নোনা হাওয়ায় ভালোবাসার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিঃশ্বাস ফেলিয়া পালকিতে উঠিয়া বসিলাম। দেখিলাম, বড় প্রেম শুধু কাছেই টানে না—ইহা দূরেও ঠেলিয়া দেয়।’ শ্রীকান্তের এমন ভাবনার যেন মিল খুঁজে পাওয়া যায় টেকনাফের মাথিনের জীবনে। রাজলক্ষ্মীর সঙ্গে শ্রীকান্তের সম্পর্কের কথা আমরা জানি। তেমনি পাতকুয়োয় পানি নিতে এসে মাথিন প্রেমে জড়িয়ে পড়েন টেকনাফের পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্যের সঙ্গে। ১০০ বছর আগের সেই প্রেম ছিল গভীর, অথচ ছিল না মিলন। আর এই বিচ্ছেদের ঘটনা যেন এ যুগের মানুষকে নাড়া দিয়েছে। ধীরাজ-মাথিনের সেই প্রেমকে অমর করে রাখতে কুয়োটি সংরক্ষণ করে রেখেছে কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন। এটি এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গা।টেকনাফ থানা ভবনের সামনে কুয়োটির অবস্থান। কুয়োর পাশে তৈরি দেয়ালে লেখা রয়েছে এক বাঙালি পুলিশ কর্মকর্তার সঙ্গে এক রাখাইন কিশোরীর বিচ্ছেদময় প্রেমের সংক্ষিপ্ত কাহিনি। কুয়োটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে উদ্যোগ নেওয়া হয়। তাই সেখানে এখন পর্যটকদের ভিড় বাড়ছে। শতাধিক বছর আগের ঘটনা। টেকনাফে একটি মাত্র পাতকুয়ো। এই কুয়োতেই কলসিকাঁখে পানি নিতে আসত রাখাইন তরুণী-কিশোরীরা। সঙ্গে আসত রাখাইন জমিদারকন্যা চতুর্দশী মাথিন। পানি নিতে এসেই মাথিন প্রেমে পড়ে সুদর্শন বাঙালি পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্যের। ধীরাজ পরে কলকাতাভিত্তিক বাংলা চলচ্চিত্রের নায়কও হন। মাথিন ও ধীরাজের প্রেমের স্মৃতি বুকে নিয়ে এখনো এই কূপ টিকে আছে। এটি মাথিন কূপ নামে পরিচিত।ধীরাজ ছিলেন সুদর্শন তরুণ। অতি দ্রুত তিনি চট্টগ্রামের বুড়ো পুলিশ সুপারের কম বয়সী অসামান্য সুন্দরী স্ত্রী মিসেস মুল্যান্ডের নজরে পড়ে যান। এ কারণে পুলিশ সুপার মুলান্ডের রোষানলে পড়েন তিনি। তাঁকে বদলি করা হয় বাংলাদেশের শেষ সীমানা টেকনাফ থানায়। তখন যোগাযোগব্যবস্থা এতই খারাপ যে চট্টগ্রাম থেকে স্টিমারে টেকনাফে যেতে আড়াই দিনের চেয়ে বেশি সময় লেগে যেত।ধীরাজ ভট্টাচার্য তাঁর বইতে টেকনাফকে বারবার দ্বীপ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এটি ভয়ঙ্কর জায়গা। তাঁর বাবাকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘এখানকার লোকমুখে যাহা শুনিলাম, তাহাতে বুঝিলাম, টেকনাফ অতি ভয়ঙ্কর জায়গা। এখান হইতে স্টিমারে যাইতে আড়াই দিনের বেশি লাগে। বঙ্গোপসাগরের পাড়ে ছোট্ট একটি দ্বীপ, তাহার বাসিন্দারা সব মগ, তাহাদের ভাষা বোঝা যায় না। কলিকাতা