নোনাজলের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা কুঁড়েঘর। সামনে খেত, কিন্তু দেখে বোঝার উপায় নেই। একসময় সেই জায়গাটায় সবুজ ধান ফলত। বাতাস খেলে যেত সবুজ ধানের পাতায় পাতায়। কিন্তু এখন সেখানকার মাটি ফেটে চৌচির, শুকনো খটখটে সেই খেতে একটা নৌকা পড়ে আছে, যেন কিসের এক হাহাকার। কী নেই সেখানে? বাংলাদেশের আলোকচিত্রী মুনেম ওয়াসিফ বললেন, ‘১৯৮০ সালের পর থেকে দক্ষিণবঙ্গের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ব্যাপক হারে চিংড়িঘের বেড়ে গেছে। ফলে এই জেলাগুলোর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে স্বাদু পানির প্রচণ্ড অভাব। চারপাশে পানি কিন্তু সবই খাওয়ার অযোগ্য! বছর দুই আগে ফ্রান্সের প্রিক্সপিকটিট নামের একটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি। তখন আমাকে ওরা পানি নিয়ে কাজ করতে বলেছিল। তার পরই আমি ওই জেলাগুলোর, বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এই সমস্যা নিয়ে ছবি তুলতে শুরু করি। আমার ছবিতে শ্যামনগরের বিভিন্ন গ্রাম—মুন্সিগঞ্জ, গাবুরা, বুড়ি গোয়ালিনী, পদ্মপুকুর, পাত্রাখোলাসহ আরও অনেক জায়গার পানির সমস্যার ব্যাপারটি উঠে এসেছে।’২০০৪ সালে পাঠশালা থেকে ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা শেষ করেছেন মুনেম ওয়াসিফ। এখন ছবি তোলার পাশাপাশি কাজ করছেন ফ্রান্সভিত্তিক একটি এজেন্সিতে। ছবিমেলায় তাঁর ছবির বিষয়ের শিরোনাম ‘সল্ট ওয়াটার টিয়ারস’। মুনেম বললেন, ‘চিংড়িঘেরের ফলে যে সমস্যা দেখা দিয়েছে সাতক্ষীরার ওই জায়গাগুলোতে, তা চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। ওখানে অনেক পানি, কিন্তু সবই লোনা। এটাকে আমার ছবিতে কী করে ফুটিয়ে তুলব, এটা একটা চ্যালেঞ্জ ছিল। চেষ্টা করেছি, ওখানকার মানুষগুলোর কষ্টগুলো তুলে ধরতে। সবচেয়ে বড় কথা হলো, খাওয়ার মতো পানি সংগ্রহ করতে গিয়েই পুরোটা দিন চলে যায় ওখানাকার মানুষগুলোর, যখন কিনা তাদের কাজের সময়। সেখানে এখন সবুজ নেই। গাছপালা মরে যাচ্ছে, এমনকি গবাদিপশুর খাওয়ার ঘাসটুকু চোখে পড়ে না!’ ধানমন্ডির দৃক গ্যালারির ওপেন এয়ারে মুনেম ওয়াসিফের ছবিগুলো দেখতে পারবেন। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।