নোবেলরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ীরাও সাধারণ মানুষ। তাঁদের জীবনেও ঘটে যায় আর দশজন সাধারণ মানুষের মতো বিচিত্র সব ঘটনা কিংবা দুর্ঘটনা। তেমনি কয়েকটির গল্প শুনুন এবার।

নোবেল
নোবেল

স্ত্রীর ভবিষ্যদ্বাণী
যৌক্তিক প্রত্যাশা নামের তত্ত্বের জন্য ১৯৯৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান রবার্ট লুকাস। কিন্তু পুরস্কার হিসেবে পাওয়া ১০ লাখ ডলারের অর্ধেক তাঁর সাবেক স্ত্রীকে দিয়ে দিতে হয়। ১৯৮৮ সালে লুকাস ও তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় লুকাসপত্নী একটা শর্ত জুড়ে দিয়েছিলেন। শর্তটা হলো, বিবাহবিচ্ছেদের সাত বছরের মধ্যে নোবেল পুরস্কার পেলে পুরস্কারের টাকা অর্ধেক ভাগ করতে হবে। সাত বছর শেষ হওয়ার কথা ছিল ১৯৯৫ সালের ৩১ অক্টোবর। কিন্তু বেচারা লুকাস মাত্র শর্ত শেষ হওয়ার ১৮ দিন আগে অর্থাৎ ১৩ অক্টোবর নোবেল পুরস্কার জয় করে বসেন। আর তার খেসারত হিসেবে পুরস্কারের পাঁচ লাখ ডলার দিয়ে দিতে হয়েছিল সাবেক স্ত্রীকে! ভদ্রমহিলা কিন্তু ভবিষ্যদ্বাণীর জন্য আরেকটি নোবেল পেতেই পারতেন!
আরেক বিচ্ছেদের পুরস্কার
বিবাহবিচ্ছেদের শর্ত হিসেবে আলবার্ট আইনস্টাইনের বেলায়ও একই ঘটনা ঘটেছিল! নোবেল পুরস্কার বাবদ পাওয়া অর্থের অর্ধেক তুলে দিতে হয়েছিল সাবেক স্ত্রী মিলেভা ম্যারিকের হাতে!
একবার নয় তো কোনোবারই নয়
দ্য কালার পার্পল ছবিটি ১৯৮৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। শেষমেশ জিততে পারেনি একটি বিভাগেও! দ্য কালার পার্পলের মতোই পদার্থবিদ লিসে মেইটনার ১৩ বার নোবেল পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছিলেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নোবেল কর্তৃপক্ষ নিউক্লিয়ার ফিশনের অন্যতম এই আবিষ্কারককে পুরস্কারটি দেয়নি!
অতঃপর কারাদণ্ড
১৯৭৬ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন চিকিৎসক ড্যানিয়েল কার্লেটন গাইডাশেক। ১৯৯৬ সালে এই চিকিৎসক ১২ মাসের জেল খেটেছিলেন শিশু নির্যাতনের দায়ে!
নাই তাই নোবেল?
১৯২৬ সালে ইঁদুরের দেহে ক্যানসারের জন্য দায়ী কৃমি নিয়ে গবেষণার জন্য নোবেল ওঠে ড্যানিশ বিজ্ঞানী জোহানেস ফিবিজারের হাতে। কিন্তু পরে গবেষণায় প্রমাণিত হয়, সত্যিকার অর্থে ওই কৃমি ক্যানসারের জন্য দায়ী নয়!
নোবেলে পরিবারতন্ত্র
কুরি পরিবারকে বলা হয় নোবেল পুরস্কারের ভান্ডার। পাঁচ–পাঁচটি নোবেলের মেডেল উঠেছিল পরিবারটি শোকেসে! ১৯০১ সালে পিয়েরে ও ম্যারি কুরি দম্পতি পদার্থে নোবেল পান। এরপর ১৯১১ সালে ম্যারি কুরি একা পান রসায়নে। ১৯৩৫ সালে আবারও রসায়নে নোবেল ওঠে কুরি দম্পতির কন্যা ইরিনে ও তাঁর স্বামী জলিওট–কুরির হাতে। এই কুরি পরিবারের ছোট মেয়ে ইভ কুরির স্বামী ছিলেন হেনরি ল্যাবুইসে জুনিয়র। ১৯৬৫ সালে ইউনিসেফের হয়ে শান্তিতে নোবেল পান তিনি!
দুর্নাম ঘোচাতে নোবেল

আলফ্রেড নোবেল ফরাসি সংবাদপত্রে নিজের নামের আগে মার্চেন্ট অব ডেথ বা মৃত্যুর সওদাগর খেতাব দেখে নোবেল পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন!
লেখা: জাহিদ হোসাইন খান
সূত্র: মেন্টাল ফ্লস ডটকম, যুক্তরাষ্ট্র