নোবেলজয়ী তরুণ যাঁরা
নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯০১ সাল থেকে। নোবেল পাওয়ার জন্য বয়সের কোনো ধরাবাধা সীমা নেই। মানুষের কল্যাণে কাজে লাগবে, এমন কাজ যেকোনো বয়সে করে যে কেউ পেতে পারেন সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। ২০১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী কনস্তান্তিন সের্গিয়েভিচ নোভাসেলোভের বয়স মাত্র ৩৬।নোবেল ফাউন্ডেশন ওয়েবসাইট এ রকম কম বয়সে নোবেল বিজয়ীদের একটা তালিকা করেছে। তাঁদের সংক্ষিপ্ত পরিচিতি এখানে দেওয়া হলো।লরেন্স ব্র্যাগ: বিজ্ঞান ও অন্য সব শাখা মিলিয়ে এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হলেন লরেন্স ব্রাগ। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন মাত্র ২৫ বছর বয়সে! ১৯১৫ সালে বাবা হেনরি ব্র্যাগের সঙ্গে পদার্থবিজ্ঞানে। অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এই ব্রিটিশ বিজ্ঞানীর জন্ম ১৮৯০ সালের ৩১ মার্চ।ভের্নার হাইজেনবার্গ: ৩১ বছর বয়সে কোয়ান্টাম মেকানিক্স সৃষ্টির জন্য ১৯৩২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান জার্মানির ভের্নার হাইজেনবার্গ। তাঁর জন্ম ১৯০১ সালের ৫ ডিসেম্বর।ৎসুং দাও লি: ৎসুং দাও লি চীনা বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী। জন্ম ১৯২৬ সালের ২৪ নভেম্বর। পদার্থবিজ্ঞানে নোবেল পান মাত্র ৩১ বছর বয়সে, ১৯৫৭ সালে আরেক চীনা বিজ্ঞানী চেন নিং ইয়াংয়ের সঙ্গে। তাঁরা দুজনই প্রথম চীনা বিজ্ঞানী হিসেবে নোবেল পান।কার্ল ডেভিড অ্যান্ডারসন: যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী অ্যান্ডারসন মাত্র ৩১ বছর বয়সে নোবেল পেয়েছেন। পজিট্রন (ধনাত্মক ইলেকট্রন) আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে তিনি নোবেল পান। তাঁর জন্ম ১৯০৫ সালের ৩ সেপ্টেম্বর।পল আড্রিয়েন মরিস ডিরাক: আরউইন শ্রয়েডিঙ্গারের সঙ্গে ১৯৩৩ সালে যখন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন, তখন তাঁর বয়স মাত্র ৩১। ব্রিটিশ এই বিজ্ঞানীর জন্ম ১৯০২ সালের ৮ আগস্ট।ফ্রেডরিক গ্র্যান্ট বান্টিং: ইনসুলিন আবিষ্কারের জন্য জন জেমসের সঙ্গে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান ১৯২৩ সালে। তখন ফ্রেডরিকের বয়স ৩২। তাঁর জন্ম কানাডায়, ১৮৯১ সালের ১৪ নভেম্বর। ২০০৪ সালে তিনি সর্বকালের কানাডিয়ান তালিকায় চতুর্থ স্থানে ছিলেন।রুডলফ্ লুডিগ ময়েসবাওয়ার: ময়েসবাওয়ার ইফেক্ট আবিষ্কারের জন্য ১৯৬১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান মাত্র ৩২ বছর বয়সে। জন্ম তাঁর জার্মানিতে, ১৯২৯ সালের ৩১ জানুয়ারি।মেইরিড কোরিগান: আইরিশ এই নারী শান্তিতে নোবেল পুরস্কার পান বেটি উইলিয়ামসের সঙ্গে, ১৯৭৬ সালে। তখন তাঁর বয়স ছিল ৩২।জোসুয়া লেডারবার্গ: ব্যাকটেরিয়া নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান ১৯৫৮ সালে। তখন তাঁর বয়স ৩৩। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রে ১৯২৫ সালের ২৩ মে।বেটি উইলিয়ামস: আইরিশ এই নারী শান্তিতে নোবেল পান মেইরিড কোরিগানের সঙ্গে, ১৯৭৬ সালে। তখন তাঁর বয়স ছিল ৩৩। তাঁর জন্ম ১৯৪৩ সালের ২২ মে, আয়ারল্যান্ডে।রিগোবার্তা মেনচু তুম: শান্তিতে নোবেল পান ১৯৯২ সালে। তখন তাঁর বয়স মাত্র ৩৩। গুয়াতেমালায় ১৯৫৯ সালের ৯ জানুয়ারি রিগোবার্তার জন্ম।ব্রায়ান ডেভিড জোসেফসন: মাত্র ৩৩ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ১৯৭৩ সালে। যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফে তাঁর জন্ম, ১৯৪০ সালের ৪ জানুয়ারি।