নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সে ভর্তি আবেদনের সময়সীমা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বে এই সময়সীমা ২০ নভেম্বর পর্যন্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আ. রহিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা যথাসময় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। এ বছরও গতবারের মতো মুঠোফোনে (টেলিটক) খুদেবার্তার মাধ্যমে আবেদন করা যাবে। এবার তিনটি দলের অধীনে ১০টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দলভিত্তিক প্রতিটি পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি নৈর্ব্যত্তিক প্রশ্নের জন্য এক ঘণ্টা সময় থাকবে। ২০০৮ সালের পূর্বে এসএসসি বা সমমান এবং জিসিই ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং (www.bdcampusnews.com) এ পাওয়া যাবে।