নোমান-নাছিরের পর এবার নোমান-খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমীর খসরু মাহমুদ চৌধুরী কোনো কমিটি দিলে আমরা পাল্টা কমিটি ঘোষণা করব’—শ্রমিকদলের নেতা এ এম নাজিম উদ্দীন এভাবেই নগর বিএনপির নতুন কমিটি গঠনের প্রতিক্রিয়া জানালেন প্রথম আলোর কাছে। ১৭১ সদস্যের নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে নেওয়ার জন্য খসরু ঢাকায় গিয়ে চেষ্টা-তদবির করছেন ঈদের আগে থেকে। কিন্তু খসরু ও তাঁর অনুসারীদের তৈরি করা কমিটি অনুমোদন করলে নগর বিএনপিতে পাল্টা কমিটি হবে—এমন আশঙ্কা থেকে কেন্দ্র কমিটি অনুমোদন দিচ্ছে না বলে জানা গেছে। নাজিম নগর বিএনপিতে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের কড়া সমর্থক ও ঘনিষ্ঠজন বলে পরিচিত। নোমান আর খসরু গ্রুপের দ্বন্দ্বের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত বছরের ১৬ নভেম্বর নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে নগর বিএনপির সম্মেলনের দিন। দলের এ দুই শীর্ষনেতার সমর্থকদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া আর চেয়ার ছোড়াছুড়ির কারণে সেদিনের সম্মেলন পণ্ড হয়ে যায়। সেই সম্মেলনের ১০ মাস পার হলেও নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা সম্ভব হয়নি। এটার মূল কারণ যে দলীয় কোন্দল—সেটা বিএনপির পাড়া-মহল্লার একজন কর্মীরও অজানা থাকার কথা নয়।দলীয় সূত্র মতে, নগর বিএনপিতে শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি নতুন কিছু নয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার অনেক কারণের মধ্যে অন্যতম ছিল দলীয় কোন্দল। তৎকালীন বিএনপির চট্টগ্রামের দুই নেতা ব্যারিস্টার সুলতান আহমেদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দীনের মধ্যে যে কোন্দল ছিল সেটা মেটাতে উভয়কে নিয়ে বৈঠক করার জন্য তখন জিয়া চট্টগ্রাম এসেছিলেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। দলীয় প্রধান প্রাণ দিলেও সেই কোন্দলের ধারাবাহিকতা নগর বিএনপিতে এখনো বজায় রয়েছে।সূত্র জানায়, ১৯৯১ সালে বিএনপির শাসনামলে তৎকালীন দুই মন্ত্রী অলি আহমদ ও আবদুল্লাহ আল নোমানের দ্বন্দ্ব-সংঘাতের বিষয় প্রায়শই সংবাদ শিরোনাম হতো। দুজনই সেই সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। কিন্তু কর্নেল অলির নির্বাচনী এলাকা শহরের বাইরের জেলায় হওয়ার কারণে সেই রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতে অলি আহমদ শেষপর্যন্ত টিকে থাকতে পারেননি। পরবর্তী কালে অলির বিএনপি ছেড়ে বিকল্পধারা ও পরে এলডিপিতে যোগদান করায় দলের মধ্যে নোমানের অবস্থান সুসংহত হয় বলে জানা গেছে। এর মধ্যে ১৯৯৪ সাল থেকে সেই সময়ের সিটি মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সঙ্গে নোমানের ব্যক্তিত্বের দ্বন্দ্ব দেখা দেয় যা পরবর্তীকালে রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নেয়। ১৯৯৪ সালের সিটি করপোরেশন নির্বাচনে মীর নাছিরের পরাজয়ের পর নোমানের সঙ্গে তাঁর বিরোধ তুঙ্গে ওঠে। এ পরাজয়ের পরও মীর নাছিরকে নগর বিএনপির সভাপতি করায় নোমান সমর্থকেরা রাস্তা অবরোধ করেন এবং আগুন জ্বালিয়ে যে প্রতিবাদ-প্রতিরোধ করেছিল তা এখনো অনেকের মনে আছে। নগর বিএনপিতে ২০০১ সালে দ্বিতীয় দফায় বিএনপির শাসনামলের পুরোটাই কেটেছে নোমান আর মীর মোহাম্মদ নাছির উদ্দীনের কোন্দলের মধ্য দিয়ে। মাঝেমধ্যে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী এম মোরশেদ খান কিংবা সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী অনুসারীদের নিয়ে নগর বিএনপিতে আলাদা উপদল সৃষ্টির চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত নোমান ও মীর নাছিরের অনুসারীরা নগর বিএনপিতে প্রধান দুই উপদল হিসেবে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকেন।