নোরা ফাতেহির পাঁচ পরামর্শ

রাত গভীর হলে নিকটে আসে ভোর। সেটা আবারও মনে করিয়ে দিয়েছেন নোরা ফাতেহি। নিশ্চয়ই তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বরং তাঁর ফ্যান হন আর না হন, পরামর্শগুলো মানা যেতেই পারে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাকি সাকি’, ‘দিলবার দিলবার’ প্রভৃতি সিনেমায় জনপ্রিয়তা পাওয়া নোরা ফাতেহিকে এই মুহূর্তে বলিউডের সেরা নাচিয়ে বললে বাড়াবাড়ি হবে না। অথচ তিনি নাকি কখনো প্রথাগত নাচই শেখেননি। স্কুলে থাকতে লুকিয়ে ইউটিউব দেখে নাচ শিখেছেন। সেই নোরার নাচ দেখে হতবাক কারিনা বলেন, তাঁর নাচ দেখে তিনি বুঝে উঠতেই পারেন না, এই মেয়েটা কীভাবে এত সুন্দর নাচে! ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। আপনি যদি তাঁদেরই একজন হন, তাহলে ইতিমধ্যেই নোরার দেওয়া লকডাউনে ভালো থাকার পাঁচ পরামর্শ জেনে গেছেন।  

অতিমারিকালের বয়স দেড় বছর ছাড়িয়েছে। ঘরবন্দী এই সময়ে মানসিকভাবে সুস্থ থাকা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন সময় ২৯ বছর বয়সী নোরা ফাতেহি জানালেন সুস্থ থাকার পাঁচ উপায়।

যা করতে হবে

* এই সময়টায় দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তাই দুশ্চিন্তা নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন নোরা। বরং সময়টাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে বলেছেন। ‘টেনশন’কে কিছুতেই ‘অ্যাটেনশন’ দেওয়া যাবে না।

* নোরা বলেছেন, এই সময় ফুরফুরে মেজাজে থাকার জন্য পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বিকল্প নেই। স্কুল, কলেজের বন্ধুদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ভিডিও কলে ফোন দিয়ে ‘আজাইরা প্যাঁচাল’ পাড়তে বলেছেন নোরা। এটা নাকি মনকে দেবে সুবাতাস। অনলাইনে তো আর সামাজিক দূরত্বের বালাই নেই। তাই নিশ্চিন্তে সেখানে দল বেঁধে আড্ডা দেওয়া যেতে পারে।

* শখের যত্ন নিতে বলেছেন নোরা। এই লকডাউনই শখ পূরণের সেরা সময়। শখের অংশ হিসেবে আপনি বারান্দাতেই করতে পারেন বাগান। সেই বাগানের একটা অংশ নিয়ে আসতে পারেন ঘরের ভেতরেও। বসে বসে সিনেমা দেখুন, গান শুনুন, বই পড়ুন, ডায়েরি নিয়ে লিখে ফেলুন মনের কথা, অথবা ক্যামেরা নিয়ে ক্লিক ক্লিক চলতে পারে ঘরের ভেতর, বারান্দা বা ছাদ থেকেই। আঁকিবুঁকি করতেও নেই কোনো না।

* দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। অনলাইনেই সেরে ফেলতে পারেন নাচ বা রান্নার কোর্স। শিখে ফেলতে পারেন সম্পাদনা। চাইলে আপনার প্রিয় বিশ্ববিদ্যালয় থেকে পছন্দের বিষয়ে মাস্টারক্লাসও করে ফেলতে পারেন। কিছুই ইচ্ছে না করলে মাকে রান্নায় সাহায্য করেন। আচার বা টুকিটাকি সেলাইও শিখে নিতে পারেন মা বা নানি–দাদির কাছ থেকে।

* এই সময় ঘরে থেকে মোটা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। সেটা নিয়ে ভাবতে স্রেফ মানা করে দিয়েছেন নোরা। বেশিক্ষণ গোমড়ামুখে না থেকে ইউটিউব থেকে মজার ভিডিও দেখতে সাজেশন দিয়েছেন। ঘুরে আসতে পারেন নোরার নিজের ইউটিউব চ্যানেল থেকেও।

এই পোস্টের ক্যাপশনে নোরা লিখেছেন, ‘এটা ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর মন খারাপের সময়। করোনা নিয়ে সারা দিন পড়াশোনা করবেন না। বরং নিজের মতো স্বচ্ছন্দে থাকুন; যা আপনাকে স্বস্তি দেয়, তা–ই করুন। শক্তিশালী আর ইতিবাচক থাকুন। আপনার সাহস থেকে অন্যকেও ভাগ দিন। যতই কঠিন সময় আসুক, ভেঙে পড়লে চলবে না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত নিকটে আসে।’

ছবি: নোরা ফাতেহীর ইনস্টগ্রাম হ্যান্ডল