হইতে চিঠি যাইতে চৌদ্দ-পনের দিন লাগে। টেলিগ্রাম যায় সাত দিনে। বছরের সাত মাস এই দ্বীপটার সঙ্গে বাইরের জগতের কোনো যোগাযোগ থাকে না। শুধু শীতকালে যখন সমুদ্র একটু শান্ত থাকে, তখন চট্টগ্রাম হইতে সপ্তাহে একদিন স্টিমার যায় ও আসে। ভয়ঙ্কর সব অপরাধীদের ওই দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ওখান হইতে অধিকাংশই আর ফিরিয়া আসে না।’ধীরাজ তাঁর বইয়ে মাথিন সম্পর্কে উল্লেখ করেন, ‘আমার দীর্ঘ অভিজ্ঞতায় এ রকম রূপ-যৌবনে লাবণ্যময়ী মেয়ে আর দেখেছি বলে মনে পড়ে না। নাক, চোখ, মুখ সুন্দরী বাঙালি মেয়েদের মতোই নিখুঁত, তার ওপর ওই নয়ন মনোহর খোঁপা। মনে হলো, সমুদ্র থেকে কোনো জলপরী উঠে এসেছে টেকনাফের পাতকুয়ো থেকে জল নিতে।’ ধীরাজ-মাথিনকে নিয়ে ঘটনা শুধু টেকনাফ পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। বিদ্যুৎ গতিতে এ খবর চলে যায় কলকাতাতেও। একদিন বাবার কাছ থেকে চিঠি পান ধীরাজ। চিঠিতে বলা হয়, ‘পিতা-মাতার ওপর অভিমানে অপরিণত বুদ্ধি সন্তান অনেক সময় অগ্র-পশ্চাৎ বিবেচনা না করিয়া এমন কিছু করিয়া বসে। যাহার ফলে, শুধু তাহার একার নহে, পিতা-মাতার ভবিষ্যৎ জীবনও বিষময় হইয়া ওঠে।’বাবার চিঠি পাওয়ার দিনেই বিয়ের কথা পাকাপাকি করতে থানায় এসে হাজির হন জমিদার ওয়াং থিন। ওয়াং থিন ধীরাজকে বলেন, ‘আমার ওই একটি মেয়ে। যদি বোঝেন, সমাজ আপনাকে নেবে না, এইখানে থাকিয়ে যান। আমার জমি-জমা যা আছে আপনারই হবে। আর যদি বোঝেন, ওকে নিয়ে গেলে গোলমাল হবে না, নিয়ে যাবেন। আমার কষ্ট হবে—হোক, ও (মাথিন) তো সুখ পাবে।’নীরব ছিলেন ধীরাজ। ওয়াং থিন চলে যেতেই থানার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধীরাজ জানিয়ে দেন, ‘আমি এই বিয়ে করছি না।’ ওয়াং থিনের কাছ থেকে বাঁচার জন্য পালিয়ে যেতে সহকর্মীরা পরামর্শ দেন ধীরাজকে। ওই দিনই একটা স্টিমার চট্টগ্রামের দিকে রওনা হওয়ার কথা। ওই স্টিমারে চিরতরে টেকনাফ ছাড়েন ধীরাজ।টেকনাফ থেকে ধীরাজের গোপনে পালিয়ে যাওয়া সহজে নিতে পারেনি মাথিন। ছুটি নয়, মাথিনকে বিয়ে করার ভয়েই পালিয়েছেন ধীরাজ, এমন কথা ছড়িয়ে পড়ে টেকনাফে।শোকে, দুঃখে, অপমানে খাওয়াদাওয়া ছেড়ে শয্যা নেয় মাথিন। তার বাবা ওয়াং থিনসহ টেকনাফবাসী শত চেষ্টা করেও খাবার গ্রহণ করাতে পারেনি। কেঁদে কেঁদে মৃত্যু হয় মাথিনের।মাথিনের স্মৃতিবিজড়িত সৈকত নগর টেকনাফে আসতে পারেন যেকোনো দিন। এখানে ঘুরতে ঘুরতে থমকে দাঁড়িয়ে পড়তে হতে পারে হঠাৎ কিংবা কোনো রাখাইন তরুণী দেখে মনে পড়ে যেতে পারে সেই গল্পকথা। টেকনাফের সমুদ্রের নোনা হাওয়ায় এ রূপকথার ভালোবাসা টের পাওয়া যায় এখনো।