পাওয়া যাবে খানাঘাটে। এসব খাবারের পাশাপাশি দুই ধরনের সেট মেন্যু রয়েছে এ রেস্তোরাঁয়। সাব স্যান্ডউইচ ও কোল্ড কফি দিয়ে তৈরি সেট মেন্যু খেতে ভোজনরসিকদের গুনতে হবে ১৪০ টাকা। একটি সফট ড্রিংকসসহ ‘বার-বি-কিউ রাইস বোল’ পদটি দিয়ে তৈরি সেট মেন্যু পাওয়া যাবে ১৫০ টাকায়।

গত মঙ্গলবার সন্ধ্যায় রেস্তোরাঁয় কথা হয় খেতে আসা জাহেদ নূরের সঙ্গে। তিনি বলেন, ‘রেস্তোরাঁটি আকারে ছোট হলেও এখানকার খাবার বেশ সুস্বাদু। খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায়। এখানকার সাব স্যান্ডউইচ এক কথায় অসাধারণ।’ রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. আবুল মনসুর ইসলাম বলেন, ‘আকারে ছোট হওয়ায় আমরা খুব বেশি খাবারের পদ রাখিনি। তবে যেসব খাবার রেখেছি তার সবই মানসম্মত ও সুস্বাদু। খাবারের মানের বিষয়ে আমরা কখনোই আপস করি না। আর তাই যারা একবার আমাদের এখানে আসে তারা সব সময়ই আসে।’ তাঁর এই কথার প্রতিফলন পাওয়া গেল রেস্তোরাঁর দেয়ালে ঝোলানো একটি বাণীতে। সেখানে লেখা, ‘ভালোবেসে যে খাবার রান্না করা হয় তা আত্মাকেও তৃপ্তি দেয়।’