ইতিমধ্যে ২০০৫ সালের মে মাসের মেয়র নির্বাচনে মীর নাছিরের দ্বিতীয় দফা পরাজয় এবং পরবর্তীকালে বেসমরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে বাদ পড়ায় দলে তাঁর প্রভাব কমতে থাকে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনামলে গ্রেপ্তার হয়ে জেলে যাওয়া এবং তারও আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক কন্যার করুণ মৃত্যু মীর নাছিরকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ফলে অলি আহমদের মতো রাজনীতিতে নোমানের সঙ্গে দ্বন্দ্বে পিছিয়ে পড়েন মীর নাছির।তবে নোমান ও মীর নাছিরের এ দ্বন্দ্বের সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ধীরে ধীরে অবস্থান সুসংহত করেন। সর্বশেষ বিএনপি সরকারের শাসনামলে প্রথমে চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং পরে নগর বিএনপির আহ্বায়ক হওয়ার সুযোগে খসরু নগর বিএনপিতে শক্ত অবস্থান গড়ে তোলার সুযোগ পান। গত বছর নগর বিএনপির সম্মেলন গণ্ডগোলে পণ্ড হলেও পরবর্তীকালে কেন্দ্র থেকে নগর বিএনপির সভাপতি হিসেবে ঠিকই খসরুকে মনোনীত করা হয়। আর সাধারণ সম্পাদক করা হয় খসরুর মনোনীত প্রার্থী শাহাদাত হোসেনকে। ফলে কিছুটা বেকায়দায় পড়েন নোমান ও তাঁর অনুসারীরা। তবে নোমান অনুসারীদের সঙ্গে দলের তৃণমূল পর্যায়ের নেতা বলে পরিচিত মীর নাছির সমর্থক কিছু নেতাকে তাঁর পক্ষে আনতে সক্ষম হয়েছেন। এ শক্তি দিয়ে নোমান এখন খসরুর সঙ্গে সমান তালে নগর রাজনীতিতে প্রভাব বিস্তার করে চলেছেন বলে জানা গেছে।জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান নগর বিএনপির কোন্দল এবং তাঁর অনুসারীদের পাল্টা কমিটির গঠনের সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেন। স্বভাবসুলভ রাজনৈতিক ভঙ্গিতে গত শুক্রবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘কেউ কেউ পাল্টা কমিটি করছেন বলে আমি শুনেছি। তবে আমি এসবে নেই। কমিটি করলে সবাই মিলেমিশে করা উচিত।’আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘১৭১ সদস্যের নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আমরা ঈদের আগেই চূড়ান্ত করেছি। এটা এখন কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় আছে।’ এ কমিটিতে নোমান কিংবা তাঁর অনুসারীদের রাখা হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা জানান।তবে নোমানের অনুসারীরা মনে করেন খসরু ও শাহাদাত হোসেনের নেতৃত্বে যে কমিটি হয়েছে তাতে বিপক্ষ গ্রুপের কাউকে রাখা হয়নি। এ কারণে তাঁরা একটি পাল্টা কমিটি ঘোষণার প্রস্তুতি নিয়ে রেখেছেন।এ প্রসঙ্গে এ এম নাজিম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৭১ সদস্যের কমিটি চূড়ান্ত করে রেখেছি। তাঁরা (খসরুর অনুসারীরা) কমিটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমরাও নতুন কমিটি ঘোষণা দেব।’ নোমান ও মীর নাছিরের অনুসারীদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে নতুন কমিটি না করার কারণে এটা করা হচ্ছে বলে নাজিম জানান।