চট্টগ্রাম নগর বিএনপির পুরোনো দ্বন্দ্বের জের ধরে লালদীঘি মাঠে যুবদলের বিভাগীয় সমাবেশে হাঙ্গামা হয়েছে বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন। এর জন্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা পরস্পরকে দায়ী করছেন। এ ঘটনায় রাজনৈতিক ও সাংগঠনিক অনুসন্ধান চালিয়ে কেন্দ্রীয় যুবদল সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। এদিকে, বুধবারের হাঙ্গামায় উভয়পক্ষের ক্যাডাররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও ছোরা ব্যবহার করে। এতে ১০ জন ছুরিকাহতসহ ২০-২৫ জন আহত হয়। হাজার হাজার দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতির কারণে পুলিশ তাৎক্ষণিকভাবে অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করেন। হাঙ্গামাকারী ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘লালদীঘি মাঠে যুবদলের বিশাল সমাবেশে সরকারি এজেন্টদের ঢোকানো হয়েছে। এ ব্যাপারে রাজনৈতিক ও সাংগঠনিক অনুসন্ধান চালিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব। ঘটনা সম্পর্কে চট্টগ্রামে বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতার কাছ থেকেও আমরা নিরপেক্ষ ও সত্য তথ্য আশা করব।’দলীয় সূত্র জানায়, লালদীঘি মাঠের সমাবেশের অন্যতম উদ্যোক্তা ছিলেন নগর যুবদলের সভাপতি আবুল হাশেম ওরফে বক্কর। তিনি আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত। বুধবার সকাল থেকে বক্করের অনুসারীরা লালদীঘি মাঠ ও মঞ্চে অবস্থান নেন। বিকেলে আমীর খসরু ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারীরা যোগ দেওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে সমাবেশ। দলীয় কর্মীদের অভিযোগ, সমাবেশে সাকার অনুসারীরা প্রথমে বক্করের সমর্থকদের ওপর চড়াও হন। এরপর তা মাঠে ছড়িয়ে পড়ে। সমাবেশের উদ্যোক্তা আবুল হাশেম বুধবারের হাঙ্গামার জন্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়ী করেন। তিনি বলেন, ‘সমাবেশ শুরুর দুই দিন আগে তিনি (খসরু) চট্টগ্রামে এসে কাজী বেলালের (নগর যুবদলের সাধারণ সম্পাদক) পক্ষে ব্যানার নিয়ে মাঠে নামেন, স্লোগান দিতে অনুসারীদের নির্দেশ দেন। বাইর থেকে ভাড়া করা লোক নিয়ে মাঠে আসারও নির্দেশ দেন। এ কারণে প্রথমে মঞ্চে এবং পরে মাঠে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।’ আমীর খসরু মাহমুদ চৌধুরী যুবদল নেতা বক্করের অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বলেন, ‘লালদীঘি ময়দানে যুবদলের শান্তিপূর্ণ সমাবেশ হবে বলে আশা করেছিলাম। মাঠে কারা অস্ত্র ও ধারালো ছোরা নিয়ে এসেছে তা সবার জানা। ক্যামেরায় তোলা ছবি দেখলে তা বোঝা যাবে।’বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান লালদীঘি মাঠের হাঙ্গামার ঘটনায় রাজনৈতিক তদন্ত দাবি করেন। তিনি বলেন, ‘সমাবেশ সফল করাই উদ্যোক্তাদের উদ্দেশ্য। কারা সমাবেশ বানচাল করতে পরিকল্পিত হামলার চেষ্টা করেছে তা বের হওয়া উচিত।’ যুবদল নেতা বক্করের অভিযোগ, ‘নগর বিএনপির পুরোনো বিরোধের জের ধরে খসরু ও সাকার সমর্থকেরা সমাবেশে হামলা চালায়। খসরু নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলালউদ্দিনকে সমর্থন দেন। এরপরও আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছি বলে বিশাল সমাবেশ করতে পেরেছি।’ খসরুর অনুসারী হিসেবে পরিচিত কাজী বেলালউদ্দিন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে পছন্দের নেতাদের পক্ষে স্লোগান দেওয়া এবং ব্যানার নিয়ে সমাবেশে হাজির হওয়া। বক্কর যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। আমিও তো বলতে পারি, তাঁর পক্ষে স্লোগান দেওয়া এবং ব্যানার নিয়ে হাজির হতে বক্করের নেতা (নোমান) বলেছেন। আর আমরা বাইরে থেকে কোনো ক্যাডার ভাড়া করে আনিনি। কারা সন্ত্রাস করেছে তা সাংবাদিকেরা দেখেছেন।’কাজী বেলাল তাঁর কমিটির সভাপতি বক্করকে ইঙ্গিত করে আরও বলেন, ‘২০০৯ সালের নভেম্বরে যাঁরা বিএনপির সম্মেলন পণ্ড করেছেন তাঁরা লালদীঘির হামলা চালিয়েছে। এর রাজনৈতিক তদন্ত হওয়া উচিত।’ দলীয় সূত্র জানায়, দুপক্ষের মধ্যে সংঘর্ষের কারণে ২০০৯ সালের ১৬ নভেম্বর নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়। ওই সময় থেকে নোমান ও খসরু বিপরীত মেরুতে অবস্থান নেন। যার প্রভাব পড়ে নগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওপর।